নওবা তাহিয়া
নওবা তাহিয়া

সামনে কী করবেন নওবা

মাঝের সময়ে পড়াশোনার জন্য মাস পাঁচেকের বিরতি নিয়েছিলেন। তবে এবার শোবিজকে একবারে বিদায়ই বললেন নওবা তাহিয়া।

অভিনয় ক্যারিয়ারে ইতি টেনে বুধবার রাতে এক ফেসবুক পোস্টে এই তরুণ অভিনেত্রী লিখেছেন, ‘মিডিয়ায় চার বছর কাজ করার পর আমি যাত্রাটা শেষ করছি। এই সময়টা আমার জন্য খুব সুন্দর ও স্মরণীয় ছিল।’  

নওবা তাহিয়া

নওবা তাহিয়া জানান, নতুন আর কোনো নাটক, বিজ্ঞাপনচিত্র ও সিরিজে যুক্ত হবেন না তিনি। তবে কয়েকটি কাজ করা আছে, সেগুলো মুক্তি পেতে পারে।    

 অভিনয় ছাড়লেন কেন?—জানতে চাইলে নওবা প্রথম আলোকে জানান, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তির সুযোগ পেয়েছেন। এত দিন পড়াশোনার ফাঁকে অভিনয় করেছেন।

সামনে কী করবেন?—নওবার ভাষ্য, অভিনয় ছেড়ে শুধু পড়াশোনায় মন দিতে চান তিনি।

তিনি বলেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার পর থেকেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিলাম। একসঙ্গে পড়াশোনা ও অভিনয় করাটা কঠিন। পড়াশোনা বাদ দিয়ে অভিনয় করব, সেই সাহস হয়নি।’

নওবা তাহিয়া। ছবি: অভিনেত্রীর সৌজন্যে

অভিনয় ছাড়ার ঘোষণা দেওয়ার পর ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিজের বেশির ভাগ ছবিও মুছে ফেলেছেন নওবা। তিনি জানান, চার–পাঁচ মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছবি সরিয়ে নিচ্ছেন তিনি।

নওবার পোস্টে প্রায় ৮০০ ‘রিঅ্যাক্ট’ পড়েছে, মন্তব্য এসেছে শতাধিক। কেউ কেউ তাঁর জন্য শুভকামনা জানিয়েছেন; কেউ লিখেছেন, ‘তুমি অনেক ভালো করছিলে, হঠাৎ মিডিয়া ছেড়ে দেওয়াটা ঠিক হলো না।’

২০২১ সালের শেষভাগে বিটিভিতে প্রচারিত ফেরার গল্প নাটক দিয়ে নওবার অভিনয়ে অভিষেক। ২০২৩ সালে পুনর্মিলনে ওয়েব সিনেমায় অভিনয় করে খ্যাতি পান। চার বছরের ক্যারিয়ারে ‘নয়া নোট’, ‘যদি হারিয়ে যাই’, ‘শেষের তুমি’সহ বেশ কয়েকটি নাটক ও সিনেমায় তাঁকে দেখা গেছে।