জেবা জান্নাত
জেবা জান্নাত

‘অনৈতিক’ প্রস্তাবের অভিযোগ মডেলের, পরিচালকের অস্বীকার

অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে উঠতি মডেল জেবা জান্নাতকে ‘নিষিদ্ধ’ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। নিষিদ্ধের খবর প্রকাশ্যে আসার পর নাট্যনির্মাতা সাজ্জাদ দোদুলের বিরুদ্ধে ‘অনৈতিক’ প্রস্তাবের অভিযোগ তুলেছেন এ মডেল। অভিযোগ অস্বীকার করেছেন সাজ্জাদ দোদুল।
গত বছরের মার্চের দিকে রাশেদা আক্তারের ‘টু লেট’ নামে একটি সিরিয়ালে কাজ করেছেন জেবা, অক্টোবরে ডিরেক্টরস গিল্ডে জেবার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ করেন রাশেদা আক্তার। তাঁর অভিযোগ, জেবার অসহযোগিতার কারণে নাটকটি শেষ করতে পারেননি তিনি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সাজ্জাদ দোদুল

ডিরেক্টরস গিল্ডের অভিযোগ নিষ্পত্তির উপকমিটির আহ্বায়ক ফিরোজ খান আজ সোমবার প্রথম আলোকে জানান, জেবার বক্তব্য জানতে সালিস ডাকা হলেও তিনি আসেননি। পরে ৯ জানুয়ারি সাধারণ সভায় সবার মতামতের ভিত্তিতে তাঁকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ জুন জেবা জান্নাতকে নিষিদ্ধের চিঠি পাঠিয়েছে ডিরেক্টরস গিল্ড, ২০ জুন থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। চিঠির খবর প্রকাশ্যে আসার পর পরিচালক রাশেদা আক্তারের স্বামী, পরিচালক সাজ্জাদ দোদুলের বিরুদ্ধে ‘অনৈতিক প্রস্তাব’ দেওয়ার অভিযোগ তুলেছেন গণমাধ্যমে। যোগাযোগ করা হলে প্রথম আলোকে অভিনেত্রী জেবা জান্নাত জানান, ঘটনাটি এক বছর আগের। নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজেও বুঝছি না আমি কেন নিষিদ্ধ হলাম।’ জেবা জান্নাত আরও বলেন, ‘ওই সময় পরিচালক সাজ্জাদ হোসেনের কয়েকটা কাজ করেছি। এরপরই ওনার স্ত্রী লাজুক ভাবির (রাশেদা আক্তার) একটা ধারাবাহিকে কাজের কথা বলেন। আমি কাজটা শুরু করি। কিন্তু কাজটা করতে গিয়ে কিছু সমস্যার মুখোমুখি হই। যেমন অনেক রাত পর্যন্ত শুটিং করলেও তাঁরা আমাকে কোনো ধরনের ট্রান্সপোর্ট দিতেন না। ওই সময়ে নিয়ম ছিল রাত ১১টার পর শুটিং করা যাবে না। তারপরও তাঁরা গভীর রাত পর্যন্ত শুটিং করাতেন। প্রথম কয়েক দিন কাজ করলেও পরে ট্রান্সপোর্টের অসুবিধার কারণে আমি তাঁদের বলি, আমি এই কাজ আর করতে পারব না। পরে দু-তিন দিন শুটিংয়ে যাইনি। এরপর আমাকে বুঝিয়ে আবারও শুটিংয়ে ফেরান এই বলে, তাঁরা আমাকে দ্রুত ছেড়ে দেবেন। কিন্তু তাঁরা কথা রাখেননি।’

জেবা জান্নাত বলেন, ‘শেষের দিকে একদিন আমার শুধু একটা দৃশ্য বাকি ছিল; কিন্তু তাঁরা ট্রান্সপোর্ট না পাঠানোয় আমি যেতে পারিনি। এ কারণে তাঁরা আমাকে ধমক দেন যে আমার মিডিয়ায় কাজ করা তাঁরা বন্ধ করে দেবেন। এসব কারণে আমি পরে তাঁদের সঙ্গে কাজ করা বন্ধ করে দিই।’ জান্নাত দাবি করেন, ‌‌‌‘ওই ঘটনার পর পরিচালক সাজ্জাদ হোসেন আমাকে ফোন দিয়ে বলেন, আমি যদি ওনার সঙ্গে বন্ধুত্ব করি বা প্রেম করি, তাহলে সবকিছু ঠিক করে দেবেন। তো ওনার (রাশেদা আক্তার) স্বামী (পরিচালক সাজ্জাদ হোসেন) যে বাজে প্রস্তাব দিয়েছিলেন। ’ তিনি আরও বলেন, ‘শুধু আমার সঙ্গে নয়, এমন আচরণ তাঁরা আরও অনেকের সঙ্গেই করেছেন; কিন্তু আমি প্রতিবাদ করেছি বলে আমার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন।’

অভিযোগ অস্বীকার করে সাজ্জাদ দোদুল সোমবার প্রথম আলোকে জানান, তিনি ‘টু লেট’ সিরিয়ালের সেটে কখনোই যাননি, কাজটির সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত না। তিনি বলেন, ‘তাঁর সঙ্গে এ ধরনের কোনো কথা হয়নি। তিনি ভাইরাল হতে চাইছেন নাকি ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্তকে বিভ্রান্ত করতে চাচ্ছেন—বুঝতে পারছি না। আমার এত বছরের ক্যারিয়ারে এমন কোনো ঘটনা নাই।’

‘টু লেট’ নাটকের পরিচালক ও প্রযোজক রাশেদা আক্তার আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, তাঁর সিরিয়ালের সেটে কখনোই দোদুল যান না, এই সিরিয়ালের সেটেও তিনি যাননি। তাঁর দাবি, ‘ডিরেক্টরস গিল্ড ওকে শাস্তি দিয়েছে, এটা হয়তো মানতে পারছে না। সে কারণেই এমন মিথ্যা অভিযোগ তুলছে।’

জেবা জান্নাত