ইধিকা পাল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ইধিকা পাল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

শাকিব, দেবের পর এবার জিতের নায়িকা ইধিকা

পশ্চিমবঙ্গের টিভি সিরিয়ালে অভিনয় করতেন। ছোট পর্দার অভিনেত্রী হিসেবে মোটামুটি একটা পরিচিতিও ছিল। সেখান থেকে হুট করেই ঢাকা ও কলকাতার দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠলেন ইধিকা পাল। ২০২৩ সালে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের নায়িকা হওয়া তাঁর ক্যারিয়ারের বড় বাঁকবদল। পরের বছর মেহেদি হাসানের ‘বরবাদ’-এ আবারও শাকিবের নায়িকা।

শাকিবের সঙ্গে দুই সিনেমার পর রাতারাতি বদলে যায় ইধিকার ক্যারিয়ার। দেবের সঙ্গে করেন দুই সিনেমা—‘খাদান’ ও ‘রঘু ডাকাত’। সোহমসহ পশ্চিমবঙ্গের আরও তারকাদের সঙ্গেও তাঁকে দেখা গেছে। সম্প্রতি শেষ করেছেন সৃজিত মুখার্জির ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ সিনেমার শুটিং। এ ছবিতে প্রথমবারের মতো যীশু সেনগুপ্তর সঙ্গে কাজ করেছেন। এবার আরেক তারকা জিতের নায়িকা হচ্ছেন ইধিকা। ছবিটি এসকে মুভিজের প্রযোজনায় তৈরি হওয়ার কথা। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আনন্দবাজার, সংবাদ প্রতিদিনসহ পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

ইধিকা পাল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বড় তারকা আর বড় প্রযোজনা সংস্থার সঙ্গে টানা কাজের সুযোগ অভিনেত্রীর জীবনে স্থিরতা এনেছে। সম্প্রতি ‘পডকাস্ট উইথ অরিজিৎ চক্রবর্তী’তে তিনি বলেন, পরিবার থেকে তাঁর অভিনয়ে ক্যারিয়ার গড়া নিয়ে সম্মতি ছিল না। বাবা ছিলেন টালিউডের জুনিয়র টেকনিশিয়ান। সিনেমায় কাজের অনিশ্চয়তা কাছ থেকে দেখেছেন। চাইতেন, মেয়ে নয়টা–পাঁচটার চাকরি করুক। বাবাকে ইধিকা বলেছিলেন, এক বছর সময় দিতে। না পারলে অন্য পেশায় চলে যাবেন। সময়টা যে ভালোভাবেই কাজে লাগিয়েছেন, বলাই বাহুল্য।

ইধিকা পাল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

পশ্চিমবঙ্গে বাণিজ্যিক সিনেমা গত কয়েক বছরে সেভাবে সাফল্য পায়নি। তবে ইধিকা মনে করেন, বুদ্ধিদীপ্তভাবে বানালে বাণিজ্যিক সিনেমারও প্রচুর দর্শক আছে। বড় পরিচালকদের সঙ্গে ভিন্নধারার সিনেমা অবশ্যই করতে চান, তবে বেশি পছন্দ সাধারণ দর্শকের জন্য নির্মিত বাণিজ্যিক সিনেমা। ‘বড় শহরের বাইরে প্রচুর দর্শক আছেন। তাঁরা কিন্তু বাংলা সিনেমা দেখতে চান। ঠিকঠকভাবে বানালে, এই বিশাল দর্শকগোষ্ঠীকে ধরা সম্ভব,’ বলেন ইধিকা।

সাক্ষাৎকারে বড় তারকাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন অভিনেত্রী, ‘শাকিব খান, দেব বা যীশু সেনগুপ্ত বলুন, সবাই কাজ নিয়ে অনেক সিরিয়াস। নিজের প্রজেক্টটা যেন সাফল্য পায়, সেটা নিয়ে তাঁদের চেষ্টার কমতি থাকে না। তাঁদের সঙ্গে কাজ না করলে এটা বাইরে থেকে বুঝতে পারতাম না। নতুন হিসেবে এটা আমার জন্য বড় শিক্ষা।’
সামনে মেহেদি হাসানের নতুন সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে পারেন ইধিকা। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।