অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ছোট পর্দার জনপ্রিয় মুখ। সময়ের সঙ্গে তাঁর জনপ্রিয়তা বেড়েছে। নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। নাটকের কাজ কমিয়ে দিয়ে অপূর্ব এখন ওটিটি কনটেন্টে কেশি মনোযোগী। বছরের প্রায় বেশির ভাগ সময় শুটিং, নতুন কাজের প্রস্তুতি আর নানা প্রকল্প নিয়ে ব্যস্ত থাকেন তিনি। তবে কাজের চাপ যতই থাকুক, ভক্তদের সঙ্গে যোগাযাগ রক্ষা করতে সামাজিক মাধ্যমেও সময় দেন অপূর্ব।
সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমের এক পোস্টে জীবনের সাফল্য, ভালোবাসা ও সার্থকতা নিয়ে আবেগঘন কিছু কথা শেয়ার করেছেন তিনি। সেই পোস্টে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা ও উপলব্ধিও তুলে ধরেন এই অভিনেতা।
অপূর্ব মনে করেন, সাফল্যকে কোনো নির্দিষ্ট সংজ্ঞার মধ্যে বাঁধা যায় না। তাঁর কাছে সাফল্যের প্রকৃত অর্থ হচ্ছে মানুষের অকৃত্রিম ভালোবাসা। তিনি লিখেছেন, ‘সাফল্যের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। আমার কাছে অকৃত্রিম ভালোবাসাই হলো আসল সাফল্য। মাঝে মাঝে পেছনের দিকে তাকালে অবাক হয়ে যাই, কীভাবে বছরের পর বছর আপনারা (ভক্তরা) আমাকে আগলে রেখেছেন।’
অভিনয়ের নানা চরিত্রের প্রসঙ্গ টেনে অপূর্ব বলেন, ‘পর্দার চরিত্রগুলো ক্ষণস্থায়ী—আজ আছে, কাল নেই। কিন্তু দর্শক-ভক্তদের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়, তা অনেক গভীর এবং স্থায়ী।’ তাঁর ভাষায়, ‘পর্দার চরিত্রগুলো তো আসে যায়, কিন্তু আপনাদের সঙ্গে আমার যে আত্মার সম্পর্ক তৈরি হয়েছে, সেটা চিরন্তন।’
অপূর্ব আরও জানান, পেশাগত ব্যস্ততা কিংবা ব্যক্তিগত জীবনের নানা ব্যস্ততার মধ্যেও যখন ভক্তদের ভালোবাসার কথা মনে পড়ে, তখন জীবনের প্রতি একধরনের তৃপ্তি অনুভব করেন। সেই অনুভূতিই তাঁকে নতুন করে কাজ করার অনুপ্রেরণা জোগায়। ‘দিনের শেষে যখন আপনাদের দেওয়া ভালোবাসার কথা ভাবি, তখন মনে হয় জীবনটা সত্যিই সার্থক’—লিখেছেন অপূর্ব।
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে এই অভিনেতা বলেন, ‘আপনারা যাঁরা দূর থেকে কিংবা কাছে থেকে প্রতিনিয়ত আমাকে দোয়া আর ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আপনাদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না।’
পোস্টের শেষাংশে ভক্তদের জন্য আন্তরিক শুভকামনাও জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘আপনারা আমার হৃদয়ের খুব কাছের মানুষ। সবাই সুস্থ থাকুন, হাসি আর আনন্দে থাকুন।’ অপূর্বর এই আবেগঘন পোস্ট ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে। ভক্তরা মন্তব্যে তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সমর্থন জানাচ্ছেন। অনেকেই তাঁর এই বিনয়ী মনোভাব ও ভক্তদের প্রতি আন্তরিকতাকে সাধুবাদ জানিয়েছেন।