জুবিন
জুবিন

মৃত্যুর আগে জুবিনকে যে ভয় তাড়িয়ে বেড়াত

মৃত্যুর আগে সময়কেই সবচেয়ে বেশি ভয় পেতেন আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ—এমনটাই জানিয়েছেন তাঁর স্ত্রী গারিমা গার্গ। শিল্পীর মৃত্যুর কয়েক মাস পর সম্প্রতি এক অনুষ্ঠানে জুবিনের জীবনের শেষ দিকের ভাবনা ও মানসিক অবস্থার কথা তুলে ধরেন তিনি।

জুবিনের সঙ্গে গারিমা

সম্প্রতি ‘পঞ্চায়েত আজতক আসাম’ নামের এক আলোচনায় গারিমা গার্গ বলেন, জীবনের শেষ কয়েক বছরে জুবিন প্রায়ই সময় নিয়ে কথা বলতেন। তাঁর ভাষায়, জুবিন বলতেন—যদি কোনো কিছুকে তিনি সত্যিই ভয় পান, সেটি হলো সময়। সময় কত দ্রুত চলে যায়, সেটি তাঁকে ভাবিয়ে তুলত।

গারিমা বলেন, তখন তিনি বিষয়টির গভীরতা পুরোপুরি বুঝতে পারেননি। তবে এখন মনে হয়, একের পর এক ব্যক্তিগত শোকের অভিজ্ঞতা হয়তো জুবিনের মনে এমন অনুভূতি তৈরি করেছিল। অল্প সময়ের ব্যবধানে তিনি তাঁর মা, বোন ও ঘনিষ্ঠ এক বন্ধুকে হারান। এসব ঘটনা তাঁকে মানসিকভাবে গভীরভাবে নাড়া দিয়েছিল।
গারিমার ধারণা, এতজন কাছের মানুষকে হারানোর অভিজ্ঞতা জুবিনকে জীবনের অনিশ্চয়তা এবং সময়ের মূল্য নিয়ে আরও বেশি ভাবতে বাধ্য করেছিল।
জুবিন গার্গ ও গারিমা শাইকিয়া গার্গের বিয়ে হয় ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি। দুই দশকের বেশি সময় ধরে তাঁদের দাম্পত্য জীবন ছিল।

জুবিন গার্গ

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান জুবিন গার্গ। উত্তর-পূর্ব ভারত উৎসবের সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সেখানে গিয়েছিলেন তিনি। প্রথম দিকে স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করলেও পরে বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দেয়।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরে বলেন, জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা না–ও হতে পারে। এরপর ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করে আসাম সরকার। মামলায় ষড়যন্ত্র, অবহেলার কারণে মৃত্যুসহ বিভিন্ন ধারায় তদন্ত চলছে।


এনডিটিভি অবলম্বনে