কারিনা কায়সার
কারিনা কায়সার

কারিনা কায়সার লাইফ সাপোর্টে, মেয়ের জন্য দোয়া চেয়েছেন কায়সার হামিদ

কয়েক দিন ধরেই ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অসুস্থতা নিয়ে আলোচনা চলছিল। শোনা যাচ্ছিল, লিভার–সংক্রান্ত জটিলতায় তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। খবরটি আজ শনিবার দুপুরে প্রথম আলোকে নিশ্চিত করেন তাঁর বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। তিনি জানান, কারিনার অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

বাবা কায়সার হামিদের সঙ্গে কারিনা

কায়সার হামিদ প্রথম আলোকে বলেন, ‘অবস্থা খুব একটা ভালো নয়। ওর আগে একটু ফ্যাটি লিভার ছিল, কিন্তু অবহেলা করেছে, ওষুধ ঠিকমতো খায়নি। তো হঠাৎ ইনফেকশন হয়ে গেছে, এর মধ্যে আবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, গতকাল লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে।’
সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, ‘সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।