অভিনেত্রী সায়নী ঘোষের আজ ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে হাজির হওয়ার কথা ছিল। ইডির চাহিদামতো কিছু কাগজপত্র দেখানোর কথা ছিল। কিন্তু ইডির ডাকে সাড়া দিলেন না সায়নী।

দলের পক্ষে তৃণমূলের রাজ্য সম্পাদক ও রাজ্যের দলীয় মুখপাত্র কুণাল ঘোষ জানিয়ে দিলেন, পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য আজ তাঁকে বর্ধমানের গলসীর প্রচার সভায় উপস্থিত থাকতে হচ্ছে। তাই তিনি উপস্থিত হতে পারছেন না। তবে পঞ্চায়েত নির্বাচনের পর ইডি ডাকলে তিনি যথারীতি হাজির হবেন। ইডি এখন সায়নীর পরিবারের সম্পদের পরিমাণ খতিয়ে দেখছে। সিবিআইয়ের আতশি কাচেও আছে সায়নীর নাম।
১ জুলাই সায়নীকে একটানা প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেও সন্তুষ্ট হতে পারেনি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। তাই ৫ জুলাই আবারও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়।
গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় কলকাতার ইডি সদর দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন সায়নী। দুপুর ১২টায় ইডির গোয়েন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। রাত ১০টা ৪৫ মিনিটে জানানো হয়, ৫ জুলাই পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য সায়নীকে আসতে হবে ইডির দপ্তরে। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে সায়নী সাংবাদিকদের বলেন, তাঁর আরও কিছু কাগজপত্র দেখতে চেয়েছে ইডি। আগামী তারিখে তা পেশ করা হবে।
সায়নী ঘোষ শুধু একজন অভিনেত্রীই নন, তিনি এখন যুব তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতিও। ইডি স্কুলশিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতর অভিযোগ পেয়ে গত জানুয়ারি মাসে যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষকে গ্রেপ্তার করা হয়। কুন্তল ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল, পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষক নিয়োগে প্রার্থীদের কাছ থেকে অন্তত ২০ কোটি রুপি ঘুষ নিয়েছেন তিনি। সায়নী সেই অর্থের কোনো সুবিধা পেয়েছেন কি না, তা জানতেই ইডি তাঁকে তলব করে। কুন্তল ঘোষের কাছের লোক ছিলেন এই সায়নী ঘোষ। কুন্তল ঘোষের সঙ্গে তৃণমূলের বহু সভায় যোগ দিয়েছেন তিনি। অভিযোগ, কুন্তলের জমিজমা ক্রয়–বিক্রয়সহ অন্যান্য কাজে যুক্ত থাকেন সায়নী ঘোষ।
ইডির কর্মকর্তারা কুন্তল ঘোষের সম্পর্ক কী, কুন্তল ঘোষের ঘুষের টাকার কোনো অংশ পেয়েছেন কি-না, সায়নীর কাছ থেকে শিক্ষক নিয়োগের কোনো প্রার্থী তালিকা পেয়েছেন কি না, তাঁর সম্পত্তির তালিকা, ১০ বছরের আয়কর প্রদানের কাগজপত্র, ব্যাংক হিসাব ইত্যাদি বিষয়ে জানতে চেয়েছেন ইডি। জানা গেছে, প্রথম দফায় সায়নী ঘোষ অধিকাংশ প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।