‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স
‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স

ছুটির দিনে দুই কনসার্ট

সোহরাওয়ার্দী উদ্যান, নাকি মানিক মিয়া অ্যাভিনিউ—গান শুনতে কোথায় যাবেন? ছুটির দিনে ঢাকায় আজ দুটি বড় কনসার্ট রয়েছে। কনসার্ট দুটি সবার জন্য উন্মুক্ত।

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।

এতে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও কুঁড়েঘর, নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান গাইবে। একক শিল্পী হিসেবে মঞ্চে থাকবেন আসিফ আকবর, র‍্যাপার সেজান, পারশা মাহজাবীন ও কাজী আহনাফ তাহমীদ।

এক ভিডিও বার্তায় শিরোনামহীন বলছে, ‘চব্বিশের গণঅভ্যুত্থান স্মরণে ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে আমরা আসছি। আপনারাও চলে আসুন। আমরা একসাথে গাইব আমাদের সম্মিলিত সাহস ও ভালোবাসার গান। লেটস রক।’
সামাজিক মাধ্যমে আসিফ লিখেছেন, ‘বেশ বেশ বেশ শাবাশ বাংলাদেশ/ যাও এগিয়ে আমার বাংলাদেশ। সামনে পা বাড়াও, এগিয়ে যাও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে, ৫ আগস্ট আসিফ আকবরের গানে মেতে উঠতে।’
আয়োজকদের ভাষ্য, মুক্তি, ঐক্য ও প্রতিবাদের যে চেতনা জুলাই আন্দোলনে জন্ম নিয়েছিল, সেই স্পিরিটকে গানের মাধ্যমে উদ্‌যাপন করতেই এই আয়োজন।

কনসার্ট ফর ডেমোক্রেসি–তে গাইবে ওয়ারফেজ

কনসার্ট ফর ডেমোক্রেসি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ শীর্ষক কনসার্টে গাইবে মাইলস, ওয়ারফেজ, ডিফরেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় কনসার্টটির আয়োজন করা হচ্ছে।

আয়োজকের জানান, কনসার্ট শুরু হবে বেলা ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে বেলা একটায়।

বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ৫ আগস্টের সিগনিফিকেন্স তো আমরা সবাই জানি। তো সেই উদ্দেশ্যেই করা, ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। দিনটাকে আমরা যেন ঠিক মতো পালন করতে পারি, এটাই উদ্দেশ্য। জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সংগীতের মাধ্যমেই দিনটিকে পালন করব।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, জুলাই গণ-আন্দোলনের স্মৃতি নতুন প্রজন্মের কাছে জীবন্ত রাখতেই এই কনসার্টের আয়োজন। তিনি বলেন, অনুষ্ঠান ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রস্তুত রয়েছেন।

জুলাইয়ের র‍্যাপ, গান ও কবিতায় ‘সাউন্ড অব জুলাই’

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে রাজধানীর রবীন্দ্র সরোবরে গতকাল মঙ্গলবার বিকেলে ‘সাউন্ড অব জুলাই’ শীর্ষক র‍্যাপ, গান ও কবিতার কনসার্ট হয়েছে।

বিডিজবসের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে জুলাই রেভোল্যুশনারি অ্যালায়েন্স।

বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রদর্শন করা হয় জুলাই আন্দোলনভিত্তিক তথ্যচিত্র ‘জুলাই অনির্বাণ’। পরে সংগীত পরিবেশন করে ব্যান্ড মেটালিক এরর। এরপর বিইউএফটি কালচারাল ক্লাব পরিবেশন করে নাটক ৩৬ জুলাই।

কাজী আহনাফ তাহমিদ, হান্নান, সেজানসহ বেশ কয়েকজন র‍্যাপার গান পরিবেশন করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং র‍্যাপ, গান, কবিতা ও নাটকের মাধ্যমে সেই সময়ের চেতনা ছড়িয়ে দিতেই এই আয়োজন।