শিল্পী রাফফান ইমাম শ্রোতামহলে ‘পপাই’ নামে পরিচিত
শিল্পী রাফফান ইমাম শ্রোতামহলে ‘পপাই’ নামে পরিচিত

গানের চেয়ে লাইভে বেশি সময় দিতে চাইনি: পপাই

‘নেশার বোঝা’, ‘অপার্থিব’, ‘ভাবালে’, ‘ভালোবাসা বাকি’র মতো আলোচিত গানের শিল্পী রাফফান ইমামকে প্রথমবারের মতো ঢাকার কোনো কনসার্টে পাওয়া যাবে আজ; শ্রোতামহলে তিনি ‘পপাই’ নামে পরিচিত। আজ বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তাঁকে নিয়ে ‘রক অ্যান্ড রিদম ২.০: পপাই লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস।
প্রশ্ন

বেশ কয়েক বছর পর এবার ঢাকায় এলেন, দিনগুলো কেমন কাটছে?

গত ২৫ ফেব্রুয়ারি ঢাকায় এসেছি। শো নিয়ে খুব ব্যস্ত সময় কাটছে, শোয়ের প্রচারণা করেছি। অনেক দিন পর ঢাকায় এসেছি, ফলে প্র্যাকটিসেই বেশির ভাগ সময় গেছে। খুব ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ছাড়া খুব একটা কারও সঙ্গে দেখা করতে পারিনি।

প্রশ্ন

প্রথমবারের মতো ঢাকার শ্রোতাদের সামনে আসছেন, বিষয়টি কেমন লাগছে?

শুনেছি, শ্রোতাদের মধ্যে আমার গান বেশ জনপ্রিয়। এবার তাঁদের চোখের সামনে পাব—এর জন্য আমি খুবই রোমাঞ্চিত।

প্রশ্ন

১৩ বছরেও আপনাকে কোনো কনসার্টে পাওয়া যায়নি কেন?

দুটো বিষয়; এক. ভেবেছিলাম, ভালো শো না হলে করব না। দুই. আমি দেশের বাইরে (যুক্তরাষ্ট্র) থাকি। ভালো শো পেলে আসা-যাওয়াটা অর্থবহ হবে, অন্যথায় শো করে লাভ নেই। আর মিউজিশিয়ান হিসেবে নিজের গানের প্রতি মনোযোগ বেশি দিয়েছি; ফোকাসটা ওই দিকে বেশি ছিল। এখন আমার মনে হয়, আমার বেশ কিছু গান আছে, মানুষেরও আমাকে দেখার আগ্রহ তৈরি হয়েছে।

প্রশ্ন

‘রক অ্যান্ড রিদম ২.০: পপাই লাইভ ইন ঢাকা’ কনসার্টে সম্মতি দিলেন কেন?

আমার বিশ্বাস, আমাকে হেডলাইনার বানিয়ে একটা শো করা সম্ভব, আমি এমন একটা পর্যায়ে এসেছি। আয়োজক অ্যাডভেন্টর কমিউনিকেশনসের প্রস্তাবটা আমার কাছে ভালো মনে হয়েছে। আর ভক্তদের থেকে চাপ ছিল, একটা লাইভ করেন। সবকিছু মিলে শোটা করছি।

শিল্পী রাফফান ইমাম শ্রোতামহলে ‘পপাই’ নামে পরিচিত
প্রশ্ন

এই সময়ে শিল্পীদের মধ্যে অনেকেই মিউজিক ভিডিওতে নিজেকে দেখাতে মরিয়া থাকেন, কিন্তু মিউজিক ভিডিও, ফেসবুক লাইভ কিংবা টেলিভিশনে—সে অর্থে আপনাকে দেখা যায়নি।

খুব দরকার না হলে আমি খুব একটা ‘ইন্টারঅ্যাক্ট’ করি না, আমি একটু ‘অ্যান্টিসোশ্যাল’ বলতে পারেন। যখন দরকার, তখন আমি ইন্টারঅ্যাক্ট করি। আর আমি মনে করি, আমার গানে লিরিক বড় অবদান রাখে। শ্রোতারা লিরিক পছন্দ করেন, ফলে লিরিক্যাল ভিডিও প্রকাশ করি। শ্রোতার সঙ্গে যোগাযোগ তৈরিতে লিরিক্যাল ভিডিও কার্যকর পন্থা। অনেকেই বলেন, আপনাকে কোথাও দেখা যায় না, চিনি না। ফলে গত দুই-তিনটা ভিডিওতে নিজেই এসেছি। মানুষের সঙ্গে লাইভ করার চেয়ে মিউজিকেই আমার মনোযোগ থাকা উচিত। বাকিগুলোয় মনোযোগ দিলে আমার যতটুকু সময় আছে, তাতে অর্থবহ কিছু করা যাবে না। গানের চেয়ে মার্কেটিং, লাইভে বেশি সময় দিতে চাইনি।

প্রশ্ন

২০১০ সালে ‘পপাই বাংলাদেশ’ গানের প্রকল্প শুরুর পাঁচ বছর পর আপনি যুক্তরাষ্ট্রে গেলেন, সেখানে কেন গেলেন; কেনই–বা থিতু হলেন?

আন্ডারগ্রাজুয়েট সম্পন্ন করার পর মাস্টার্স করার জন্য আমি যুক্তরাষ্ট্রে যাই। আমার মা ও বোন যুক্তরাষ্ট্রে থাকেন। ছোটবেলায় আব্বা মারা গেছেন, ঢাকায় আমি একাই ছিলাম। মা বললেন, ‘চলে এসো।’ যুক্তরাষ্ট্রের অ্যাশল্যান্ড ইউনিভার্সিটিতে এমবিএ শেষ করে এখন একটি চাকরি করছি।

কনসার্ট শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন পপাই; ভবিষ্যতেও কোনো কনসার্টে পাওয়া যেতে পারে তাঁকে
প্রশ্ন

গানের সঙ্গে বছরের পর বছর লেগে থেকে নিজেকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন, এই যাত্রাপথে আপনাকে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে?

আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। ছোটবেলায় আব্বা মারা গেছেন। একজন শিল্পীর জনপ্রিয় হওয়া পর্যন্ত যে অর্থ লাগে, ওই জিনিস আমার ছিল না। যাঁরা বিত্তশালী পরিবার থেকে এসেছেন, তাঁদের সেই লাক্সারিটা আছে।.... আমি মিউজিককে কখনো পেশা হিসেবে নিইনি; আগে পড়াশোনার পাশাপাশি গান করতাম, এখন চাকরির পাশাপাশি গান করি।

প্রশ্ন

দেশের বাইরে যাওয়ার পরও নিয়মিত গান প্রকাশ করেছেন আপনি, গানের সঙ্গে যুক্ত থাকার উদ্দীপনা কোথায় পেলেন?

আমি ছোটবেলা থেকেই মিউজিক করে আসছি, এটাই আমার করতে ইচ্ছা করে। আমি যে খুব বেশি গান করেছি, তা–ও নয়। তারপরও বছরে অন্তত একটা গান করার চেষ্টা করি। ওভাবেই যত দূর করা যায়।

প্রশ্ন

কার গান আপনার ভালো লাগে, অনুপ্রেরণা পান?

দেশের বাইরে পিংক ফ্লয়েড, দেশের জেমস, আইয়ুব বাচ্চু, অর্ণব। এ ছাড়া এখন নতুন অনেক শিল্পী আসছেন; তাঁরা বাংলা ভাষায় যে এভাবে গান করা সম্ভব, তা দেখিয়ে দিচ্ছেন।

‘পপাই বাংলাদেশ’ যাত্রার আগে একটি আন্ডারগ্রাউন্ড ব্যান্ডে যুক্ত ছিলেন তিনি
প্রশ্ন

‘পপাই বাংলাদেশ’ এখনো প্রকল্পই রয়েছে নাকি স্টেজ নেম?

পপাই নামটা তো আমারই। আমি এই নামেই পারফর্ম করেছি, এই নামেই প্রতিষ্ঠিত হয়েছি। প্রকল্পগুলোও করি। আমার মিউজিকের ধরনটা ব্যান্ডের মতোই। বন জভি কিন্তু একটা ব্যান্ড। ব্যান্ডটা কিন্তু বন জোভির নামে, আমার কনসেপ্টটাও ওই রকমই।

প্রশ্ন

গানে কণ্ঠে দেওয়ার পাশাপাশি গান লেখেনও আপনি, আপনার গানের কথা আলাদা করে শ্রোতাদের মনোযোগ কেড়েছে। আপনার গানে অনেক মেটাফোরের ব্যবহার দেখা যায়।

চেষ্টা করি, আমার গানটা যেন মেটাফোরিক হয়; ওপেন এন্ডেড হয়—মানুষ যাতে নিজের মতো করে কল্পনা করতে পারে। আমি একটা কিছু ধরিয়ে দেব, কিন্তু বাকিটা যাতে সে সমাধান করতে পারে। আমি এটা চাই। সাধারণত যেসব বিষয় উঠে আসে না, সেটা সহজভাবে যেন বলা যায়, সেটাই আমার বিবেচনায় থাকে। হুমায়ূন আহমেদ স্যারের মধ্যে এটা ছিল, খুব গভীর কিছু লিখতেন না, তাঁর সাধারণ কোনো বিষয়ে লেখায় মায়া রয়েছে, যেটা পাঠককে ধরে রাখত। আমি যখনই গান লিখতাম, চাইতাম, আলাদা কিছু হোক। আমার বয়সের সঙ্গে সঙ্গে লেখার ধরনটা বদলেছে।

প্রশ্ন

‘পপাই বাংলাদেশ’কে অনেকেই ব্যান্ড মনে করেন। এটি তো আসলে একটি গানের প্রকল্প।

আমার ডাকনাম ‘পপাই’, ডাকনাম থেকেই গানের প্রকল্পের নামটা দিই। কিন্তু শুধু পপাই দিলে অনেকে বুঝতে পারবেন না। তাই এরপর ‘বাংলাদেশ’ যোগ করেছি। আমি ছোটবেলায় পপাই কার্টুন খুব পছন্দ করতাম, এরপর আমাকে আদর করে ‘পপাই’ ডাকতে ডাকতে আমার নামই ‘পপাই’ হয়ে গেছে।

ক্যারিয়ারের শুরুতে ‘নেশার বোঝা’ গান পরিবেশন করে আলোচিত হয়েছেন পপাই
প্রশ্ন

শো করতে গেলে দলবদ্ধভাবে পারফর্ম করতে হয়। নিয়মিত শো করলে কয়েকজনকে নিয়ে একটি ব্যান্ড গঠনের পরিকল্পনা আছে কি না?

এভাবে ব্যান্ড করলে করা যায়। কিন্তু ব্যান্ডকে যেভাবে প্রাকটিস করতে হয়, তার জন্য সবার একসঙ্গে থাকা দরকার। পেশাদার ব্যান্ডগুলো প্রতি সপ্তাহে জ্যাম করে। আমার সে সুযোগ নেই। কনসার্ট শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হবে। আমি যাঁদের সঙ্গে গাইব, আবার যদি শো করার সুযোগ থাকে, তাঁদের নিয়েই হয়তো করব।

প্রশ্ন

সাত মাস আগে আপনার শেষ গান ‘ত্রি’ এসেছে, সামনে কোন গান আসছে?

এরপর তেমন কোনো গান নিয়ে বসিনি। সামনে সময় পেলে বসার পরিল্পকল্পনা রয়েছে।

প্রশ্ন

আপনার সঙ্গে আজ কারা পারফর্ম করবেন?

স্টুডিওতে আছেন প্রযোজক তালাত মিনহাজ। এবার বাজাচ্ছেন মেকানিকসের সাফাত, শহরতলীর ড্রামার রবি, প্রমিত, বেজে থাকছেন আদনান রহমান।

প্রশ্ন

সামনে আর কোনো কনসার্ট আছে?

এখনো কথা হয়নি, এটা তো প্রথম শো। অনেকেই হয়তো জানতেন না, আমি শো করি। এখন যেহেতু মানুষজন দেখছেন, আমি লাইভে আসছি, তাই আশা করছি, আগামী সময়ে আরও শোর প্রস্তাব পাব।

প্রশ্ন

ক্যারিয়ারের শুরুর দিকে ‘নেশার বোঝা’ গানটি আপনাকে শ্রোতামহলে পরিচিত করে তুলেছে, আপনার সবচেয়ে জনপ্রিয় গান হিসেবেও বিবেচনা করা হয় গানটিকে। গানটির সৃষ্টি হলো কীভাবে?

আমার নাম কিংবা জনপ্রিয়তার পেছনে গানটি অনেক বড় ভূমিকা রেখেছে। গানটা এমন হিট হবে, এটা ভাবিনি। হিট হবে মনে করলে গানটা অ্যালবামের ওপরের দিকে দিতাম। ওটা চার নম্বর গান। যেভাবে আরও দশটা বানাই, ওটাও সেভাবেই গেয়েছি। শ্রোতারা গানের মধ্যে হয়তো নিজেকে খুঁজে পেয়েছেন, শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

প্রশ্ন

গানের জড়িয়ে গেলেন কবে, কীভাবে?

স্কুলজীবন থেকে। ১৪-১৫ বছরে বন্ধুরা মিলে ব্যান্ড করলাম, আন্ডারগ্রাউন্ড ব্যান্ডে লিখতাম। পরে আমরা একটা মিক্সড অ্যালবাম করার পরিকল্পনা করেছিলাম। হয়নি। পরে আরেকটা আন্ডারগ্রাউন্ড ব্যান্ডে যাই। আমার প্রজন্মের আরও দশজন যেভাবে গানে আসে, আমিও সেভাবেই এসেছি। বাসায় কারও কাছে হাতেখড়ি হয়নি, আন্ডারগ্রাউন্ড ব্যান্ডে আমি গান শিখেছি। আমি আধুনিক কিংবা ফোক গান পারি না, সলো হলেও আমার গান ব্যান্ডের মতো।

প্রশ্ন

‘পপাই বাংলাদেশ’ প্রকল্প যাত্রা করল কীভাবে?

পপাই বাংলাদেশের আগে একটা আন্ডারগ্রাউন্ড মেটাল ব্যান্ডে ছিলাম। আমার সফট মিউজিকের প্রতি আগ্রহ ছিল, ভেবেছিলাম, আমার গলায় মেলোডি নিয়ে কিছু করতে পারি। আমি কিছু গান বানিয়েছিলাম। যেহেতু মেটাল ব্যান্ডে ছিলাম, তাই গানগুলো করতে পারতাম না। ২০০৯ সালে ওই ব্যান্ড ছেড়ে আসি। মেলোডি গান নিয়ে একটা প্রজেক্টের মতো করি, পরে তালাত মিনহাজের সঙ্গে পরিচয় হয়। সে মাস্টারিংয়ের দায়িত্ব নেয়। তার পর থেকেই ‘পপাই বাংলাদেশ’ চলছে।

প্রশ্ন

আমার জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা কোথায়?

আমার জন্ম ঢাকার ধানমন্ডিতে; বেড়ে ওঠা ধানমন্ডি, লালমাটিয়ায়। সাউথ ব্রিজ স্কুলে ও লেভেল এবং এ লেভেল করি। এরপর আমেরিকান ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিবিএ করি, এরপর যুক্তরাষ্ট্রের অ্যাশল্যান্ড ইউনিভার্সিটিতে এমবিএ শেষ করি।