তাদের নিয়ে আমরা অনেকে অহেতুক সমালোচনা করছি...

সম্প্রতি ‘দিন: দ্য ডে’ সিনেমা দেখে ফেসবুকে মতামত জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানভীন সুইটি
ছবি: ফেসবুক

সম্প্রতি ‘দিন: দ্য ডে’ সিনেমা দেখে ফেসবুকে মতামত জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানভীন সুইটি। দর্শক হিসেবে তিনি মনে করেন, সিনেমা কখনো একজনের রাজত্বের জায়গা নয়। এমনকি, একা রাজত্ব করতে গিয়ে দেশের সিনেমা আরও দুর্দশার মধ্যে পড়ছে। এটা থেকে বের হয়ে প্রতিযোগিতার মাধ্যমে কাজ করতে হবে। এভাবেই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এগিয়ে যেতে পারে।

‘আমাদের দেশে মানসম্মত প্রয়োজনীয়সংখ্যক সিনেমা হল নাই। সিনেমা নির্মাণের সংখ্যা আশঙ্কাজনক হারে কমেও যাচ্ছে। যে দু-একজন অর্থ বিনিয়োগ করে ঝুঁকি নিয়ে সিনেমা বানাচ্ছেন, তাঁদের নিয়ে আমরা অনেকে অহেতুক সমালোচনা করছি।’—এমনটাই মনে করেন তানভীন সুইটি। তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘গতকাল গিয়েছিলাম “দিন: দ্য ডে” সিনেমা দেখতে। হলে ঢুকেই ভীষণ ভালো লাগল। পুরো হল সিনেমাপ্রেমীতে পরিপূর্ণ। অনেক ধরনের সিনেমা হবে, দল বেঁধে সবাই বাংলা সিনেমা দেখতে যাবে, সেটাই তো হবে প্রত্যাশিত। সব শিল্পী, ডিরেক্টর, প্রডিউসার, সিনেমা হল মালিকগণের জন্য তো বটেই।’

সিনেমা দেখে ছবিগুলো পোস্ট করেন তানভীন সুইটি

সিনেমা হলে দর্শক গেলেই নিয়মিত আরও বেশি মানসম্মত সিনেমা হবে। এটি ইতিবাচক দিক। কিন্তু অনেকেই সেই ইতিবাচক চিন্তাভাবনা করে না। এ প্রসঙ্গে সুইটি স্ট্যাটাসে লেখেন, ‘একা আমিই সেরা থাকব এবং প্রতিটা মুভিতে আমাকেই নেবে আর কাউকে নেওয়া যাবে না...এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত।’ এ সময় তিনি উদাহরণ টেনে বলেন, ‘আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নায়ক একা রাজত্ব করতে গিয়ে মনোপলি চেতনা পোষণ করার কারণে বাংলা সিনেমার বারোটা বাজিয়েছে, এতে করে চলচ্চিত্রের বাজারে দর্শক আর অন্য কোনো হিরোকে দেখতে পাচ্ছিল না এবং কম্পেয়ার করতেও পারছিল না, যার ফলে আস্তে আস্তে সিনেমার সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেল। হলগুলোও বেশির ভাগ বন্ধ হয়ে গেল।’

তানভীন সুইটির মতে, সব ক্ষেত্রেই প্রতিযোগিতা থাকা দরকার

তানভীন সুইটির মতে, সব ক্ষেত্রেই প্রতিযোগিতা থাকা দরকার। তাহলেই কাজের মজা পাওয়া যাবে। এতে সবার মধ্যে ভালো কিছু করার আগ্রহও বেড়ে যাবে। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সবার আগে সিনেমার গ্রাহক-দর্শকের কথা ভাবতে হবে, আসলে তারা কী ধরনের সিনেমা পছন্দ করে? কোন শ্রেণির দর্শক বেশি, চারদিকে দুঃখ, হতাশা, অসুস্থ প্রতিযোগিতা, যানজটে অস্থির, হাতে হাতে সবার গেজেট...সবকিছুর পর মানুষ একটু আনন্দ পেতে চায়, নির্মল বিনোদন পেতে চায়, একটু হাসতে চায়। শুধু বাইরের দেশে অ্যাওয়ার্ডের কথা চিন্তা করে কি সিনেমা বানাতে হবে? নাকি, দেশের সংস্কৃতি এবং শিল্পমান বজায় রেখে আমাদের দেশের দর্শকের কথাও ভাবতে হবে?’

দর্শক যেমন সিনেমা দেখছেন সেই ধারাটা ধরে রাখা দরকার। এ জন্য সব দর্শকের কথা চিন্তা করে সব ধরনের সিনেমা বানাতে হবে। এতে পুরো ইন্ডাস্ট্রির সহযোগিতা থাকতে হবে, সিনেমা নির্মাতা কলাকুশলীদের পাশে থাকতে হবে। তানভীন সুইটি মনে করেন, ছবিতে যদি একটা হৃদয়গ্রাহী গল্প থাকে, তাহলে দর্শক দেখবেই। দর্শক হচ্ছে আমাদের সিনেমার প্রাণ। তারা কী পছন্দ করে, সেটা ভাবতে হবে।

ঈদে মুক্তি পাওয়া তিন সিনেমা

‘দিন: দ্য ডে’ সিনেমা মুক্তির পর থেকেই আলোচনা ও সমালোচনা তৈরি করছে। অনেকেই মনে করছেন, সিনেমাটি নিয়ে আলোচনার কারণে দর্শক সিনেমা সম্পর্ক জানতে পারছেন। সিনেমাটি দেখে অভিজ্ঞতা ভাগাভাগি করে তানভীন সুইটি লিখেছেন, ‘বড় বাজেটের ছবি, অ্যাকশন আছে, লোকেশন ভালো, গল্পে একটা মেসেজ আছে, সব মিলিয়ে খারাপ লাগে নাই। তারা ভালো করার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। চেষ্টা যদি থাকে, তাহলে অবশ্যই আমাদের ছবি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা হবে। মোট কথা, সবাইকে উৎসাহিত করতে হবে। “দিন: দ্য ডে” দেখুন সবাই। আশা করি ভালো লাগবে। বাংলা সিনেমার জয় হোক। হলে গিয়ে দর্শক বাংলা সিনেমা দেখুক। আশা করি বাংলা সিনেমার সুদিন আবার ফিরবে।’