
প্রচার শুরুর পর থেকেই আলোচনায় মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’। পারিবারিক গল্পের নাটকটির প্রতিটি পর্বই আগ্রহ নিয়ে দেখেছেন দর্শকেরা। এবার নাটকটির ৫০তম পর্ব আবার আলোচনায়। মুক্তির মাত্র ১৮ দশমিক ৩৪ ঘণ্টায় নাটকটির ভিউ হয়েছে ১ কোটি! নির্মাতা এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
এত কম সময়ের নাটকটির এমন ভিউ প্রশংসায় ভাসছেন অভিনয়শিল্পী ও নির্মাতা। আরেক নির্মাতা শিহাব শাহীন ফেসবুকে নাটকের টিমকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ওয়াও! এটা দুর্দান্ত। বাংলা নাটক ইন্ডাস্ট্রির জন্য দারুণ খবর। শাবাশ! মোস্তফা কামাল রাজ!’ সঙ্গে তিনি নাটকের অভিনয়শিল্পীদর ট্যাগ করেও অভিনন্দন জানিয়েছেন। পোস্টের নিচে মন্তব্যের ঘরে এমন প্রেরণার জন্য শিহাব শাহীনকে ধন্যবাদ জানিয়েছেন নির্মামা রাজ, অভিনয়শিল্পী খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, দীপা খন্দকারসহ অনেকেই।
একসময় ঢাকার ধারাবাহিক নাটকের বেশ জনপ্রিয়তা ছিল। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তায় ভাটা পড়েছে। বিদেশি ধারাবাহিকে ঝুঁকেছেন দর্শকেরা। তবে সে চিত্র বদলাচ্ছে। আবার পরিবার নিয়ে দেশের ধারাবাহিক নাটক উপভোগ করছেন দর্শকেরা। এর মধ্যে আলাদাভাবে নজর কেড়েছে মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’। দর্শকেরা বলছেন, ধারাবাহিকটি পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো। পাশাপাশি এর গল্প ও চরিত্রের মধ্যে নিজেদের খুঁজে পাচ্ছেন তাঁরা। এর ফলে নাটকের প্রতিটি পর্ব ইউটিউবে পাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ।
গত বছরের ৫ নভেম্বর থেকে একযোগে চ্যানেল আই ও ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’তে প্রচারিত হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। এতে ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ্ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরীসহ অনেকে অভিনয় করেছেন।
ধারাবাহিকটি দর্শক কেন দেখছেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা মোস্তফা কামাল রাজ প্রথম আলোকে বলেছিলেন, ‘পারিবারিক গল্প সব সময়ই আলাদা জায়গা তৈরি করে। কারণ, এখানে বয়স, শ্রেণি, ভেদাভেদ থাকে না। সবাই কোনো না কোনো চরিত্রের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারে। আমার মনে হয়, দর্শক এটা পছন্দ করছেন। কারণ, গল্পটা খুব বাস্তব, আবেগগুলো অতিরঞ্জিত নয়। আর চরিত্রগুলো একেবারেই চেনা মানুষদের মতো। প্রতিদিন আমরা যে সম্পর্কগুলো দেখি, পরিবারের ভেতরের টানাপোড়েন, না-বলা কষ্ট, ভালোবাসা আর দায়িত্ব—সবকিছু মিলিয়েই মনে হয়েছে, এটা শুধুই একটা গল্প নয়, এটা আমাদেরই গল্প। তাই নামটাও এমন রাখা, যেন নিজের জীবনকে এর ভেতরে খুঁজে পায় দর্শক। এখানে হাসি আছে, কান্না আছে, আবার নীরব কষ্টও আছে, যেটা অনেক সময় আমরা নিজেরাই অনুভব করি।’
এর আগে নির্মাতা জানিয়েছেন, ৫২তম পর্বেই শেষ হবে ধারাবাহিকটি।