
মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি এবার মাতৃত্বের চিরন্তন ভালোবাসার গল্প তুলে ধরতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তাঁর ন্যাশনাল কস্টিউমের থিম নির্ধারণ করা হয়েছে ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ (মাতৃত্ব—ভালোবাসার এক সর্বজনীন বন্ধন)।
আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের পোশাকের থিম ও ভাবনার কথা জানিয়েছেন সামিরা খান মাহি। সেখানে তিনি লিখেছেন, ‘পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা আমাদের আগলে রাখে, তার নাম মা। আর যে মাটির বুকে আমরা বেড়ে উঠি, যে মাটি আমাদের দেয় শিকড় ও পরিচয়, তার নাম মাতৃভূমি।’
বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই পোশাক পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধাঞ্জলি বলে জানিয়েছেন তিনি। সামিরার ভাষায়, মা ও সন্তানের সম্পর্ক এমন এক চিরন্তন বন্ধন, যেখানে মিশে আছে জন্মের বিস্ময়, সীমাহীন মমতা, নীরব ত্যাগ আর আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি।
পোশাকটির প্রতিটি নকশা ও প্রতীকের মধ্য দিয়ে মাতৃত্বের গল্প তুলে ধরার পরিকল্পনা করেছেন এই প্রতিযোগী। তাঁর প্রত্যাশা, এই গল্প ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমানা পেরিয়ে পৃথিবীর প্রতিটি মানুষের হৃদয় স্পর্শ করবে।
নিজের পোস্টে সামিরা আরও জানিয়েছেন, অপরিসীম গর্ব ও আবেগ নিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি। তাঁর কাছে এই পোশাক কেবল একটি সৌন্দর্য প্রদর্শনের অনুষঙ্গ নয়, বরং মা, মাতৃত্ব এবং জন্মভূমির প্রতি ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম।
মাত্র ৪০ মিনিটে মাহির পোস্টে প্রতিক্রিয়া এসেছে ২ হাজার, মন্তব্য পড়েছে ১৫০। মন্তব্যের ঘরে অনেকেই তাঁকে শুভকামনা জানিয়েছেন।
অভিনয় ও মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু। মাঝপথে অসুস্থতার কারণে বিরতি নিতে হয়েছিল। পরে নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন, জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। এবার নতুন পরিচয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। ৭৫ বছরে পা দিচ্ছে এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতা।
২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে হবে চূড়ান্ত পর্ব। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সামিরা খান মাহি।
প্রতিযোগিতায় যাওয়ার আগে মাহি প্রথম আলোকে জানিয়েছিলেন, রোমাঞ্চের সঙ্গে তাঁর মধ্যে নার্ভাসনেসও কাজ করছে। কারণ, তিনি প্রস্তুতির সময় পেয়েছেন খুব কম। মিস ইউনিভার্স মঞ্চে এর আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন শিরিন শিলা, আনিকা আলম ও তানজিয়া জামান মিথিলা।