
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে ছবিটি। দেখতে অনেকটা কবি সুকান্ত ভট্টাচার্যের প্রচলিত সেই ছবির মতো। সুকান্তের বইয়ের প্রচ্ছদে ছবিটি ব্যবহৃত হচ্ছে বছরের পর বছর। তবে যে ছবি ভাইরাল হয়েছে, সেটি একজন ভারতীয় অভিনেতার। কে এই অভিনেতা? হিন্দুস্থান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক সে গল্পই।
ছবিটি সাদাকালো। পুরোনো সেই ছবির মতোই—একই রকমভাবে গালে হাত দিয়ে বসে থাকা। অবয়বে দারুণ মিল। চুলেও মিল।
পোশাকও প্রায় একই—কোট, শার্ট পরা। হঠাৎ দেখলে মনে হবে পুরোনো ছবিটিই। মনে হবে প্রচ্ছদের সেই কবি সুকান্ত। তবে আরেকটু খেয়াল করলে অনেকেই বুঝতে পারবেন, ছবিটি একজন অভিনেতার। তাঁকে দেখা গেছে বড় পর্দায়, ওটিটিতে। অভিনয় করেছেন মঞ্চে। গত কয়েক বছর এই অভিনেতার একটি গোয়েন্দা চরিত্র বেশ জনপ্রিয়তা পেয়েছে। তিনি একেন বাবু, অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। সাদাকালো ছবিটি তাঁর তরুণ বয়সের, অভিনয়জীবনের প্রথম দিকের।
অনির্বাণ চক্রবর্তী কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করেছেন। সেখানে তিনি জানান, বহু বছর আগে দূরদর্শনে অনুষ্ঠিত হওয়া একটি সিরিজের ছবি। সেই সিরিজে তিনি ‘সুকান্ত’ হয়েছিলেন।
অনির্বাণ চক্রবর্তী তাঁর ফেসবুক পোস্টে এ ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা আমার ছবি। না বলে দিলে আমার আজকের চেহারা দেখে কেউ চিনতে পারবেন না। সে বহু যুগ আগের কথা। দূরদর্শনে একটি সিরিজ হয়েছিল। সেই সিরিজের পরিচালক ছিলেন নীতিশ মুখোপাধ্যায়। আমি সেখানে সুকান্ত পর্বে সুকান্ত ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করেছিলাম। আজ খুঁজে পেলাম ছবিটা।’
গতকাল মঙ্গলবার বাংলাদেশি এক অভিনেতার অন্য সাজের একটি ছবি ভাইরাল হয়, যে ছবি দেখে অনেকে প্রথমে মন্তব্য করেছেন, আরে, এ তো মৃণাল সেন! অভিনেতা চঞ্চল চৌধুরী ছবিটি শেয়ার করেছেন।
এক দিনে ছবিটিতে ২০ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। দেড় হাজার মন্তব্য জড়ো হয়েছে। ছবিটি শেয়ার করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই...এটা কি মৃণাল সেন, নাকি আমি! সত্যটা বুঝতে একটু সময় লেগেছে, সেই সঙ্গে অনেকখানি ভালোও লেগেছে। মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কী অসাধারণ কাজ।’ চঞ্চল চৌধুরী জানিয়েছেন, মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিখ্যাত পত্রিকা ভ্যারাইটি মৃণাল সেনের চরিত্রে অভিনেতার এই ছবিটি দিয়ে, আমার এবং পরিচালক সৃজিত মুখার্জি ও প্রযোজক ফেরদৌসুল হাসানের একটা ইন্টারভিউ ছেপেছে।