পর্দায় প্রেমের গল্পে অভিনয় করেছেন কোরীয় অভিনেত্রী নানা। এবার বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার এই অভিনেত্রী।
তাঁর প্রেমিক সাবেক বিগব্যাং সদস্য ও অভিনেতা টি ও পি। শুক্রবার দুজনের প্রেমের সম্পর্কের খবর নিশ্চিত করেছে তাঁদের এজেন্সি।
নানার এজেন্সি স্যাবলাইম জানিয়েছে, মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় টি ও পির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
টি ও পির এজেন্সি টপ স্পট পিকচার্সও তাঁদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছে। এজেন্সির ভাষ্য অনুযায়ী, দুজনের প্রেমের সম্পর্ক শুরু হয়েছে এ বছরের জুনের দিকে।
টি ও পির একক গান ‘স্টুডিও৫৪’-এর মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যায় দুজনকে। সেখানে টি ও পির সঙ্গে অভিনয় করেছেন নানা। মিউজিক ভিডিওর শুটিং থেকেই তাঁদের পরিচয়। এরপর সেই সম্পর্ক গড়িয়েছে প্রেমে।
প্রেমের খবর প্রকাশ্যে আসার পর নানার পুরোনো কিছু মন্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। গত মার্চে এমবিসির ‘দ্য ম্যানেজার’ অনুষ্ঠানে প্রেম নিয়ে কথা বলেছিলেন তিনি। তখন নানা বলেছিলেন, ব্যস্ততার মধ্যেও অবসর পাওয়া ছোট ছোট সময় কাজে লাগিয়ে প্রেম করা সম্ভব।
নানা আরও জানিয়েছিলেন, তিনি এমন পুরুষ পছন্দ করেন, যাঁরা কোমল ও যত্নশীল। চেহারার চেয়ে আচরণ তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
এর আগে একটি ইউটিউব অনুষ্ঠানে নানা বলেছিলেন, কাউকে পছন্দ হলে তিনি নিজের আগ্রহ প্রকাশ করতে দ্বিধা করেন না; বরং পছন্দের মানুষকে নিজেই কাছে গিয়ে নিজের অনুভূতির কথা জানান। টি ও পির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অবশ্য প্রথমে কে এগিয়ে এসেছিলেন, তা জানা যায়নি।
নানা ২০০৯ সালে ‘আফটার স্কুল’ গার্ল গ্রুপের সদস্য হিসেবে বিনোদনজগতে যাত্রা শুরু করেন। পরে অভিনয়ে মন দেন। ‘দ্য গুড ওয়াইফ’, ‘মেমোরিজ অব আ লাভ’ ও ‘মাস্ক গার্ল’-এর মতো কাজের মাধ্যমে পরিচিতি পান। সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য স্ক্যান্ডাল’ সিরিজে অভিনয় করে আবারও আলোচনায় আসেন তিনি।
অন্যদিকে টি ও পি ২০০৬ সালে বিগব্যাংয়ের সদস্য হিসেবে ক্যারিয়ার শুরু করেন। সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন। ‘আই অ্যাম দ্য সিক্রেট’, ‘তাজা’ ও ‘আউট অব কন্ট্রোল’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় মৌসুমেও দেখা গেছে তাঁকে।
নানা এবং টি ও পির প্রেমের খবর প্রকাশ্যে আসার পর দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে নতুন এই জুটিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সম্পর্কের বিষয়ে দুজনের পক্ষ থেকে এর বেশি বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ইয়োনহ্যাপ, কোরিয়া জুংঅ্যাং ডেইলি, দ্য কোরিয়া টাইমস অবলম্বনে