স্ট্রে কিডস
স্ট্রে কিডস

স্ট্রে কিডস কি গ্র্যামিতে গান পাঠাবে

কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস আগামী বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডে নিজেদের গান জমা দেবে কি না, তা এখনো জানায়নি।

যুক্তরাষ্ট্রের সংগীতাঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের নতুন বিভাগ ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ নিয়েও কোনো স্পষ্ট মন্তব্য করেনি গ্রুপটি।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নিজেদের দশম ইপি (মিনি অ্যালবাম) ‘দিস অ্যান্ড দ্যাট’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন স্ট্রে কিডসের সদস্যরা। তাঁরা জানান, কোনো পুরস্কারের চেয়ে সংগীতকেই বেশি গুরুত্ব দেন তাঁরা।

স্ট্রে কিডসের সদস্য সুংমিন বলেন, ‘কোনো নির্দিষ্ট পুরস্কার বা রেকর্ড পাওয়ার লক্ষ্য নিয়ে আমরা কখনো অ্যালবাম তৈরি করিনি। আমরা যে সংগীত ভালোবাসি বা যে ধরনের পরিবেশনা করতে চাই, তা বাইরের মানুষের প্রত্যাশা থেকে আসে না। বরং মঞ্চ তৈরি করা বা গানের কথা লেখার সময় আমাদের নিজেদের অনুভূতি থেকেই আসে।’

গ্র্যামির নতুন এশিয়ান পপ বিভাগে অংশ নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সুংমিন বলেন, ‘কে-পপকে সারা বিশ্বের মানুষ এত ভালোবাসছে, এ জন্য আমি কৃতজ্ঞ। এর মাধ্যমে আবারও বুঝতে পারি, সংগীত কতটা শক্তিশালী।’

স্ট্রে কিডসের আরেক সদস্য হিউনজিনও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, ‘স্ট্রে কিডস হিসেবে আমাদের পুরো যাত্রায় কোনো নির্দিষ্ট পুরস্কার বা অর্জনকে লক্ষ্য করে অ্যালবাম প্রকাশ করিনি।’

৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে গত ৭ জুলাই। আবেদন শেষ হবে ২১ আগস্ট। মনোনয়ন ঘোষণা করা হবে ১৬ নভেম্বর। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

স্ট্রে কিডসের সংস্থা জেওয়াইপি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, গ্র্যামিতে গান জমা দেওয়ার বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না।

গ্র্যামির নতুন ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগ নিয়ে সংগীতাঙ্গনে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। কেউ মনে করছেন, নতুন এই বিভাগ এশিয়ার শিল্পীদের আরও স্বীকৃতি দেবে। আবার কারও মতে, এর মাধ্যমে এশিয়ান শিল্পীরা মূল প্রতিযোগিতা থেকে আলাদা হয়ে যেতে পারেন।

এর আগে কোরিয়ান ব্যান্ড বিটিএস জানিয়েছিল, তারা আগামী গ্র্যামির জন্য কোনো গান জমা দেবে না। দলটির ভাষ্য ছিল, তারা চায় সংগীতকে অঞ্চল বা ভাষার সীমার মধ্যে না রেখে তার নিজস্ব গুণের জন্য মূল্যায়ন করা হোক।

সংগীত সমালোচক লিম হি ইউন মনে করেন, স্ট্রে কিডস শেষ পর্যন্ত গ্র্যামিতে অংশ নিলে ‘দিস অ্যান্ড দ্যাট’ অ্যালবাম থেকে গান পাঠানোর সম্ভাবনা কম। কারণ, অ্যালবামটি প্রকাশ হয়েছে জমা দেওয়ার সময়সীমার কাছাকাছি সময়ে। ফলে বিচারকদের মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় পাওয়া কঠিন হতে পারে। তাঁর মতে, এর আগে প্রকাশিত কোনো জনপ্রিয় গান জমা দিলে স্ট্রে কিডস বেশি সুবিধা পেতে পারে।

কোরিয়া হেরাল্ড অবলম্বনে