
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘কঙ্কাল’ গল্পে লিখেছেন, ‘...ইচ্ছা ছিল যখন আমার অনন্তরাত্রির বাসর-ঘরে ধীরে ধীরে প্রবেশ করিব তখন এই হাসিটুকু এখান হইতেই মুখে করিয়া লইয়া যাইব। কোথায় বাসর-ঘর! আমার সে বিবাহের বেশ কোথায়! নিজের ভিতর হইতে একটা খট্খট্ শব্দে জাগিয়া দেখিলাম, আমাকে লইয়া তিনটি বালক অস্থিবিদ্যা শিখিতেছে!’
অন্য রকম এ গল্পটি থেকে একই নামে নির্মিত হচ্ছে নাটক। আর নাটকটির প্রধান চরিেত্র অভিনয় করছেন অভিনয়শিল্পী ভাবনা।
নাটকটি নির্মাণ করছেন আরেক অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী। তবে গল্প থেকে কাহিনিবিন্যাস করেছেন রীতা দত্ত এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাধনা আহমেদ।
গত রোববার থেকে গাজীপুরের কালিয়াকৈরে শুরু হয়েছে নাটকটির শুটিং। রবীন্দ্রনাথের গল্প থেকে নাটক নির্মাণ নিয়ে রোকেয়া প্রাচী বললেন, ‘ভীষণ রোমান্টিক গল্প। তবে রবীন্দ্রকাব্যের গল্প বলেই একটু ভয় লাগছে। আমার টিমটা দারুণ পেয়েছি।’
ভাবনা বললেন, ‘রবীন্দ্রনাথের গল্পে কাজ করা সত্যিই আনন্দের ব্যাপার।’
ভাবনাকে ঘিরে গল্প হলেও এতে আরও অভিনয় করেছেন রামিজ রাজু, ইরফান সাজ্জাদ, মাজনুন মিজান প্রমুখ। ২২ শ্রাবণ চ্যানেল আইতে প্রচারিত হবে নাটকটি।