ছোট পর্দা ও চলচ্চিত্র অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে রাজধানীর আফতাবনগরে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তারিকুজ্জামানের মৃত্যুর তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।
রাশেদ মামুন প্রথম আলোকে বলেন, ‘আমরা সংগঠন থেকে সার্বক্ষণিক তারিকুজ্জামান ভাইয়ের পাশে ছিলাম। গতকাল রাতেও আমি, পাভেল (আজাদ আবুল কালাম) ভাইসহ অনেকেই ছিলাম। সে সময় তপন ভাই আইসিইউতে ছিলেন। পরে চিকিৎসক একপর্যায়ে জানিয়ে দেন আর কোনো চিকিৎসা নেই। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তারিক ভাইকে বাসায় নিয়ে আসা হয়। পরে শারীরিক অবস্থা খারাপ হলে রাতেই তিনি মারা যান।’
রাশেদ আরও জানান, আজ রাতে আফতাবনগরের পরশিনগর জামে মসজিদে জানাজা শেষে এই অভিনেতার মরদেহ টাঙ্গাইলে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁর গ্রামের বাড়ি ধনবাড়ী উপজেলায় দাফন সম্পন্ন হবে।
এর আগে তারিকুজ্জামানের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল পরিবার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তিও করা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার এই অভিনেতার ছেলে তাছফিক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমার বাবা কিছু সময় আগে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে অ্যাডমিট হয়েছে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর একটা অনুরোধ রইল, কেউ যদি ওনাকে সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করার ব্যাপারে সহযোগিতা করতে পারেন, তাহলে প্লিজ জানাবেন। আর আর্থিক সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। দয়া করে আপনারা যাঁর যাঁর পর্যায় থেকে যতটুকু পারেন, সহযোগিতা করবেন।’
একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। কমেডি চরিত্রে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। টেলিভিশন নাটক ও সিনেমা—দুই মাধ্যমেই কাজ করেছেন তিনি।
তপনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’। এই অভিনেতা দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে রেখে গেছেন।