‘দ্য কামব্যাক লাইভ: আরিরাং’ কনসার্টে গাইছে বিটিএস। এএফপি
‘দ্য কামব্যাক লাইভ: আরিরাং’ কনসার্টে গাইছে বিটিএস। এএফপি

১ দিনে ৪ লাখ কপি বিক্রি! ফিরেই ঝড় তুলল বিটিএস

চার বছরের অপেক্ষা। সামরিক দায়িত্ব শেষে একসঙ্গে ফিরে আসা। আর তারপরই রেকর্ডের পর রেকর্ড ভাঙা—এ যেন সংগীত ইতিহাসেরই নতুন অধ্যায়। কে-পপ সুপারগ্রুপ বিটিএস তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ দিয়ে প্রমাণ করে দিল, জনপ্রিয়তার শিখরে থাকার জন্য বিরতি কখনোই বাধা নয়, বরং তা হতে পারে আরও বড় প্রত্যাবর্তনের প্রস্তুতি।

প্রথম দিনেই প্রায় ৪ মিলিয়ন: এক নজিরবিহীন রেকর্ড
অ্যালবামটি মুক্তির প্রথম দিনেই বিক্রি হয়েছে প্রায় ৩ দশমিক ৯৮ মিলিয়ন কপি, যা কে-পপ ইতিহাসে এক নতুন মানদণ্ড। শুধু তা–ই নয়, এটি ভেঙে দিয়েছে নিজেদের আগের রেকর্ড, যেখানে ‘ম্যাপ অব দ্য সিওল: ৭’ প্রথম সপ্তাহে বিক্রি হয়েছিল ৩ দশমিক ৩৭ মিলিয়ন কপি। এই সাফল্য শুধু সংখ্যার দিক থেকে নয়, বরং একটি বার্তা-বিটিএস এখনো বিশ্বসংগীতের সবচেয়ে প্রভাবশালী শক্তিগুলোর একটি।

‘সুইম’-এর ঝড়: ৯০টি দেশে শীর্ষে
অ্যালবামের প্রধান গান ‘সুইফম’ যেন মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে ঝড় তুলেছে। ৯০টি দেশে আইটিউনস টপ সংস চার্টের শীর্ষে রয়েছে এটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ফ্রান্স—সব বড় বাজারেই এক নম্বর।

দক্ষিণ কোরিয়ার চার্টেও দ্রুত শীর্ষস্থান দখল করেছে গানটি। একই সঙ্গে গানটির মিউজিক ভিডিও ৭০টির বেশি দেশে ট্রেন্ডিংয়ে এক নম্বরে উঠে আসে, যা প্রমাণ করে বিটিএসের ভিজ্যুয়াল ও পারফরম্যান্স শক্তি এখনো অপ্রতিরোধ্য।

‘দ্য কামব্যাক লাইভ: আরিরাং’ কনসার্টে গাইছে বিটিএস। এএফপি

‘আরিরাং’: শিকড়, পরিচয় আর নতুন সাউন্ডের মেলবন্ধন
‘আরিরাং’ নামটি এসেছে কোরিয়ার ঐতিহ্যবাহী লোকগান ‘আরিরাং’ থেকে, যা বিচ্ছেদ, আকাঙ্ক্ষা ও আবেগের প্রতীক। এই অ্যালবামে বিটিএস তাদের কোরিয়ান পরিচয়কে নতুনভাবে তুলে ধরেছে, একই সঙ্গে যুক্ত করেছে আধুনিক সাউন্ড, বিভিন্ন ঘরানার মিশ্রণ। প্রযোজক বাং সি-হেউকের তত্ত্বাবধানে তৈরি এই অ্যালবাম যেন একদিকে অতীতের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ঘোষণা।

‘দ্য কামব্যাক লাইভ: আরিরাং’ কনসার্টে ভক্তরা। এএফপি

গ্লোবাল ফেনোমেনন: চার্ট দখলে ৮৮ দেশ
অ্যালবামটি আইটিউনসের টপ অ্যালবামস চার্টে ৮৮টি দেশে শীর্ষে উঠে এসেছে। ইতালি, মেক্সিকো, সুইডেন—সব জায়গাতেই সমান জনপ্রিয়তা দেখিয়েছে বিটিএস। এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে তাদের বিশাল ভক্তগোষ্ঠী, বিটিএস আর্মি, যারা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে এবং প্রতিটি নতুন গান মুক্তিকে উৎসবে পরিণত করে।

ঐতিহাসিক কনসার্ট: সিউল থেকে বিশ্বমঞ্চ
এই প্রত্যাবর্তনকে আরও বিশেষ করে তুলেছে তাদের ‘দ্য কামব্যাক লাইভ: আরিরাং’ কনসার্ট। সিউলের গোয়াংহোয়ামুন স্কয়ারে অনুষ্ঠিত এই ওপেন-এয়ার শোটি চার বছর পর তাদের প্রথম পূর্ণাঙ্গ পারফরম্যান্স। বিশ্বব্যাপী দর্শকদের জন্য এটি সরাসরি সম্প্রচার করছে নেটফ্লিক্স, যা এই প্ল্যাটফর্মের ইতিহাসে সবচেয়ে বড় লাইভ মিউজিক ইভেন্টগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে