
হুট করেই আজ দুপুরে সংবাদ সম্মেলন ডাকেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেখানেই কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। দেশের অনেক ক্রিকেট ভক্তের মতো বিনোদন তারকারাও মেনে নিতে পারছেন না তাঁর অবসরের ঘোষণা। সামনে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। তার আগে ওয়ানডে অধিনায়কের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন সবাই।
ঢাকাই ছবির তারকা পরীমনি তামিমের অবসর ঘোষণার সংবাদ সম্মেলনের ভিডিও ক্লিপ শেয়ার করে লিখেছেন, ‘ভাই!’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসা ও দুঃখের ইমোজি।
নায়িকা পূজা চেরি ফেসবুকে তামিমকে নিয়ে দীর্ঘ পোস্ট করেছেন। পূজা লিখেছেন, ‘বাংলাদেশের সর্বকালের সেরা ড্যাশিং ওপেনার নিঃসন্দেহে তামিম ইকবাল ভাই। বিশ্বকাপের আগমুহূর্তে তামিম ভাইয়ের এমন বিদায় সত্যি মেনে নেওয়া কঠিন। এই মুহূর্তে তামিম ইকবাল ভাইয়ের বিদায় বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃসংবাদ। একজন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের গর্ব। যত দিন ক্রিকেট থাকবে তত দিন ক্রিকেটপাগল বাঙালি আপনাকে মনে রাখবে। ভালো থাকবেন প্রিয় তামিম ইকবাল ভাই।’
কী কারণে এই অবসরের ঘোষণা সংবাদ সম্মেলনে, তা সুনির্দিষ্টভাবে বলেননি তামিম। তবে যা–ই হোক না কেন, সবকিছু একপাশে রেখে দেশের স্বার্থে তামিমকে তাঁর সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এমন ঘোষণা আমি, আমরা চাই না। মানি না। আপনি এমনটা করতে পারেন তামিম ইকবাল! দেশের জন্য হলেও এই ঘোষণা পরিবর্তন করুন।’
ফেসবুকে চিত্রনায়ক সিয়াম আহমেদ লিখেছেন, ‘আপনার ফর্ম নিয়ে সমালোচনা হয়েছে, ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা হয়েছে। এসব তো জীবনেরই অংশ। কিন্তু আপনার এমন বিদায় আমরা দেখতে চাইনি। আমরা চেয়েছিলাম আপনি মাঠ থেকে বিদায় নেবেন, হাসিমুখে। এমন অশ্রুসিক্ত প্রেস কনফারেন্সের বিদায় আমাদের খারাপ লেগেছে।’ এই চিত্রনায়ক চান তামিম আবারও ফিরে আসুক বাংলাদেশের ক্রিকেটে, সেটি যেকোনো পরিচয়েই। তিনি মনে করেন এই দেশকে আরও অনেক কিছু দেওয়ার আছে তামিম ইকবালের।
অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, ‘এমন সময়ে তামিম ইকবালের অবসরের সিদ্ধান্তটা কি ঠিক হলো? সামনে বড় বড় দুটি টুর্নামেন্ট! কে সামলাবে ওপেনিং।
বিশেষ করে দলে যে এর বাজে প্রভাব পড়বে, সেটা থেকে বেরিয়ে আমাদের ক্রিকেটাররা কতটুকু ভালো খেলতে পারবে, সে বিষয়ে আমি সন্দিহান। তারপরও তামিমের সিদ্ধান্তকে আমি সম্মান করি। সে–ও রক্তমাংসের মানুষ। বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান সব সময় মনে থাকবে তামিম ইকবাল। আপনার ভবিষ্যৎ জীবন আনন্দের ও সুন্দর হোক।’
অভিনেত্রী জাহারা মিতু লিখেছেন, ‘এই তো কিছুদিন আগেও সবাই যখন বলত প্রিয় ক্রিকেটার কে? তখন বলতাম, “প্রিয় তো সবাই। কিন্তু চট্টগ্রামের বলে তামিম ইকবালকে সব থেকে বেশি ভালো লাগে।”
একপর্যায়ে তাঁর অফফর্মের জন্য মন বিষণ্ন হলো। তার থেকে বেশি বিষণ্ন হলো আজকে। কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম ইকবাল খান। সব সমালোচনা সহ্য করে, ঠান্ডা মাথায়, শেষটা আরও সুন্দর হতে পারত।’