প্রচণ্ড গরমে অসুস্থ পরাণ বন্দ্যোপাধ্যায়

পরাণ বন্দ্যোপাধ্যায়
আইএমডিবি

বাংলাদেশ তো বটেই, পুরো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়েই প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। গরমে শুটিং করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে অভিনয়শিল্পীদের। গরমে অসুস্থ হয়ে পড়ায় এবার শুটিং বন্ধ করলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্তান টাইমস বাংলার

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সর্দি-কাশিতে কাবু ৮২ বছর বয়সী এই অভিনেতা। সঙ্গে শারীরিক দুর্বলতাও রয়েছে। চিকিৎসক তাঁকে ১০ দিনের পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ফলে সব ধরনের শুটিং স্থগিত করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আজকালডটকমকে তিনি বলেন, ‘প্রচণ্ড গরমে বারুইপুর, বোলপুরে আউটডোর। প্রযোজনা সংস্থাকে জানিয়েছি, এখন শুটিং করতে পারব না। কথা বলতে না পারলে কাজ করব কীভাবে? শরীর তো আগে।’

সম্প্রতি অয়ন চক্রবর্তীর ওয়েব সিরিজ ‘নিখোঁজ’-এর শুটিং করেছেন অভিনেতা, তাঁর হাতে রয়েছে অভিজিৎ সেনের নতুন ছবি ‘প্রধান’। গত বছর একই পরিচালকের ছবি ‘টনিক’ বক্স অফিসে বাজিমাত করেছিল। ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন দেব। নতুন ছবি ‘প্রধান’-এও পরাণ-দেব-অভিজিৎ ত্রয়ীর চমক দেখার অপেক্ষায় দর্শক।

জানা গেছে, শুটিং ঠিকঠাক করা গেলে বড়দিনের ছুটিতে মুক্তি পাবে ছবিটি।

পরাণ বন্দ্যোপাধ্যায়

হিন্দি, বাংলাসহ ভারতের বিভিন্ন ভাষায় সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের যশোরে জন্ম নেওয়া এই অভিনেতা। বড় ও ছোট পর্দায় নানা ধরনের চরিত্র করলেও বাংলাদেশের দর্শকের কাছে তিনি বেশি পরিচিতি পান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এ বিচারকের দায়িত্ব পালন করেন।