
‘সবকিছু এখনো স্বপ্ন মনে হচ্ছে,’—হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলানের সঙ্গে তোলা সেলফি ফেসবুকে পোস্ট করে লিখেছেন কনটেন্ট ক্রিয়েটর, চলচ্চিত্র সমালোচক রাশেদুজ্জামান রাকিব।
ক্রিস্টোফার নোলানের এই ভক্ত গতকাল প্রথম আলোকে জানান, ৬ জুলাই লন্ডনের লেস্টার স্কয়ারে দ্য অডিসি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে তাঁর দেখা পান তিনি। প্রিমিয়ারে আরও ছিলেন নোলানের স্ত্রী প্রযোজক এমা থমাস, অ্যান হ্যাথওয়ে, টম হল্যান্ড, জেনডায়া, রবার্ট প্যাটিনসন।
নোলানের নির্বাচিত আড়াই শ ভক্তের একজন হিসেবে প্রিমিয়ারে যোগ দেন রাকিব। নোলানের সঙ্গে দেখা হওয়ার আগে তাঁর টিমের সদস্যের সঙ্গে কথা বলেছিলেন রাকিব।
রাশেদুজ্জামান রাকিব ফেসবুকে লিখেছেন, ‘স্যার ক্রিস্টোফার নোলানের সঙ্গে দেখা হলো। উনি যখন আমার দিকে এগিয়ে আসছিলেন, তখন তাঁর টিমের একজন বললেন, “স্যার, উনি আপনার বড় ভক্ত।”নোলান তাঁর সেই চিরচেনা, বিনয়ী হাসি দিয়ে বললেন, “ওহ, তাহলে তুমিই সেই মানুষ।” সেই মুহূর্তটা যেন বিশ্বাসই হচ্ছিল না! এরপর তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলার সুযোগ হলো। একটি সেলফি তুললাম, নিলাম তাঁর অটোগ্রাফও। সবশেষে তিনি যখন ওপরে চলে যাচ্ছিলেন, তখন আবার আমার দিকে তাকিয়ে “চিয়ার্স” বলে ইশারা করলেন।’
২০২৫ সালের শেষ ভাগে লন্ডনে যান রাশেদুজ্জামান রাকিব। লন্ডন থেকে প্রথম আলোকে বলেন, ‘আমার জীবনে নোলানের বড় প্রভাব আছে। তাঁর সিনেমা দেখার পর সিনেমার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। নোলানের সিনেমা রিলিজ হলে বাইরে গিয়ে দেখতাম।’
দর্শকমহলে ‘আরএনএআর’ নামে পরিচিত রাকিব। বাংলা সিনেমা নিয়ে সমালোচনামূলক ভিডিও বানিয়ে পরিচিতি পেয়েছেন তিনি। প্রায় আট বছরের পথচলায় নিজেকে দেশের চলচ্চিত্রবিষয়ক অন্যতম শীর্ষ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।