গতকাল প্রথম আলোর প্রতিবেদনে ঢাকার তিন কনসার্টের চূড়ান্ত অনুমতি পাওয়া নিয়ে ধোঁয়াশার কথা জানানো হয়েছিল। আয়োজকেরা জানিয়েছিলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রতিবেদন না পাওয়ায় অনুমতির প্রক্রিয়া আটকে আছে। এক দিন পর তিন কনসার্টই স্থগিতের ঘোষণা দিয়েছেন আয়োজকেরা। নিজেদের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তাঁরা জানিয়েছেন, নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
আগামীকাল ২৫ সেপ্টেম্বর শুক্রবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘ম্যাক্স রিপাবলিক’ কনসার্টে জেমস, আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল। আয়োজকেরা জানিয়েছেন, কনসার্টটি নতুন তারিখে হবে। নতুন তারিখ শিগগির জানানো হবে। আগে কেনা সব টিকিট নতুন তারিখেও কার্যকর থাকবে।
একই দিন ‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ কনসার্ট হওয়ার কথা ছিল। এতে পাকিস্তানের মুর্তজা কিজিলবাশের পাশাপাশি হাবিব ওয়াহিদের পারফর্ম করার কথা ছিল। আয়োজক ঢাকা বিটস জানিয়েছে, প্রয়োজনীয় সব ছাড়পত্র নেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তের নিরাপত্তাসংক্রান্ত হস্তক্ষেপ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় অনুষ্ঠানটি পুনর্নির্ধারণ করতে হয়েছে।
২৬ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল পাকিস্তানের কাবিশ ব্যান্ডের ‘কাবিশ লাইভ ইন ঢাকা’। আয়োজক প্রাইমওয়েভ কমিউনিকেশন জানিয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা শেষ করার পরও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনায় অনুষ্ঠানটি আয়োজন করা যাচ্ছে না। নতুন তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জানানো হবে।
টিকিটের টাকা কবে ফেরত পাবেন দর্শকেরা
গত কয়েক বছরে ঢাকায় স্থগিত ও বাতিল হয়েছে একাধিক আন্তর্জাতিক কনসার্ট। বাংলাদেশে এসেও ফিরে যেতে হয়েছে কয়েকজন জনপ্রিয় আন্তর্জাতিক শিল্পীকে। টিকিটের টাকা দ্রুত ফেরত দেওয়ার কথা বলা হলেও অর্থ ফেরত পেতে দেরির অভিযোগও আছে। এমনকি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আদালত পর্যন্ত গড়িয়েছে কিছু ঘটনা। এবার তিন কনসার্ট স্থগিতের পর ফেসবুকে অনেক শ্রোতা তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, এবারও কি টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে না? কেউ কেউ আইনি পদক্ষেপের কথাও বলেছেন।
টিকিট নিয়ে তিন কনসার্টের আয়োজকেরা অবশ্য আলাদা তথ্য দিয়েছেন। মুর্তজা কিজিলবাশের কনসার্টের আয়োজকেরা জানিয়েছেন, দর্শকেরা চাইলে কুইকেট অ্যাপের মাধ্যমে সাত কার্যদিবসের মধ্যে টিকিটের টাকা ফেরত নিতে পারবেন। ‘ম্যাক্স রিপাবলিক’ ও ‘কাবিশ লাইভ ইন ঢাকা’র আয়োজকেরা তাঁদের ঘোষণায় অর্থ ফেরতের বিষয়ে কিছু জানাননি। তাঁরা শুধু জানিয়েছেন, আগে কেনা টিকিট নতুন তারিখেও কার্যকর থাকবে।
নতুন তারিখ কবে
মুর্তজা কিজিলবাশের কনসার্টটি ছাড়া বাকি দুটি কনসার্টের শিল্পী ও ব্যান্ডের কয়েকটি পুরোনো আয়োজনও এর আগে স্থগিত বা বাতিল হয়েছে। জুনুন ব্যান্ডের হয়ে আগে দুইবার বাংলাদেশে পারফর্ম করলেও একক শিল্পী হিসেবে ঢাকায় আলী আজমতের এটাই প্রথম কনসার্ট হওয়ার কথা ছিল। গত বছরের মে ও নভেম্বরে একক শিল্পী হিসেবে তাঁর ঢাকায় গান শোনানোর কথা থাকলেও শেষ পর্যন্ত দুটি কনসার্টই বাতিল হয়। নভেম্বরের কনসার্টের জন্য ঢাকায় এসেও পরে ফিরে যেতে হয়েছিল তাঁকে।
একই অভিজ্ঞতা হয়েছিল মুস্তাফা জাহিদেরও। গত বছরের এপ্রিলে ঢাকায় এসেও শেষ পর্যন্ত গান না শুনিয়ে ফিরে যেতে হয়েছিল তাঁকে। অন্যদিকে গত বছরের ৮ নভেম্বর ৩০০ ফুটের স্বদেশ অ্যারেনায় জাল ব্যান্ডের কনসার্টটি আয়োজনের এক দিন আগে নিরাপত্তার কারণ দেখিয়ে স্থগিত করা হয়। কাবিশের গত বছরের ৫ ডিসেম্বরের কনসার্টটিও অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত স্থগিত হয়েছিল।