
বিভিন্ন সময় শৈশবের স্মৃতি, স্মরণীয় ঘটনা পাঠকদের সঙ্গে ভাগাভাগি করেছেন হুমায়ূন আহমেদ। সেসব স্মৃতি কখনো পাঠকদের হাসিয়েছে, কখনো বিষণ্ন করেছে। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা হুমায়ূন আহমেদের বিভিন্ন ঘটনার সঙ্গে অনেক পাঠক মিল খুঁজে পেতেন।
জনপ্রিয় এই লেখক যখন লিখলেন, শৈশবে প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতার সঙ্গে জড়িত ছিল ‘গ্লানি’, সেটাও যেন হয়ে উঠেছিল মধ্যবিত্তদের চিত্র। ছোটবেলায় প্রথমবার সিনেমা দেখা নিয়ে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের অনেকের অভিজ্ঞতা হুমায়ূন আহমেদের সঙ্গে মিলে যায়। কী ছিল সেই অভিজ্ঞতা?
হুমায়ূন আহমেদ প্রথম নির্মাণ করেন ‘আগুনের পরশমণি’ সিনেমা। সেই সিনেমা বানানোর গল্প নিয়ে ‘ছবি বানানোর গল্প’ নামে একটি বই লেখেন। সেই বইতে কীভাবে সিনেমার বীজ নিজের মধ্যে বপন করেছিলেন, কীভাবে চিত্রনাট্য লেখা শুরু করেন, কীভাবে অর্থায়ন হয়, শিল্পী বাছাই, শুটিংসহ যাবতীয় গল্প তুলে ধরেছেন। সেই বইয়ের প্রথম লাইন, ‘আমার প্রথম দেখা সিনেমার নাম “বহত দিন হোয়ে”। খুব যে আনন্দময় অভিজ্ঞতা, তা না। আমার শিশুজীবনের খানিকটা গ্লানি জড়িয়ে আছে।’ কী সেই গ্লানি? হয়তো এই প্রশ্ন করেছেন পাঠকেরা।
মামার সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন হুমায়ূন আহমেদ। সিনেমা হলে নিয়ে যাওয়ার আগেই শিশু হুমায়ূন আহমেদকে তিনটি শর্ত দেন তাঁর বড় মামা। প্রথমেই রেগে শর্ত দেন, ‘সিনেমা হলের মধ্যে কান্না করা যাবে না। কাঁদলে আছাড় দিয়ে ভুঁড়ি গলিয়ে ফেলব।’ শিশু হুমায়ূন সঙ্গে সঙ্গে মামাকে জানান, ‘কাঁদব না মামা।’ দ্বিতীয় শর্ত, ‘পিসাব–পায়খানা যা করার করে নাও। ছবি শুরু হবে আর বলবে পিসাব—তা হবে না।’ এবারও মাথা নত করে মামাকে তিনি বলেন, ‘আচ্ছা।’
হুমায়ূন আহমেদ তখন অনেক ছোট। কিন্তু কত বয়স, সেটা বইতে উল্লেখ নেই। শুধু এটুকু জানা যায়, সেদিন কোলে বসে সিনেমা দেখতে হয়েছিল। তাই মামার তিন নম্বর শর্ত ছিল, ‘কোলে বসে নড়াচড়া করা যাবে না। নড়লেই চড় খাবে।’ হুমায়ূন কথা দিয়েছিলেন, নড়বেন না। কিন্তু শর্তগুলো কি মেনেছিলেন?
সবকিছুর পরও মামা তাঁকে সিনেমা হলে নিয়ে যেতে নিমরাজি। মামার অনাগ্রহ বুঝতে পেরেছিলেন ছোট হুমায়ূন। তারপরও মামার পিছু নেবেনই। মামা বিমর্ষ মুখে তাঁকে নিয়ে রওনা দিলেন সিনেমা হলের দিকে। যাওয়ার পথে কী ঘটনা ঘটেছিল, সেটা বইতে লেখেননি এই লেখক। যা–ই হোক, তাঁদের গন্তব্য সিলেটের রঙমহল সিনেমা হল। গেট দিয়ে হলের ভেতর প্রবেশের সময় হুমায়ূন আহমেদের অনুভূতি—‘গেটে দুটা সিংহের মূর্তি। দেখেই গা ছমছম করে। মনে হয় গেটের ওপাশে না জানি কত রহস্য।’
সে সময় ধস্তাধস্তি করে টিকিট কাটতে হতো। সেই যুদ্ধ জয় করে টিকিট নিয়ে এলেন তাঁর মামা। তখন শিশুদের টিকিট লাগত না, যে কারণে তাদের আসন ছিল অভিভাবকদের কোল বা চেয়ারের হাতল ধরে বসে থাকা। সিনেমা শুরুর খানিকটা সময় এখনো বাকি আছে। তার আগেই মামা চা কিনলেন। হুমায়ূন আহমেদের জন্য কেনা হলো বাদাম ও চানাচুর। এসব হাতে দিয়ে মামা বললেন, ‘এগুলো এখন খাওয়া যাবে না। ছবি শুরু হলে খাবে।’ সেই থেকে হুমায়ূন আহমেদ ছবি শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন।
হলের চারদিকে লোকজন। হইচই করছে। এগুলো দেখে হুমায়ূন আহমেদের বুক ধকধক করে ওঠে। ছবি শুরুর ঘণ্টা বাজল। সবাই হলে প্রবেশ করছেন। তাঁর মামা তাঁকে নিয়ে চলে গেলেন বাথরুমে। গম্ভীর মুখে বললেন, ‘পিসাব কর। ছবি শুরু হবে আর বলবি পিসাব, তা হলে কান ছিঁড়ে ফেলব।’
অন্ধকার হলরুমে সিনেমা শুরু হলো। বিরাট পর্দা। বড় বড় মুখ। শব্দ হচ্ছে, গান হচ্ছে, তলোয়ার নিয়ে যুদ্ধ হচ্ছে, কিন্তু তেমন কিছুই বুঝতে পারছেন না শিশু হুমায়ূন আহমেদ। তিনি মামার দিকে তাকিয়ে দেখেন, বড় মামা হাসতে হাসতে ভেঙে পড়ে যাচ্ছেন। হলের সবাই হাসছেন। এর মধ্যেই হুমায়ূন মামার কাছে জানতে চান, কী হচ্ছে? তখন মামার উত্তর, ‘চুপ। কথা বললে থাবড় খাবি।’ এই শিশু খানিকক্ষণ চুপ থেকে বললেন, ‘মামা, পিসাব করব।’
ভাগনের মুখে এ কথা শুনে মামা করুণ ও হতাশ দৃষ্টিতে তাকালেন। হুমায়ূন আহমেদ লিখেছেন, ‘আমি তার দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে একটু পরপর বলতে লাগলাম, মামা, আমি পিসাব করব; মামা, আমি পিসাব করব। সম্ভবত তখন সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছিল। মামা পর্দা থেকে মুখ না সরিয়ে বললেন, “নিচে নেমে পিসাব করে ফেল।” আমি তৎক্ষণাৎ মাতুল–আজ্ঞা পালন করলাম। সামনের সিটের ভদ্রলোক মাথা ঘুরিয়ে মামার দিকে তাকিয়ে বিস্মিত গলায় বললেন, “এই ছেলে তো প্রসাব করছে। আমার পা ভিজিয়ে ফেলছে।” মামা বললেন, “ছেলে মানুষ প্রস্রাব তো করবেই। আপনার ঘরে ছেলেপুলে নেই? পা তুলে বসুন না।” ভদ্রলোক আর কিছু বললেন না।’ ভদ্রলোক পা তুলে সিনেমা দেখতে লাগলেন।
দেশের জনপ্রিয় এই লেখক ও পরিচালক ‘ছবি বানানোর গল্প’ বইটিতে প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা নিয়ে আরও লিখেছেন, ‘আমার প্রথম ছবি দেখার অভিজ্ঞতা খুব সুখকর না হলেও খারাপও ছিল না। অন্ধকার হল, পর্দায় ছবির নড়াচড়া আমার ভালোই লাগল। ইন্টারভ্যালের সময় বাদাম এবং কাঠি লজেন্স খাওয়ার একটা ব্যাপারও আছে। বাসা থেকে রিকশায় করে হলে যাওয়া এবং ফেরার মধ্যেও আনন্দ আছে। রিকশায় চড়ার আনন্দ। কাজেই ছবি দেখার কোনো নড়াচড়া পেলেই আমি এমন কান্নাকাটি, হইচই শুরু করে দিতাম যে আমাকে নেওয়া ছাড়া কোনো পথ থাকে না।’ দেশের জনপ্রিয় এই লেখক ১৯ জুলাই ২০১২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন। তাঁর জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর।