মাইকেল জ্যাকসন ও ড্রেক। কোলাজ
মাইকেল জ্যাকসন ও ড্রেক। কোলাজ

মাইকেল জ্যাকসনকে পেছনে ফেললেন ড্রেক, গড়লেন নতুন রেকর্ড

র‍্যাপসংগীতের ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন ডেক। তাঁর নতুন গান ‘জেনিস এসটিএফইউ’ বিলবোর্ড হট ১০০–এর শীর্ষে ওঠার মধ্য দিয়ে তিনি ভেঙে দিলেন মাইকেল জ্যাকসনের দীর্ঘদিনের রেকর্ড। একক পুরুষ শিল্পী হিসেবে বিলবোর্ড হট ১০০–তে সবচেয়ে বেশি নাম্বার ওয়ান গানের মালিক এখন ড্রেক।

এ অর্জনের ফলে ড্রেকের মোট নাম্বার ওয়ান গান ১৪টি। এ ক্ষেত্রে তিনি এখন সমতায় আছেন রিয়ানা ও টেইলর সুইফটের সঙ্গে। তাঁদের ওপরে আছেন শুধু মারায়া ক্যারি, যাঁর ঝুলিতে ১৯টি নাম্বার ওয়ান গান, আর দ্য বিটলসের রয়েছে ২০টি গান।

শুধু এটুকুই নয়, একই সপ্তাহে বিলবোর্ড হট ১০০–তে সবচেয়ে বেশি গান প্রবেশ করানোর রেকর্ডও নিজের করে নিয়েছেন ড্রেক। এক সপ্তাহে তাঁর ৪২টি গান চার্টে জায়গা পেয়েছে। এর আগে এই রেকর্ড ছিল মারগান ওয়ালেনের, যাঁর ৩৭টি গান একসঙ্গে চার্টে উঠেছিল। ড্রেকের আগের ব্যক্তিগত রেকর্ড ছিল ২০১৮ সালে, তখন তাঁর ২৭টি গান চার্টে এসেছিল।

কানাডীয় র‍্যাপার ড্রেক। রয়টার্স

এ সপ্তাহের টপ ১০–এও একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন ড্রেক। শীর্ষ দশের নয়টি স্থানই দখল করেছেন তিনি। শুধু পঞ্চম স্থানে রয়েছে এলা ল্যাংলির গান ‘চুজ ইন টেক্সাস’। এর মাধ্যমে ড্রেকের ক্যারিয়ারে বিলবোর্ড হট ১০০–এর টপ ১০–এ ওঠা গানের সংখ্যা দাঁড়িয়েছে ৯০–এ। পাশাপাশি তিনিই প্রথম শিল্পী, যাঁর ৪০০–এর বেশি গান বিলবোর্ড হট ১০০–তে জায়গা পেয়েছে।

সম্প্রতি মুক্তি পাওয়া ডেকের তিনটি অ্যালবাম—‘আইসম্যান’, ‘মেড অব অনার’ ও ‘হাবিটি’ এই সাফল্যের মূল চালিকা শক্তি। ১৫ মে প্রকাশিত অ্যালবাম তিনটি নিয়েই সংগীতজগতে তৈরি হয়েছে তুমুল আলোড়ন।

এর মধ্যে ‘আইসম্যান’ বিলবোর্ড ২০০ অ্যালবাম চার্টে এক নম্বরে উঠে এসেছে ৪ লাখ ৬৩ হাজার সমমানের অ্যালবাম ইউনিট বিক্রি নিয়ে। এটি ড্রেকের ক্যারিয়ারের ১৫তম নাম্বার ওয়ান অ্যালবাম। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন জে–জেডকে। একই সঙ্গে একক শিল্পী হিসেবে সবচেয়ে বেশি নাম্বার ওয়ান অ্যালবামের ক্ষেত্রে টেইলর সুইফটের সঙ্গেও সমতায় পৌঁছেছেন ড্রেক।