ওটিটিতে এ সপ্তাহে কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
মুক্তি পেয়েছে ‘অসুর ২’
আইএমডিবি

অসুর ২
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিও সিনেমা
দিনক্ষণ: চলমান
২০২০ সালে মুক্তির পর ব্যাপকভাবে জনপ্রিয় হয় অসুর। তিন বছর পর গত ৩১ মে রাতে মুক্তি পেয়েছে থ্রিলার সিরিজটির দ্বিতীয় সিজনের প্রথম দুই পর্ব। আজ থেকে আগামী ছয় দিন বাকি ছয় পর্ব মুক্তি পাবে। অনি সেন পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন আরশাদ ওয়ার্সি, বরুণ শক্তি, ঋদ্ধি ডগরা।

সত্য ঘটনা থেকে নির্মিত হয়েছে ‘স্কুপ’

স্কুপ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ২ জুন
সত্য ঘটনা নিয়ে লেখা জিগনা বোবার বই থেকে নির্মিত সিরিজটি বানিয়েছেন হংসল মেহতা। মুম্বাইয়ের এক অনুসন্ধানী সাংবাদিকের মৃত্যুকে ঘিরে এগিয়েছে গল্প। প্রধান চরিত্রে অভিনয় করেছেন কারিশমা তান্না। অন্যান্য চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি, তন্নিষ্ঠা চ্যাটার্জি।

হত্যাপুরী
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: ২ জুন

‘হত্যাপুরী’ এবার ওটিটিতে

জুনের গরম থেকে বাঁচতে সমুদ্রশহর পুরীতে হাজির হয় ফেলুদা, তোপসে ও জটায়ু। কিন্তু ওডিশা এসেও শান্তি নেই, খুনের তদন্তে জড়িয়ে যান ফেলুদা। সত্যজিৎ রায়ের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি করেছেন সন্দীপ রায়। ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। অন্যান্য ভূমিকায় আয়ুষ রায় ও অভিজিৎ গুহ। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আগেই, এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘হত্যাপুরী’।

ডেডলক
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ২ জুন

ক্রাইম, কমেডি ঘরানার অস্ট্রেলিয়ান সিরিজ ‘ডেডলক’

তাসমানিয়ার ডেডলক শহরের স্থানীয় উৎসবে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। তদন্তে নামে পুলিশ। এরপর কী হয় তাই নিয়ে ক্রাইম, কমেডি ঘরানার অস্ট্রেলিয়ান সিরিজ। সিরিজটির ক্রিয়েটর কেট ম্যাকার্টনি ও কেন ম্যাকলেনান। অভিনয় করেছেন কেট বক্স, ম্যাডেলিন সামি।

খাবার নিয়ে নতুন শো ‘সার্চিং ফর সৌল ফুড’

সার্চিং ফর সৌল ফুড
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: হুলু
দিনক্ষণ: ২ জুন
জনপ্রিয় শেফ অ্যালিসা রেনল্ড বের হন খাবারের খোঁজে। খাবারের সঙ্গে তুলে আনেন স্থানীয় সংস্কৃতি, রীতিনীতিসহ নানা প্রসঙ্গ। প্রথম সিজনের পর্বগুলো ধারণ করা হয়েছে মিসিসিপি, ওকলাহোমা, দক্ষিণ আফ্রিকা, ইতালি, জ্যামাইকা, পেরুসহ বিভিন্ন জায়গায়।

ম্যাজিক মাইকস লাস্ট ড্যান্স
ধরন: সিনেমা
স্ট্রিমিং: এইচবিও
দিনক্ষণ: ২ জুন

‘ম্যাজিক মাইকস লাস্ট ড্যান্স’ সিনেমার পোস্টার

ম্যাজিক মাইক সিনেমা ট্রিলজির শেষ কিস্তি। কমেডি-ড্রামা ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ফেব্রুয়ারিতে, এবার ওটিটিতে দেখা যাবে। স্টিভেন সোল্ডারবার্গ পরিচালিত ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সালমা হায়েক ও চ্যানিং ট্যাটুম।