গ্র্যামি অ্যাওয়ার্ডসে নতুন ইতিহাস লিখলেন মার্কিন র্যাপ তারকা কেনড্রিক লামার। এবারের গ্র্যামির আসরে চারটি পুরস্কার জিতে তিনি ভেঙে দিয়েছেন র্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের রেকর্ড। এত দিন এই রেকর্ড ছিল র্যাপার জে-জি’র দখলে। জে-জি’র মোট গ্র্যামি ছিল ২৫টি, আর কেনড্রিক লামার তা ছাড়িয়ে এখন পৌঁছালেন ২৬টিতে। আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনায় শুরু হয়েছে ৬৮তম গ্র্যামির আসর।
কীভাবে রেকর্ড ভাঙলেন কেনড্রিক
গ্র্যামির প্রিমিয়ার (টিভিতে সম্প্রচার করা হয়নি) পর্বেই তিনটি পুরস্কার জেতেন কেনড্রিক লামার। সেগুলো হলো—সেরা র্যাপ পারফরম্যান্স, সেরা মেলোডিক র্যাপ পারফরম্যান্স ও সেরা র্যাপ সং। এরপর মূল সম্প্রচার শুরুর পর তিনি জেতেন সেরা র্যাপ অ্যালবামের পুরস্কার। ২০২৪ সালে ‘জিএনক্স’-এর জন্য এ পুরস্কার পান তিনি। এই চারটি পুরস্কারই তাঁকে এনে দেয় ঐতিহাসিক রেকর্ড।
জে-জিকে ছাড়িয়ে নতুন মাইলফলক
র্যাপ জগতে জে-জি দীর্ঘদিন ধরেই গ্র্যামির রেকর্ডধারী ছিলেন। কিন্তু ২০২৬ সালের আসরে কেনড্রিক মাত্র চারটি জয় দিয়েই সেই রেকর্ড ভেঙে দেন। অনুষ্ঠানের শুরুতেই এই সাফল্য নিশ্চিত হয়, যদিও তখনো রাত শেষ হয়নি।
মনোনয়নে এগিয়ে ছিলেন কেনড্রিক
এবারের গ্র্যামিতে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিলেন কেনড্রিক লামার। তাঁর ঝুলিতে ছিল ৯টি বড় ক্যাটাগরিতে মনোনয়ন। ক্যারিয়ারজুড়ে এখন পর্যন্ত তাঁর মোট গ্র্যামি মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬, যা তাঁকে সমসাময়িক শিল্পীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও সফল র্যাপারদের কাতারে রাখছে।
দ্য হলিউড রিপোর্টার অবলম্বনে