থাই অভিনেতা ব্লু পংতিওয়াতের সঙ্গে প্রেম করছেন লিসা
থাই অভিনেতা ব্লু পংতিওয়াতের সঙ্গে প্রেম করছেন লিসা

প্রেম করছেন লিসা, প্রেমিক কে

ফরাসি ব্যবসায়ী ফ্রেদেরিক আর্নল্টের সঙ্গে প্রেম ভাঙার পর আবার প্রেমে জড়ালেন ব্ল্যাকপিংক তারকা লিসা। থাই অভিনেতা ব্লু পংতিওয়াতের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি।

সামাজিকমাধ্যমে কেউ কেউ লিখছেন, থাইল্যান্ডের পাশাপাশি হংকং ও জাপানেও লিসা ও পংতিওয়াতকে একসঙ্গে দেখা গেছে। কেউ কেউ আরও দাবি করেছেন, থাইল্যান্ডে লিসার পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটিয়েছেন পংতিওয়াত।

লিসা

এসব ঘটনা থেকেই তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে অনেকেই এসব দাবি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে, লিসা ও পংতিওয়াত কয়েক বছর ধরে ঘনিষ্ঠ বন্ধু। তাই শুধু একসঙ্গে দেখা যাওয়ার ভিত্তিতে তাঁদের প্রেমের সম্পর্ক রয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

গত এপ্রিলেও লিসার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন পংতিওয়াত। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একসঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন তিনি। ছবির সঙ্গে লিখেছিলেন, ‘চিয়ার্স টু ইউ, রকস্টার!’

তখনো ছবিগুলো নিয়ে আলোচনা হয়েছিল। নতুন করে প্রেমের গুঞ্জন ছড়ানোর পর ছবিগুলো আবারও আলোচনায় এসেছে।

লিসা

২০০০ সালে জন্ম নেওয়া পংতিওয়াত লিসার চেয়ে তিন বছরের ছোট। অভিনেতার পাশাপাশি তিনি গায়ক ও মডেল হিসেবেও কাজ করেন।

নেটফ্লিক্সের সিরিজ ‘রেডি, সেট, লাভ’-এ অভিনয় করে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিতি পান তিনি। দক্ষিণ কোরিয়ায় তাঁকে ‘থাইল্যান্ডের চা উন-উ’নামেও ডাকা হয়।
এর আগে ফরাসি ব্যবসায়ী ফ্রেদেরিক আর্নল্টের সঙ্গে লিসার প্রেমের গুঞ্জন ছিল। এলভিএমএইচের চেয়ারম্যান বার্নার্ড আর্নল্টের ছেলে ফ্রেদেরিকের সঙ্গে ২০২৩ সাল থেকে লিসার সম্পর্ক নিয়ে আলোচনা চলছে।

বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা গেছে। তবে দুজনের কেউই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি।

সম্প্রতি ফ্রেদেরিকের সঙ্গে লিসার সম্পর্কের ইতি ঘটেছে—এমন খবরও ছড়িয়েছে। তবে এ বিষয়েও লিসা বা ফ্রেদেরিক কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

কোরিয়া হেরাল্ড অবলম্বনে