
এই সপ্তাহে ওটিটিতে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘ইউফোরিয়া ৩’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: এইচবিও
দিনক্ষণ: ১২ এপ্রিল
স্যাম লেভিনসনের সিরিজটি এইচবিওতে মুক্তির পর বিশ্বব্যাপী তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। চার বছর বিরতির পর আসছে সিরিজটির তৃতীয় ও শেষ কিস্তি। এবারের মৌসুমে দেখা যাবে পাঁচ বছর পর নতুন দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে চরিত্রগুলো। শেষ পর্যন্ত কী হবে? সিরিজটিতে অভিনয় করেছেন জেনডায়া, সিডনি সুইনি, হান্টার শেফার, জ্যাকব এলর্ডি। এবারের মৌসুমের প্রথম পর্ব মুক্তি পাবে ১২ এপ্রিল, বাকি সাত পর্ব আসবে আগামী ৩১ মে পর্যন্ত।
‘আনটোল্ড: চেজ মেটস’
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
২০২২ সালের সেপ্টেম্বরে সিনকুইফিল্ড কাপ চলাকালে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন দাবা গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন ও হান্স নিয়েম্যানকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। তৃতীয় রাউন্ডের ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার পর কার্লসেন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। তাঁর এই সরে দাঁড়ানো নিয়ে ব্যাপক বিতর্ক হয়। এই তথ্যচিত্রে আলোচিত সেই ঘটনার বিস্তারিত উঠে এসেছে। এটি পরিচালনা করেছেন থমাস ট্যাংক্রিড।
‘ও’রোমিও’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
হুসাইন জাইদির বই ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ অবলম্বনে রোমান্টিক অ্যাকশন থ্রিলার সিনেমাটি তৈরি করেছেন বিশাল ভরদ্বাজ। ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি এখন ওটিটিতে দেখা যাচ্ছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর, তৃপ্তি দিমরি, নানা পাটেকর, অবিনাশ তিওয়ারি।
‘আউটকাম’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
অতীতের একটি রহস্যময় ভিডিওর কারণে ব্ল্যাকমেলের শিকার হন রিফ হক। হুমকির মুখে পড়ে জনপ্রিয় এই হলিউড তারকার ক্যারিয়ার এবং ভাবমূর্তি; এরপর কী হয়, সেটা নিয়েই ব্ল্যাক কমেডি। জোনা হিল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন কিয়ানু রিভস, ম্যাট বোমার ও ক্যামেরন ডিয়াজ।