আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের উদ্বোধনী দিনে ছিল সমবেত পরিবেশনা। ছবি: শুভ্র কান্তি দাশ
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের উদ্বোধনী দিনে ছিল সমবেত পরিবেশনা। ছবি: শুভ্র কান্তি দাশ

সুরে ভরা সারা দিন

ছুটির দিনের সকাল–সন্ধ্যা সুরে সুরে ভরিয়ে দিয়েছিলেন সংগীতশিল্পীরা তাঁদের কণ্ঠের মাধুরীতে। সকাল শুরু হয়েছিল রবিঠাকুরের গানে গানে। আর বেলা শেষে কবিগুরুর গানের সঙ্গে ছিল আরও বৈচিত্র্যময় রাগ-রাগিণীতে সুরের জাল বিস্তার। ফলে গতকাল শুক্রবার রাজধানীর সংগীতানুরাগীদের দিনটি কেটেছে উপভোগ্য আয়োজনে শামিল হয়ে।
রবীন্দ্রসংগীত উৎসব
সারা দেশের রবীন্দ্রসংগীতশিল্পীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে। এখানে সকালেই শুরু হয়েছে দুই দিনের জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। অনুষ্ঠান হচ্ছে দোতলার মিলনায়তনে। তবে উৎসব উপলক্ষে কবিগুরুর প্রতিকৃতি, তাঁর আঁকা ছবির বড় বড় ডিজিটাল প্রিন্ট, আর গাঁদা, গোলাপ, রজনীগন্ধায় ইনস্টিটিউটের প্রাঙ্গণ বর্ণাঢ্যভাবে সাজিয়ে তোলা হয়েছে। শিল্পীদের পাশাপাশি শ্রোতারাও গান গাওয়া, গান শোনার ফাঁকে ফাঁকে এসে সুসজ্জিত প্রাঙ্গণের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে বা বসে ছবি তুলে মুহূর্তটি স্মরণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি করেননি।

সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছিল ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘আমার মুক্তি আলোয় আলোয়’ ও ‘আনন্দধারা বহিছে ভুবনে’ সম্মেলক গানের সঙ্গে নৃত্যনন্দনের শিল্পীদের সমবেত নৃত্য দিয়ে। গানে অংশ নিয়েছেন সংগীত সংগঠন বৈতালিক, সুরের ধারা, উত্তরণ, সংগীত ভবন, বুলবুল ললিতকলা একাডেমি, বিশ্ববীণা ও সুরতীর্থের শিল্পীরা। পরে মিলনায়তনে প্রথম অধিবেশন শুরু হয় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এতে দলের সম্মেলক গানের মধ্যে ছিল ‘তোর আপনজনে ছাড়বে তোরে’, ‘তোমার সুরের ধারা’ ও ‘মধ্য দিনের বিজন’। এ পর্বে দেশের বিভিন্ন জেলার নবীন শিল্পীরা একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন।
এবার ৩৪তম বারের মতো আয়োজিত হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। দেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী কলিম শরাফী সারা দেশের রবীন্দ্রসংগীতশিল্পীদের নিয়ে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা নামের এই সংগঠন গড়ে তুলেছিলেন ১৯৮৫ সালে।  তিনি ছিলেন এর আমৃত্যু সভাপতি। এবারের উৎসবটি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে উৎসর্গ করা হয়েছে। ‘করিস নে লাজ, করিস নে ভয়,/ আপনাকে তুই করে নে জয়’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এবারের উৎসবে রাজধানীসহ সারা দেশের প্রায় দেড় শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন। এর পাশাপাশি কলকাতার শিল্পী সুদেষ্ণা সান্যালও অংশ নিচ্ছেন বলে জানান আয়োজকেরা।

বিকেল পাঁচটায় দ্বিতীয় পর্বের শুরুতে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি শিল্পী আমিনা আহমেদ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া। এ পর্বে দেশের খ্যাতনামা প্রবীণ গিটারশিল্পী এনামুল কবির ও বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।

মিলনায়তনে প্রথম অধিবেশন শুরু হয় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে

সংবর্ধনা পর্বের পর শিল্পী এনামুল কবির গিটারে ‘এ মণিহার আমার নাহি সাজে’ গানের সুর বাজিয়ে শোনান। একক সংগীত পর্বে লিলি ইসলাম শুনিয়েছেন ‘আমি রূপে তোমায় ভোলাব না’।

প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের সূচনা করেন সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদ

এ পর্বে প্রায় ২৫ জন শিল্পী একক ও অর্ধশতাধিক শিল্পী সম্মেলক গানে অংশ নেন। আবৃত্তি করেন ডালিয়া  আহমেদ। বিশিষ্ট শিল্পীদের মধ্যে মোহাম্মদ রফিকুল আলম গেয়েছেন ‘জীবনে আমার যত আনন্দ’। অরূপ রতন চৌধুরীর কণ্ঠে ছিল ‘আকাশভরা সূর্য–তারা’। সঞ্চালনা করেন নির্ঝর চৌধুরী।  আজ দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়।