
গত মঙ্গলবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এরপরই স্ট্রোক হয় নায়িকার। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, স্ট্রোকের ফলে ঐন্দ্রিলার মাথায় রক্ত জমাট বেঁধে গেছে। সেদিন থেকেই ঐন্দ্রিলা হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন। ছয় দিন পর অবস্থার উন্নতি হওয়ায় ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে তাঁকে।
অনেক দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দু–দুবার কঠিন এ রোগের সঙ্গে লড়াই করে শুটিংয়ে ফিরেছেন তিনি। তবে ক্যানসার নয়, হঠাৎই স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ঐন্দ্রিলা।
তবে আজ তাঁর অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। পুরোপুরি জ্ঞান না ফিরলেও কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য ছাড়াই শ্বাস নিতে পারছেন তিনি। ভেন্টিলেশন থেকে বের করে তাঁকে রাখা হয়েছে সাধারণ বেডে।
ঐন্দ্রিলার প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ঐন্দ্রিলা এখন অনেকটাই স্বাভাবিক। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শ্বাসক্রিয়া আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে। ওর মা যতক্ষণ থাকে, নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায়, যত্ন নেয়। বাবা আর দিদি ডাক্তারদের সঙ্গে আলোচনা করে। আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সঙ্গে। গলা চিনতে পারে, হার্টরেট ১৩০-১৪০ পৌঁছে যায়, দরদর করে ঘাম হয়, হাত মুচড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করে। প্রথম প্রথম ভয় পেতাম, এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমুলি।’
এর আগে ঐন্দ্রিলার সহকর্মীরা জানিয়েছেন, একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য গোয়া যাওয়ার কথা ছিল তাঁর। সে জন্য কলকাতার অন্যান্য শুটিং থেকে বিরতিও নিয়েছিলেন। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়লেন।
দুবার ক্যানসারের চিকিৎসার পর সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন ঐন্দ্রিলা শর্মা। সুস্থ হওয়ার পরই ছোট পর্দার জনপ্রিয় শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে হাজির হয়েছিলেন। তাঁর ক্যানসার জয়ের গল্প অনুপ্রাণিত করেছিল ভক্তদের। এরপর জি বাংলা অরিজিনালের ছবি ‘ভোলে বাবা পার করেগা’তে দেখা গিয়েছিল তাঁকে। ‘ভাগাড়’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা।