ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এসেছে বেশ কিছু নতুন কনটেন্ট। তার মধ্যে অন্যতম হলো ‘হুমায়ূন ১০১’! আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, হুমায়ূন আহমেদের ১০১টি নাটক, টেলিফিল্ম ও সিনেমা নিয়ে সাজানো হয়েছে ‘হুমায়ূন ১০১’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলত এটি হুমায়ূন আহমেদের ভিজ্যুয়াল নির্মাণের প্লে লিস্ট। যেখানে একক নাটক যেমন রয়েছে, তেমনি আছে ‘আজ রবিবার’–এর মতো সিরিয়াল। হুমায়ূন আহমেদ নির্মিত সব সিনেমাও দেখতে পারবেন ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন-এর এই প্লে লিস্টে। ঈদের আগের রাত থেকে দর্শক ‘হুমায়ূন ১০১’ প্লে লিস্টটি আইস্ক্রিনে দেখতে পারছেন।
‘হুমায়ূন ১০১’ ছাড়াও ঈদের আকর্ষণ হিসেবে আইস্ক্রিনে আসছে বেশ কিছু নতুন কনটেন্ট। এর মধ্যে আছে তিনটি নতুন সিনেমা। ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’, ‘পায়ের ছাপ’ ও ‘মায়া’ নামের তিনটি সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে খুব শিগগির দেখতে পারবেন দর্শক। কাল মঙ্গলবার বেলা তিনটায় এই প্ল্যাটফর্মে দর্শক দেখতে পারবেন ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।
মুহাম্মদ কাইউম পরিচালিত কলকাতাজয়ী প্রশংসিত এই ছবি গেল বছর বাংলাদেশে মুক্তি পায়। ডিসেম্বরে ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘সেরা ছবি’র পুরস্কার জিতে আলোচনায় আসে ছবিটি। সেই সঙ্গে সমালোচকদের প্রশংসাও কুড়ায়। পরে দেশ–বিদেশের বিভিন্ন চলচ্চিত্র সংগঠনের উদ্যোগে হয়েছে বেশ কিছু প্রদর্শনীও। হাওর অঞ্চলের একদল মানুষের সহজ-সরল ও একই সঙ্গে কঠিন সংগ্রামের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। ছবির সিনেমাটোগ্রাফি মুগ্ধ করেছে দর্শক-সমালোচকদের। ছবিতে জয়িতা মহলানবিশ ও উজ্জ্বল কবির হিমু প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া অভিনয় করেছেন সামিয়া আক্তার বৃষ্টি, সুমি ইসলাম, বাদল শহীদ, মাহমুদ আলম, আবুল কালাম আজাদ প্রমুখ।