‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া
‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া

‘কুসুম’ হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া

নতুন বছরের শুরুতেই ক্যারিয়ারে আরও একটি উল্লেখযোগ্য অর্জন যোগ করলেন অভিনেত্রী জয়া আহসান। কলকাতার টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে জয়া

পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করে ফেসবুক পোস্টে জয়া লিখেছেন, ‘“পুতুলনাচের ইতিকথা’’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। জি২৪ ঘণ্টা আয়োজিত বিনোদনের সেরা ২৪ আয়োজনে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। কৃতজ্ঞ ও অভিভূত।’ জয়ার এ পোস্টে ভক্ত থেকে বাংলাদেশ ও কলকাতার অভিনয়শিল্পী থেকে নির্মাতা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতবর্ষ সাময়িকীতে ১৯৩৪-৩৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’। প্রকাশের ৯০ বছর পর সেই উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। গত বছরের আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুতুলনাচের ইতিকথা’। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে পর্দায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া। এতে শশী, কুমুদ, যাদব আর সেনদিদি হয়েছেন আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।

‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে জয়া

কুসুম চরিত্রটি নিয়ে আনন্দবাজার পত্রিকাকে জয়া বলেছিলেন, ‘বরাবর নারীকেই কামনা ও বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু কুসুমেরও নিজের কামনা-বাসনা রয়েছে, যা সে লুকোয় না। কুসুম একটা খোলা বইয়ের মতো। কুসুমের মন, শরীর ও আত্মা সব এক রকম। এখানেই শশীর সঙ্গে তার পার্থক্য। কুসুম কিন্তু শশীর চরিত্রকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। সে এতটাই খোলা মনের, সতেজ একটি চরিত্র।’