রবীন্দ্রনাথের গানের সুর ও কথামালায় স্মরণ করা হলো প্রয়াত কণ্ঠশিল্পী কলিম শরাফীকে
রবীন্দ্রনাথের গানের সুর ও কথামালায় স্মরণ করা হলো প্রয়াত কণ্ঠশিল্পী কলিম শরাফীকে

গানে, কথায় কলিম শরাফীকে স্মরণ

রবীন্দ্রনাথের গানের সুর ও কথামালায় স্মরণ করা হলো প্রয়াত কণ্ঠশিল্পী কলিম শরাফীকে। রবীন্দ্রসংগীতের বরেণ্য এই শিল্পীর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসংগীতের সুরের সুধায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় শিল্পীকে।
আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডির ইউল্যাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় তাঁর জয়ন্তীর অনুষ্ঠান। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংগীত–তর্পণ অনুষ্ঠানের আয়োজন করে তাঁরই হাতে গড়া সংগঠন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। অনুষ্ঠানের শুরুতেই দেখানো হয় ‘পথে পথে দিলাম ছড়াইয়া’ শিরোনামে নিশাত জাহান রানার চিত্রনাট্য ও পরিচালনায় চল্লিশ মিনিটের প্রামাণ্যচিত্র। যেখানে তুলে ধরা হয় রবীন্দ্রসংগীতের নমস্য শিল্পী কলিম শরাফীর স্মৃতিকথা। কথা আর তথ্যচিত্রে ওঠে আসে সংস্কৃতি-বৈরী পরিবেশের নানা বাধাবিপত্তির কথা। প্রামাণ্যচিত্রের পর কলিম শরাফীর কণ্ঠে রেকর্ড করা পাঁচটি গান বাজিয়ে শোনানো হয়। গানগুলো হলো ‘আমি তখন ছিলেম মগন গহন’, ‘এসো আমার ঘরে’, ‘পুব সাগরের পার হতে’, ‘বঁধু, তোমায় করব রাজা’ ও  ‘আছে দুঃখ আছে মৃত্যু’। এর পর অতিথিদের নিয়ে প্রদীপ জ্বালান চিত্রশিল্পী হাশেম খান।

কলিম শরাফী (৮ মে ১৯২৪—২ নভেম্বর ২০১০), প্রতিকৃতি: মাসুক হেলাল

স্মৃতিচারণা পর্বের মাঝে রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান দিয়ে সাজানো সংগীত–তর্পণে অংশ নেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পীর সংস্থার শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পীরা। গানে কথায় স্মরণ করা হয় কলিম শরাফীকে।

৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন দেশবরেণ্য চিত্রশিল্পী হাশেম খান, গবেষক ও শিক্ষক কাজী মদিনা, সংগীতশিল্পী ও সংগঠক মাহমুদ সেলিম, কলিম শরাফীর ভাগিনা আনজুম আহমেদ এবং বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ও কণ্ঠশিল্পী পীযূষ বড়ুয়া। স্মৃতিচারণা করতে গিয়ে অতিথিরা মেলে ধরেন কলিম শরাফীর বর্ণাঢ্য জীবনের নানা দিক। তাঁরা বলেন, ‘রবীন্দ্রসংগীত পরিবেশনের পাশাপাশি দেশাত্মবোধক গানেও ছিল কলিম শরাফীর ব্যাপক জনপ্রিয়তা। ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রেখেছিলেন নিজেকে। দেশের সব কটি জাতীয় আন্দোলনসহ নানা সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ছিলেন কলিম শরাফী। প্রগতিশীলতার মশাল হাতে সেই তরুণ বয়সে যে সংগ্রাম তিনি সূচনা করেছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তা চালিয়ে গেছেন নিরলসভাবে।’

পথে পথে দিলাম ছড়াইয়ারে/সেই দুঃখে চোখেরও পানি/ও আমার চক্ষু নাই রে ...। বহু বছর আগে গাওয়া এ গানটি আজও হৃদয়ে কড়া নাড়ে। সূর্যসন্তান নামের চলচ্চিত্রে এই গানটি গেয়েছিলেন কলিম শরাফী। কিছুদিন আগে ছিল তাঁর ৯৯তম জন্মবার্ষিকী। বিশ্বকবি রবি ঠাকুরের জন্মের ৬৩ বছর পরে একই দিনে ১৯২৪ সালের ৮ মে তিনি ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থাসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন কলিম শরাফীর জন্মদিন উদ্‌যাপন করলেও কয়েক বছর করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপের কারণে বন্ধ ছিল সেই আনুষ্ঠানিকতা। এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের মঞ্চে ফিরেছে উদ্‌যাপন অনুষ্ঠান।

শুক্রবার রাজধানীর ধানমন্ডির ইউল্যাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় তাঁর জয়ন্তীর অনুষ্ঠান

বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ সুদূর অস্ট্রেলিয়া থেকে ভার্চ্যুয়ালি বলেন, ‘শিল্পীসমাজের কাছেই কলিম শরাফী ছিলেন বাতিঘর। শিল্প ও সংস্কৃতির বহুমাত্রিক পথে ছিল তাঁর বিচরণ। রবীন্দ্রসংগীতের পাশাপাশি গেয়েছেন গণসংগীত। আবার সংগীত শেখানোর কাজটিও করেছেন গভীর মনোযোগে। এমনকি কীর্তিমান এই মানুষটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন। উল্টোদিকে তাঁর ভেতরে সব সময়ই বিরাজ করেছে একটি প্রতিবাদী সত্তা। এ কারণে সব প্রগতিশীল আন্দোলন-সংগ্রামেও রেখেছেন সোচ্চার ভূমিকা। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ছিলেন প্রতিবাদী এক কণ্ঠস্বর। কখনো আপসের পথে হাঁটেননি। আপসনহীনভাবেই সত্য-সুন্দরের পথে ধাবিত করেছেন জীবনকে। সব মিলিয়ে তিনি গান বা নাটকের শিল্পীদের কাছে ছিলেন আদর্শিক এক মানুষ।’

জন্মবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে লিটন বৈদ্য গেয়ে শোনান ‘জীবনে আমার যত আনন্দ’,  শাহরিয়ার ইসলাম ‘আমার মিলন লাগি তুমি আসছো কবে থেকে’, নুরুল ইসলাম ‘আজ জোৎস্নারাতে সবাই গেছে বনে’। শিল্পী সাবরিনা খান তন্দ্রার কণ্ঠে শোনা গেল ‘আমি শুধু রইনু বাকি’, প্রান্তিকা সরকার ‘কোন সুদূর হতে আমার মনের মাঝে’। বিজয় সরকার ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’, কার্তিক চন্দ্র মণ্ডল ‘আজি যত তারা তব আকাশে’, সুমাইয়া ইমান ইমার কণ্ঠে শোনা গেল রবিঠাকুরের বিচিত্র পর্যায়ের গান ‘ওগো তোরা কে যাবি পারে’,  দেবযানী মিত্র শোনান  ‘যেথায় তোমার লুট হতেছে’, উৎপলা দাশ প্রম্মা শোনান ‘জগৎজুড়ে উদার সুরে’, রিদওয়ানা আফরিন মুগ্ধ করেন ‘তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে’ গেয়ে। জয়িতা তালুকদার শুনিয়েছেন ‘ধায় যেন মোর সকল ভালোবাসা’ গানটি।
অনুষ্ঠানের শেষ হয় সমবেত সংগীত  ‘আমার মুক্তি আলোয় আলোয়’ এবং জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে। এর আগে শুভেচ্ছাসূচক বক্তব্য রাখেন সংস্থার জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক (সাধারণ) ও কণ্ঠশিল্পী  তানজীনা তমা। সমাপনী বক্তব্য রাখেন পীযূষ বড়ুয়া।
গান, কথামালা ও প্রামাণ্যচিত্র দিয়ে সাজানো স্মৃতি–তর্পণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আজিজুর রহমান।