শুটিং সেটে হঠাৎ অসুস্থ অভিনেতা সিদ্দিক

সিদ্দিকুর রহমান
ছবি: সংগৃহীত

শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কৌতুক অভিনেতা সিদ্দিকুর রহমান। সহশিল্পীরা তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে পরিবারের সহযোগিতায় হাসপাতালে চলে যান তিনি। সিদ্দিক এখন মোটামুটি সুস্থ। তবে শারীরিক পরিস্থিতির বিস্তারিত জানতে দেশের বাইরে যেতে চাইছেন তিনি।

১২ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে ফেসবুকে সেদিনের ঘটনা জানিয়েছিলেন সিদ্দিকুর রহমান। ঘটনাটি ঘটে হিমু আকরাম পরিচালিত ‘শান্তি মলম দশ টাকা’ ধারাবাহিকের শুটিং সেটে। সিদ্দিক জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সালাহউদ্দিন লাভলু তাঁকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। কয়েকজন বন্ধু ও পরিবারের সদস্যদের সহযোগিতায় উত্তরার একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। পরদিন আবারও অন্য একটি হাসপাতালে গেলে চিকিৎসকেরা তাঁকে কিছু পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন।

সিদ্দিক বলেন, ‘সবকিছু ঠিক থাকলে পরশু ভারতে যাব। ডাক্তাররা বলেছেন আমার হার্ট পরীক্ষা করানো দরকার। ভারতের বড় একজন হার্টের ডাক্তারকেই হার্ট দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষা-নিরীক্ষাগুলো সেখানেই করাব।’ ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন কৌতুক অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘দর্শক-ভক্ত সবার কাছে দোয়া চাই। চিকিৎসা শেষে ফিরে এসে আবারও শুটিংয়ে যোগ দেব। আশা করি বড় রকমের কোনো সমস্যা হয়নি।’

সিদ্দিকুর রহমান

‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘মাইক’, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’, ‘ড্যান্স ডিরেক্টর’, ‘ছাইয়া ছাইয়া’সহ অনেক নাটকে অনবদ্য অভিনয় করে টেলিভিশন দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন সিদ্দিকুর রহমান। এখনো বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। একপর্যায়ে নিজেই প্রযোজনা শুরু করেন। সিদ্দিককে পাওয়া যাবে ‘শান্তি মলম ১০ টাকা’, ‘টুইন ভিলেজ’, ‘বউ বিরোধ’, ‘পরিবার’ ও ‘জমিদারবাড়ি’ নাটকগুলোতে। সিদ্দিকদের প্রযোজিত নাটকের জন্য অপেক্ষা করতে হবে নতুন বছর পর্যন্ত।