
মাদক পাচারকারী সন্দেহে মার্কিন রকস্টার মাইকেল ট্র্যাভিস লিককে মস্কো থেকে গ্রেপ্তার করেছে রাশিয়ান পুলিশ। তাঁর বিরুদ্ধে ম্যাফেড্রোন নামের একটি মাদকের উৎপাদন, বিক্রি ও বহনের অভিযোগ রয়েছে। ম্যাফেড্রোন কোকেনের মতো অনুভূতি দেয়। ৫১ বছর বয়সী ট্র্যাভিস লিক মার্কিন সেনাবাহিনীর সাবেক প্যারাট্রুপার। প্যারাট্রুপার হিসেবে ইরাক যুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। ২০১০ থেকে তিনি মস্কোতে থাকেন।
রাশিয়া মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ট্র্যাভিসের বিরুদ্ধে আনা এই অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে তাঁর ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তার আগে মস্কোর একটি আদালত তাঁকে বিচারপূর্ব দুই মাস কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।
সিএনএন জানিয়েছে ৮ জুন বৃহস্পতিবার রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম ট্র্যাভিস লিককে আটকের ভিডিও প্রকাশ করে। সেখানে লিক জানান, তিনি জানেন না কোন অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। লিক বলেন, ‘আমি কোনো দোষ করিনি। আমাকে কেন ধরে এনেছে আমি বুঝতে পারছি না।’
রাশিয়ার বেশ কয়েকটি রক ব্যান্ডের সঙ্গে গায়ক ও প্রযোজক হিসেবে কাজ করেছেন ট্র্যাভিস। বর্তমানে ‘লোভি নোচ’ নামের একটি ব্যান্ডের সঙ্গে কাজ করছিলেন। সম্প্রতি ইভান গার্শকোভিচ নামের মার্কিন এক সাংবাদিককেও গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করেছিল রুশ কর্তৃপক্ষ।
সূত্র: সিএনএন, এপি, বিলবোর্ড