
করপোরেট চাকরির ব্যস্ততা সামলেও সিনেমা বানানোর স্বপ্ন ছাড়েননি একদল তরুণ নির্মাতা। সেই স্বপ্ন থেকেই জন্ম নিয়েছিল ইউটিউবভিত্তিক প্ল্যাটফর্ম ফ্রেন্ডলি নেবারহুড ফিল্মমেকার্স (এফএনএফ)। এবার তাদের নির্মিত ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একসঙ্গে মুক্তি পেয়েছে ইউটিউবে।
গত বছর ৩০ মে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে প্রথমবার দর্শকের সামনে আসে এই ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। স্বল্প বাজেট ও সীমিত পরিসরে নির্মিত সিনেমাগুলো তখন দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়। সেই প্রদর্শনীর এক বছর পূর্তিতে এবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে সিনেমাগুলো।
গত ২৭ মে নিজেদের ফেসবুক পোস্টে এফএনএফ জানায়, তাদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো অনলাইনে মুক্তি দেওয়া হবে। একটি পোস্টে তারা লিখেছে, ‘পেটের খিদে মেটাতে কালাভুনা, মেজবানি আর রেজালা তো অনেক খেলেন, এবার নাহয় মনের খিদেটাও মেটানো যাক!’
বর্তমানে ফ্রেন্ডলি নেবারহুড ফিল্মমেকার্সের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ভিন্ন ভিন্ন ঘরানার এই সিনেমাগুলো হলো জাহিদুল হক অপুর ‘হুদাই মিস’, ইবনে নূর রাকিবের ‘হামাংকুলাস’, আদেল ইমাম অনুপের ‘সোলমেট’, শেখ কোরাশানীর ‘চা চাই’, আল-আমিন হাসান নির্ঝরের ‘তেলাপোকা’, মাহমুদা সুলতানা রীমার ‘লোক’, কনক খন্দকারের ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’, ফজলে রাব্বির ‘ফর সেল’, ইমতিয়াজ হোসেনের ‘অন দ্য কন্ট্রারি’এবং আবীর ফেরদৌস মুখরের ‘ইশপাইট’।
এফএনএফের পক্ষ থেকে নির্মাতা জাহিদুল হক বলেন, ‘এফএনএফ প্ল্যাটফর্মে প্রায় ২০ জন সদস্য আছেন। যাঁদের স্বপ্ন এক। এবার তাঁদের মধ্যে ১০ জন নির্মাণে যুক্ত হয়েছেন, অন্যরা ক্যামেরার সামনে ও পেছনে কাজ করেছেন। এটা ছিল আমাদের প্রথম সিজন। দ্বিতীয় সিজনে আরও নতুন নির্মাতাদের যুক্ত করার পরিকল্পনা আছে।’
প্ল্যাটফর্মটির আরেক সদস্য শেখ কোরাশানী বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল স্বল্প বাজেটের সিনেমা নির্মাণ করা। প্রথম সিজনে সেটা করতে পেরেছি। এই চর্চা আমরা চালিয়ে যেতে চাই। পাশাপাশি আরও পেশাদারভাবে কাজ করারও চেষ্টা থাকবে।’
নির্মাতাদের ভাষ্য, ইউটিউবে নিয়মিত দেখা যায় এমন কনটেন্টের বাইরে গিয়ে ভিন্ন ধরনের গল্প ও ঘরানার সিনেমা নির্মাণের চেষ্টা করেছেন তাঁরা। এর মধ্যে ‘লোক’ সিনেমাটি বাংলাদেশি লোকজ হরর ঘরানার। ইতিমধ্যে এটি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। অন্যদিকে ‘সোলমেট’ নির্মিত হয়েছে একটি জুতার দৃষ্টিকোণ থেকে।
‘হুদাই মিস’ সিনেমায় দেখা যাবে এক করপোরেট চাকরিজীবী ও জিনের অদ্ভুত গল্প। রোমান্টিক আবহে নির্মিত হয়েছে ‘ইশপাইট’। এ ছাড়া ‘প্রেশার কুকার’খ্যাত অভিনেতা রিজভী রিজু অভিনয় করেছেন ‘ফর সেল’ সিনেমায়। আর ‘রকস্টার’ সিনেমার গীতিকার ও কণ্ঠশিল্পী আহমেদ হাসান সানিকে দেখা যাবে ‘অন দ্য কন্ট্রারি’ সিনেমায়।
নির্মাতাদের আশা, এই উদ্যোগ নতুন নির্মাতাদের স্বল্প পরিসরেও গল্প বলার সাহস জোগাবে। ‘সিজন ওয়ান’ নাম থেকেই স্পষ্ট, এটি কেবল শুরু। খুব শিগগির দ্বিতীয় সিজনের ঘোষণাও আসতে পারে বলে জানিয়েছেন তাঁরা।