বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের লেখা ধারাবাহিক নাটক ‘বহুব্রীহি’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন লুৎফুন নাহার লতা
বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের লেখা ধারাবাহিক নাটক ‘বহুব্রীহি’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন লুৎফুন নাহার লতা

‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন

কাপের মধ্যে জমিয়ে রাখা খুচরো পয়সাই সেদিন ভরসা হয়েছিল। ঘরে খাবার নেই। সঙ্গে পাঁচ বছরের ছেলে। সেই পয়সা দিয়ে চাল আর আলু কিনে এনে সেদ্ধ করে সন্তানকে খাইয়েছিলেন লুৎফুন নাহার লতা। বাংলাদেশের টেলিভিশনের পরিচিত এই অভিনেত্রীর নিউইয়র্কজীবনের শুরুতে এমন দিনও গেছে। বিটিভির ক্যামেরার আলো তখনো তাঁর স্মৃতিতে উজ্জ্বল। অথচ নতুন শহরে তাঁকে খুঁজতে হচ্ছে মাথা গোঁজার জায়গা, একটি কাজ, সন্তানকে নিয়ে বেঁচে থাকার উপায়।

‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’র সেই পরিচিত মুখের জীবনে পর্দার বাইরেও রয়েছে ভাঙাগড়া, অনিশ্চয়তা আর ঘুরে দাঁড়ানোর দীর্ঘ গল্প। রয়েছে অভিনয়, বেতার, লেখালেখি ও প্রবাসে বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার নানা অধ্যায়।

টেলিভিশনের পরিচিত মুখ, মঞ্চেও সরব
আশি ও নব্বইয়ের দশকে টেলিভিশন নাটকের দর্শকের কাছে লতা ছিলেন পরিচিত মুখ। হুমায়ূন আহমেদের লেখা ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’ ও ‘চর আতরজান’-এ অভিনয় তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। বিটিভির পর্দায় দেখা সেই অভিনয়শিল্পীকে দীর্ঘ বিরতির পরও মনে রেখেছেন পুরোনো দর্শকেরা।
টেলিভিশনের পাশাপাশি মঞ্চেও কাজ করেছেন লতা। যুক্ত ছিলেন নাগরিক নাট্যাঙ্গনের সঙ্গে। ক্যামেরার সামনে অভিনয় আর দর্শকের সামনে সরাসরি চরিত্র হয়ে ওঠা—দুই মাধ্যমেই ছিল তাঁর বিচরণ। ‘একাত্তরের লাশ’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি লতার কর্মজীবনের আরেকটি দিক ছিল ব্যাংকের চাকরি। একদিকে নিয়মিত পেশার দায়িত্ব, অন্যদিকে নাটক ও সাংস্কৃতিক কাজ—দুটিই সামলেছেন। পরে যুক্তরাষ্ট্রে গিয়ে নতুন করে কাজ খোঁজার সময় ব্যাংকে কাজের সেই অভিজ্ঞতাও কাজে লেগেছিল।

অভিনেত্রী লুৎফুন নাহার লতা

বেতারের সংবাদকণ্ঠও ছিলেন
লতার পরিচয় অভিনয়েই সীমাবদ্ধ ছিল না। বেতারে সংবাদ পড়েছেন দীর্ঘদিন। রাজশাহী, খুলনা ও ঢাকা বেতারে মিলিয়ে ২৫ বছর সংবাদ পড়েছেন তিনি। ঢাকার জীবনের স্মৃতি বলতে গিয়ে ফিরে গিয়েছিলেন নিজে গাড়ি চালিয়ে টেলিভিশনে যাওয়ার দিনগুলোয়। শুটিং, বেতারের কাজ, চাকরি—এসব নিয়েই ছিল তাঁর ব্যস্ততা। সেই পরিচিত কর্মজগৎ ছেড়ে একসময় তাঁকে সম্পূর্ণ নতুন পরিবেশে জীবন শুরু করতে হয়।
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান লতা, সঙ্গে ছোট ছেলে। পেছনে পড়ে থাকে অভিনয়ের ব্যস্ততা, সহকর্মী আর পরিচিত দর্শকের জগৎ। সামনে তখন অচেনা শহরে সন্তানকে নিয়ে থিতু হওয়ার চ্যালেঞ্জ।

ক্যামেরার আলো মনে পড়ত, চোখ ভিজত
নিউইয়র্কে পৌঁছেই সচ্ছল জীবন পাননি লতা। হাতে বিপুল সঞ্চয় ছিল না। বেসরকারি টেলিভিশন এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর ছোট বোন সেখানে থাকতেন। বোনের কাছে দুই দিন থাকার পর একটি ছোট বাসা ভাড়া করা হয়। এরপর শুরু হয় কাজ খোঁজার সংগ্রাম।

বক্তব্য দিচ্ছেন লুৎ​ফুন নাহার লতা

দেশে ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা ছিল বলে নিউইয়র্কেও ব্যাংকে চাকরি নেন। কিন্তু কাজের সময় ছোট ছেলেকে কে দেখবে, সেই চিন্তা তাঁকে অন্য পথ খুঁজতে বাধ্য করে। সন্তানকে সময় দেওয়ার প্রয়োজনেই শিক্ষাক্ষেত্রে কাজের প্রস্তুতি নিতে শুরু করেন।
প্রয়োজনীয় কোর্স ও সনদ অর্জনের পর যোগ দেন নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনে। সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নিউইয়র্কের পাবলিক স্কুলে পিছিয়ে পড়া শিশুদের জন্য কাজ করছেন তিনি।
তবে নতুন জীবনে মানিয়ে নেওয়ার দিনগুলোয় বারবার মনে পড়ত ফেলে আসা অভিনয়জীবন। চোখের সামনে ভেসে উঠত বিটিভির ক্যামেরার আলো। চোখে আসত জল। যে কাজের মধ্য দিয়ে মানুষের কাছে পরিচিত হয়েছিলেন, সেই কাজ থেকে দূরে থাকার কষ্টও ছিল নতুন জীবনের সংগ্রামের অংশ।

এক বেলার অভাবের কাছে থামেননি
নিউইয়র্কের শুরুর দিনগুলোর কথা বলতে গিয়ে লতা বলেছিলেন, ‘এই নিউইয়র্ক শহরের পথে পথে আমার অশ্রু ঝরেছে।’
সেই অশ্রুর পেছনে ছিল অনিশ্চয়তা, আর্থিক টানাপোড়েন আর একা সন্তানকে সামলানোর চাপ। এমন দিনও এসেছে, যখন ঘরে খাবার ছিল না। কাপে জমিয়ে রাখা খুচরো পয়সা দিয়ে সন্তানের খাবারের ব্যবস্থা করতে হয়েছে।
কিন্তু একটি বেলার অভাবের মধ্যেই নিজের ভবিষ্যৎকে আটকে রাখতে চাননি তিনি। তাঁর বিশ্বাস ছিল, আজ কষ্ট হচ্ছে বলে আগামী দিনও একই রকম থাকবে, এমন নয়। পরিস্থিতি বদলাতে কাজ করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। সেই চেষ্টায় সবচেয়ে বড় সম্বল ছিল মনের জোর।

নারীদের উদ্দেশেও তাই সাহস আর আত্মবিশ্বাস ধরে রাখার কথা বলেছিলেন লতা। তাঁর অভিজ্ঞতায়, উন্নত দেশেও নারীর জীবনে বড় দায়িত্ব এসে পড়ে। সেই দায়িত্ব সামলাতে নিজের ওপর বিশ্বাস রাখা জরুরি। নিজের জীবনেও সন্তান, চাকরি ও সংসারের দায়িত্ব সামলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি।

প্রবাসেও সংস্কৃতির সঙ্গে
দেশের টেলিভিশনে নিয়মিত দেখা না গেলেও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে লতার যোগাযোগ ছিন্ন হয়নি। প্রবাসে বাংলা সংস্কৃতির নানা উদ্যোগে যুক্ত থেকেছেন। অভিনয়ের পরিচয়ের পাশাপাশি সাংস্কৃতিক সংগঠক হিসেবেও কাজ করেছেন তিনি।
নাটকের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার কাজেও লতাকে পাওয়া গেছে। ২০২৪ সালের ডিসেম্বরে নিউইয়র্কে ‘থিয়েটার সেভেন্টি ওয়ান’ আয়োজিত দুই দিনের নাট্যকর্মশালায় প্রশিক্ষক ছিলেন লতা। সেই আয়োজনে তাঁর সঙ্গে প্রশিক্ষক হিসেবে ছিলেন তৌকীর আহমেদ, রোকেয়া রফিক বেবী, শিরীন বকুল, বন্যা মির্জাসহ আরও কয়েকজন।
কর্মশালায় অভিনয়, শুদ্ধ উচ্চারণ, সংলাপ প্রক্ষেপণ এবং মঞ্চের বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে কাজ হয়। অংশ নেন অর্ধশতাধিক অভিনয়শিল্পী। দেশের মঞ্চ ও টেলিভিশনে অর্জিত অভিজ্ঞতা এভাবেও প্রবাসের নাট্যচর্চায় যুক্ত করেছেন লতা।
সাম্প্রতিক সাংস্কৃতিক আয়োজনেও তাঁর উপস্থিতির খবর পাওয়া যায়। চলতি বছরের আগস্টে নিউইয়র্কে দ্বিতীয় কৃষ্টি থিয়েটার ফেস্টিভ্যালে প্রয়াত নাট্যজন জামালউদ্দিন হোসেনকে স্মরণ করেন তিনি। পুরোনো সহকর্মীদের স্মৃতি আর প্রবাসের নাট্যচর্চার সঙ্গে তাঁর যোগাযোগের ধারাবাহিকতা রয়েছে এসব আয়োজনে।

অভিনয়ের পাশাপাশি গল্প ও কবিতা
লতার সৃজনশীল জীবনের আরেকটি দিক লেখালেখি। গল্প ও কবিতা লিখেছেন তিনি। তাঁর গল্পের বই ‘জীবন ও যুদ্ধের কোলাজ’ প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। ‘চাঁদের উঠোন’ নামে একটি কবিতার বইও রয়েছে।
সাহিত্যবিষয়ক ওয়েবম্যাগাজিন গল্পপাঠে প্রকাশিত তাঁর ‘উকুন’ গল্পে উঠে এসেছে অভিবাসী এক মা ও তাঁর দুই মেয়ের জীবন। কাজের চাপ, সন্তানদের দেখাশোনা, বিদ্যালয়ের নিয়ম আর পারিবারিক অনিশ্চয়তার মধ্যে এগিয়েছে গল্পটি। শিশুদের অসহায়তা ও এক মায়ের টানাপোড়েন সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অভিনয়শিল্পী হিসেবে পর্দায় অন্যের লেখা চরিত্রকে ফুটিয়ে তুলেছেন লতা। লেখক হিসেবে নিজেও নির্মাণ করেছেন চরিত্র ও তাঁদের জগৎ। তাঁর শিল্পীজীবনের বিস্তার বুঝতে এই লেখালেখির পরিচয়টিও গুরুত্বপূর্ণ।

সম্পর্ক ভেঙেছে, বাবাকে শ্রদ্ধা করতে শিখিয়েছেন সন্তানকে
ব্যক্তিগত জীবনেও কঠিন সময় পেরিয়েছেন লতা। প্রথমে ঘর বেঁধেছিলেন; পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। নতুন করে সংসারও গড়েছেন তিনি। তবে আগের সম্পর্কের তিক্ততা সন্তানকে বহন করতে দিতে চাননি।
সাবেক স্বামীকে ক্ষমা করেছেন কি না, সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হয়েছিল তাঁকে। লতা জানিয়েছিলেন, ক্ষমা করেছেন। কাউকে ভালোবাসার পর তাঁর কাছ থেকে আঘাত পেলে ক্ষমা করে দূরে থাকতে পারার মধ্যেও স্বস্তি খুঁজে পান তিনি।
সন্তানকে সব সময় বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলেছেন। তাঁর কাছে ছেলের বাবার মুক্তিযোদ্ধা ও লেখক পরিচয় গর্বের। সম্পর্কের ভাঙনের মধ্যেও সেই পরিচয়ের মর্যাদা অক্ষুণ্ন রাখতে চেয়েছেন।

অন্যের দায়িত্ব পালন নিয়ে বিচার করতেও চাননি লতা। নিজের দায়িত্ব কতটা পালন করতে পেরেছেন, সেটিই তাঁর কাছে বড়। একা মা হিসেবে সন্তানকে একজন পূর্ণাঙ্গ ও মর্যাদাসম্পন্ন মানুষ করে বড় করতে পারার তৃপ্তি তাঁর কথায় বারবার ফিরে এসেছে।

সুখের ঠিকানা ছেলের অর্জনেও
যে ছেলেকে নিয়ে অচেনা শহরে সংগ্রাম শুরু করেছিলেন, তাঁর প্রতিষ্ঠা লতার জীবনের বড় প্রাপ্তি। সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছেলে নিউইয়র্কের ‘ডিপার্টমেন্ট অব ল’-এ আইনজীবী হিসেবে কাজ করছেন। সন্তানের এই অর্জন তাঁর কাছে গৌরবের।
সুখের হিসাব করতে গিয়ে তাই বড় বাড়ি, দামি গাড়ি কিংবা অর্থের কথা সামনে আনেননি লতা। দীর্ঘ পথ পেরিয়ে সন্তানকে বড় করতে পারা, নিজের দায়িত্ব পালন করতে পারার মধ্যেই খুঁজে পেয়েছেন তৃপ্তি।
তবু ঢাকার স্মৃতি রয়ে গেছে। নিজে গাড়ি চালিয়ে টেলিভিশনে যাওয়া, অভিনয়ের ব্যস্ততা, বেতারে সংবাদ পড়া—এসব মনে করলে স্মৃতিকাতর হন। সেই জীবনের সঙ্গে পরে যুক্ত হয়েছে নিউইয়র্কের বিদ্যালয়, লেখালেখি ও প্রবাসের সাংস্কৃতিক পরিসর।