সূফী ম্যাভরিক
সূফী ম্যাভরিক

সূফী আরবোভাইরাসে ফিরেছেন?

রক ব্যান্ড আরবোভাইরাসে ব্যান্ডটির সাবেক মূল গায়ক সূফী ম্যাভরিকের ফেরার খবর ছড়িয়েছে ফেসবুকে। আজ বুধবার সকালে আরবোভাইরাসের ফেসবুক পেজে জানানো হয়, ব্যান্ডে ফিরেছেন সূফী।
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে ব্যান্ডটির গিটারিস্ট সুহার্তো শেরিফ আজ দুপুরে মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, সূফী আরবোভাইরাসে ফিরছেন না; পেজটি হ্যাক করে কে বা কারা ঘোষণাটি দিয়েছেন। পেজ উদ্ধারে কাজ চলছে।

সুহার্তো শেরিফ পেজ হ্যাক হওয়ার কথা বললেও সূফী ম্যাভরিক আজ বিকেলে প্রথম আলোকে জানান, তিনি আরবোভাইরাসে ফিরছেন। শিগগিরই বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। সুহার্তো শেরিফ ও সূফীর পরস্পরবিরোধী বক্তব্যের মধ্য দিয়ে তাঁদের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে।

মাস ছয়েক আগে আরবোভাইরাসের সঙ্গে দেড় যুগের পথচলায় ইতি টানেন সূফী ম্যাভরিক। ২০০১ সালে আরবোভাইরাস গঠিত হওয়ার পর ২০০২ সালে ব্যান্ডে যোগ দিয়েছিলেন সূফী। মতপার্থক্যের জেরে গত বছরের সেপ্টেম্বরে ব্যান্ড ছাড়ার ঘোষণা দেন তিনি।

সূফী আরবোভাইরাস ছাড়ার পর নতুন গায়ক নিয়েছে ব্যান্ডটি, একটি গানও প্রকাশ করেছে। আরেক গানের কাজ চলছে। একাধিক কনসার্টেও পাওয়া গেছে ব্যান্ডটিকে।
গত শুক্রবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘রক অ্যান্ড রিদম ৩.০; ট্রিবিউট ফিয়েস্তা’ কনসার্টেও গান পরিবেশন করেছে আরবোভাইরাস। পরিবেশনার অংশ হিসেবে গিটার ভেঙে আলোচিত হয়েছে ব্যান্ডটি।