‘মনডা কয় নাহুবো নাহুবো (ইংকাকে)’-হাজং ভাষার লাইনটার বাংলা অর্থ হলো ‘মন বলে হবে না হবে না (এইভাবে)...।’
মনের কথা এভাবে সরাসরিই বলে দিয়েছেন শিল্পী অনিমেষ রায়। কোক স্টুডিও বাংলা দ্বিতীয় মৌসুমের তৃতীয় গান ‘নাহুবো’তে তিনি প্রতিটি মানুষের নিজের মতো বাঁচার যে ইচ্ছা আছে, তা-ই বলেছেন স্বতঃস্ফূর্তভাবে। গত ১৮ মার্চ কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি।
‘নিজের অস্তিত্ব নিয়ে বেঁচে থাকার গান এই নাহুবো’—এমনটাই জানান গানটির গীতিকার ও কণ্ঠশিল্পী অনিমেষ রায়। গানটির ভাবনার শুরুটা কীভাবে? জানতে চেয়েছিলাম অনিমেষ রায়ের কাছে। অনিমেষ বলেন, ‘নাহুবো আসলে মানুষের আত্মমর্যাদার গান। অন্য কারও ভালো লাগার জন্য নিজস্বতা হারিয়ে প্রতিনিয়ত অভিনয় করে যায় মানুষ। একসময় সে আর অভিনয় করতে পারে না। মানুষ তার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে না। আমি নিজের মতো করে বাঁচতে চাই, এই মর্মই তুলে ধরা হয়েছে গানটিতে। “নাহুবো” লিখে ভেবেছিলাম, আমার হাজং সম্প্রদায়ের ছোট ভাইবোনরা এই গানের ভিডিওতে নাচবে আর আমি গাইব। এমন পরিকল্পনা থেকে সায়ন্তন মাংসিংকে দেখাই গানটি।’
‘অনিমেষ যখন গান লিখে তাঁর পরিকল্পনার কথা আমার সঙ্গে ভাগাভাগি করল, গানটি আমি শিল্পী শায়ান চৌধুরী অর্ণবের কাছে পৌঁছালে তিনি জানান, এটা কোক স্টুডিও বাংলার গান হবে,’ বললেন নাহুবো গানের সুরকার ও সংগীত প্রযোজক সায়ন্তন মাংসিং। সায়ন্তন আরও বলেন, ‘কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমের প্রথম গানের পরই অনিমেষের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়। গান নিয়ে আমাদের নানা পরিকল্পনা, আড্ডা হয়ে থাকে। নাহুবো গান লেখার পর যখন অনিমেষ আমার কাছে নিয়ে আসে, গানের লাইনগুলো পড়েই আমার ভালো লেগে যায়। এটা আমাদের কৃষ্টি-সংস্কৃতির গান, ব্যক্তির আত্মমর্যাদাবোধের গান।’
অনিমেষ রায়ের গানের সঙ্গে র্যাপ সংযোজন করার ভাবনা কাজ করে কোক স্টুডিও বাংলার আয়োজক সংগীতশিল্পী অর্ণবের মাথায়। যে-ই ভাবা, সে-ই কাজ। শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে র্যাপ সংগীতশিল্পীর খোঁজ। তখন সন্ধান মেলে কক্সবাজারের র্যাপশিল্পী সোহানা রহমানের। যাঁকে ‘ডটার অব কোস্টাল’ আখ্যা দিয়েছে কোক স্টুডিও কর্তৃপক্ষ।
নাহুবো গানটিতে হাজং ও উপকূলীয় সংস্কৃতির সমন্বয় ঘটানো হয়েছে। র্যাপ অংশটুকু রচনা করেছেন সোহানা। সোহানার ভাষ্যমতে, কোনো কিছু পেতে হলে একটা ত্যাগের মধ্য দিয়ে যেতে হয়। যেমনটা তিনি গিয়েছেন।
তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষা আর নাহুবো গানের কাজ চলেছে একই সময়ে। পরীক্ষার মধ্যেই গানটি করেন তিনি। এতে কোনো আফসোস নেই সোহানার মনে। সোহানা বলেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ আর নাহুবো গান—দুটিই একসঙ্গে করেছি। দুটিতেই ভালো করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়েছে। গানের ফলাফল দর্শক-শ্রোতারাই ভালো বলতে পারবেন। কোক স্টুডিও বাংলার সঙ্গে যুক্ত হতে পারা আমার জন্য অনেক গৌরবের।’
কোক স্টুডিও বাংলার ভিজ্যুয়াল ডিরেক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় জানান, ‘নাহুবো গানটি ব্যক্তিসত্তার পরিচয় দেয়। একজন মানুষের ব্যক্তিত্ব তাঁর বড় শক্তি। সেই শক্তি যেমন গানের কথায় উঠে এসেছে, আমাদের চেষ্টা ছিল দৃশ্যায়নেও সেটা ফুটিয়ে তুলতে। আমরা আগুনের মাধ্যমে সেই শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছি। আগুন তো প্রাকৃতিক শক্তির এক অনন্য রূপ। মানুষের ব্যক্তিসত্তাও তা-ই। গানের কথা, গায়কীর শক্তির বহিঃপ্রকাশ ঘটাই আগুন দিয়ে আয়োজনের মাধ্যমে। সচেতনভাবে কাজটি করেছেন নাসের সিদ্দিকী এবং তাঁর দল। আগুন নিয়ে খেলার জন্য এই দল আলাদা অভিবাদন পেতেই পারে। শিল্পনির্দেশক ছিলেন শিহাব। র্যাপ অংশটুকু তদারক করেছেন টুশি। দিশা করেছেন কস্টিউম ডিজাইন। সম্পাদনার দায়িত্বে ছিলেন সজল। আসলে নাহুবো গানটির পর্দার আড়ালের এই পুরো দলটিকেই আমি অভিবাদন জানাব, এমন শক্তিধর একটি গান দর্শক-শ্রোতার কাছে এমনভাবে পৌঁছে দেওয়ার জন্য।’