আভাস ব্যান্ডের সদস্যরা
আভাস ব্যান্ডের সদস্যরা

ষষ্ঠ বর্ষে ‘আভাস’-এর পঞ্চম গান

‘আভাস’–এর বয়স পাঁচ বছর পুরো হলো। ষষ্ঠ বর্ষে এল ব্যান্ডের ৫ নম্বর গান। ‘ক্যামেরা’ শিরোনামের এ গানের কথা লিখেছেন ব্যান্ডের ভোকাল তানজীর তুহীন, সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ডের সবাই। গতকাল সোমবার রাত আটটায় আভাস ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ফটিফাই চ্যানেল ও ওয়েবসাইটে গানটি প্রকাশিত হয়েছে।

‘শিরোনামহীন’ থেকে বের হয়ে আভাস গড়ে তোলেন তানজীর তুহীন। ২০১৮ সালে প্রকাশ পায় ব্যান্ডের প্রথম গান ‘মানুষ ১’। একে একে আসে ‘আভাস’, ‘বাস্তব’, ‘অনাথ’। এবার তারা আনছে ‘ক্যামেরা’।

তানজীর তুহিন

গানটি প্রসঙ্গে তানজীর তুহীন বলেন, ‘আমরা সবাই এখন সমস্যার কথা বলছি, কিন্তু সমাধানের পথ কেউ দিতে পারছি না। পালানোর পথ খুঁজছি কিন্তু পাচ্ছি না—নিজেরাই নিজেদের পথ আটকে রাখছি। সবাই একরকম সেফ সাইডে চলে গেছি। আমরাই এখন পরিচালক, নায়ক, নায়িকা, পারফর্মার—কিন্তু দর্শক নেই। সাধারণ বলে এখন আর কেউ নেই, সবাই অসাধারণ হয়ে উঠছি। এতে আসলে লাভ হচ্ছে না। আমাদের নতুন গানে সেই ব্যাপারগুলো উঠে এসেছে।’

কথায়–কথায় তানজীর তুহীন এ–ও বললেন, ‘আমাদের সবার হাতে এখন ক্যামেরা। এই ক্যামেরাগুলো আমাদের সবাইকে একাকী করে তুলছে। আরেকজনের ক্যামেরার তথ্য আমি পাচ্ছি, আমার ক্যামেরার তথ্য আরেকজন পাচ্ছে। কিন্তু কেউই আমরা নিজের চোখ দিয়ে কিছু দেখছি না, ক্যামেরার চোখটা দিয়ে দেখছি! অন্য রকম একটা অভ্যস্ততায় যে বেড়ে উঠছি, সেই ব্যাপার তুলে ধরেছি এই গানে।’

আভাসের সদস্যরা হলেন ভোকাল তানজীর তুহীন, বেজ রাজু শেখ, ড্রামস রিঙ্কু ইমাম, কি-বোর্ড আরাফাত শাওন, গিটার নাঈম মোরশেদ ও অন্তু দাশ।