
শারীরিকভাবে অসুস্থ অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা ও সংগীতশিল্পী মুজিব পরদেশীর পাশে দাঁড়িয়েছে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘সেভ আওয়ার কালচার’। আজ মঙ্গলবার সংগঠনটির কার্যালয়ে দুজনের হাতে ৫০ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে আরও শিল্পীদের পাশে দাঁড়ানো হবে বলে জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির চেয়ারম্যান হিসেবে আছেন একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার মনিরুজ্জামান মনির। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রায় এক দশক আগে প্রতিষ্ঠিত এই সংগঠন মাঝে কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর বর্তমানে নতুন নির্বাহী কমিটির মাধ্যমে পুনরায় যাত্রা শুরু করেছে। আমাদের মূল উদ্দেশ্য হলো সামাজিক ও সাংস্কৃতিক কাজ করা, মানুষকে সুস্থ বিনোদন দেওয়া এবং অসুস্থ ও দুস্থ শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করা।’
মনিরুজ্জামান মনির আরও জানান, ভবিষ্যতে একটি স্থায়ী কার্যালয়ের পরিকল্পনা রয়েছে তাঁদের। যেখানে গান, নাচ ও নাটকের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা থাকবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আবদুর রহিম, সংগঠনের সদস্য লেখক ও গবেষক মিজানুর রহমান প্রমুখ।