তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা এবার ৯০ বছর বয়সে প্রথমবারের মতো জিতলেন গ্র্যামি অ্যাওয়ার্ড। তাঁর স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অব হিস হলিনেস অব দ্য দালাই লামা’র জন্য এ পুরস্কার পান তিনি। আজ সকালে লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিনায় বসেছিল গ্র্যামির ৬৮তম আসর। সেখানেই এ পুরস্কার পান দালাই লামা।
এই অ্যালবামটি সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে পুরস্কার পেয়েছে। এই বিভাগে দালাই লামার প্রতিদ্বন্দ্বী ছিলেন কেথি গারভার, ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন ও ফ্যাব মরভান।
দালাই লামার প্রকল্পটিতে সহযোগিতা করেছেন সারোদ বাদক আমজাদ আলী খান এবং তাঁর ছেলে আমান আলী ব্যাঙ্গাশ ও আয়ান আলী ব্যাঙ্গাশ। এই অ্যালবামের বৃক্ততায় দালাই লামা ভারতীয় ধ্রুপদি সংগীত মিশিয়ে শান্তি, সহমর্মিতা, দয়া, আশা ও পরিবেশ সচেতনতার বার্তা ফুটিয়ে তুলেছেন।
গ্র্যামি নিয়ে দালাই লামা বলেছেন, তিনি এই সম্মান ‘কৃতজ্ঞতা ও বিনয়সহ’ গ্রহণ করছেন এবং এটিকে ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না। তিনি বলেন, ‘এটি বিশ্বব্যাপী শান্তি, সহমর্মিতা, মানব ঐক্য এবং পরিবেশের দায়িত্বের স্বীকৃতি।’
দালাই লামার অফিস জানিয়েছে, অ্যালবামটি তাঁর বিভিন্ন বক্তৃতা থেকে নেওয়া শিক্ষা, যেখানে মানুষের কল্যাণ ও পৃথিবীর সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। গ্লাসনোট রেকর্ডসের সহযোগিতায় এ অ্যালবামটি বিশ্বব্যাপী বিভিন্ন শিল্পীর সঙ্গে তৈরি করা হয়েছে।
এই প্রকল্পে কাজ করা আমজাদ আলী খান জানিয়েছেন, ‘এটি দালাই লামার শিক্ষার প্রেরণায় তৈরি একটি গভীর ব্যক্তিগত প্রকল্প। শান্তি ও আশা মিশিয়ে নতুন একধরনের চিন্তাশীল সংগীতের অভিজ্ঞতা তৈরি করা হয়েছে, যা আমার কাছে এক বিরাট সম্মান।’
এপি অবলম্বনে