
ঈদুল ফিতর উপলক্ষে আবারও আসছে ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় গাজীপুরের কাপাসিয়ায় ধারণ করা হয়েছে এবারের আয়োজন। অনুষ্ঠানটি ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায় চ্যানেল আইয়ে প্রচার হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দশ হাজার মানুষের উপস্থিতিতে গ্রামীণ আবহে ধারণ করা হয়েছে এবারের আয়োজন। কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মজার নানা খেলাধুলা ও প্রতিযোগিতার মধ্য দিয়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
শাইখ সিরাজ জানান, কাপাসিয়াকে বেছে নেওয়ার পেছনে বিশেষ কারণ রয়েছে। ‘বাংলাদেশে আমিষের চাহিদা পূরণ ও কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশে পোলট্রি শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হাকিম আলীর মৎস্য খামার ও মিসেস জামানের মুরগির খামার তরুণদের গ্রামে ফিরে আসতে উৎসাহিত করেছে।
চাকরি নামের সোনার হরিণের পেছনে না ছুটে তাঁরা কৃষি ও খামারভিত্তিক কাজে যুক্ত হয়েছেন। তাঁদের হাত ধরেই কুটির শিল্প থেকে আজ প্রায় ৪০ হাজার কোটি টাকার বিশাল পোলট্রি শিল্প খাত গড়ে উঠেছে।’
তিনি আরও বলেন, কৃষি ও গ্রামীণ সম্ভাবনার এই গল্পগুলো তুলে ধরতেই এবারের কৃষকের ঈদ আনন্দ আয়োজন করা হয়েছে।
খেলাধুলার পাশাপাশি অনুষ্ঠানে থাকবে কৃষি ও গ্রামীণ জীবনের নানা আকর্ষণীয় বিষয় নিয়ে প্রামাণ্যচিত্র।