
বাংলাদেশের দর্শকেরা নেটফ্লিক্সে কী দেখেছেন? নিয়মিত এমন একটি তালিকা তৈরি করে নেটফ্লিক্স সাইট। সেই তালিকায় দেশের দর্শকদের আগ্রহের সিনেমা সম্পর্কে জানা যায়। সম্প্রতি প্রকাশিত এই তালিকায় দেশের দর্শকদের আগ্রহ দেখা গেছে ‘ওয়ার মেশিন’ সিনেমা নিয়ে। এটি নিয়ে বিশ্বব্যাপী দর্শকদের আগ্রহ রয়েছে। বাংলাদেশ থেকে দেখা এসব সিনেমার গল্পে কী আছে?
১. শীর্ষে ‘ওয়ার মেশিন’
অ্যাকশনধর্মী এই ছবি আধুনিক যুদ্ধপ্রযুক্তি ও সামরিক অভিযানের গল্প নিয়ে নির্মিত। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় অস্ত্র ও মানুষের সিদ্ধান্ত—এ তিনের সংঘাতকে কেন্দ্র করে এগিয়ে যায় কাহিনি। সিনেমায় আরও দেখানো হয়েছে, যুদ্ধের ময়দানে প্রযুক্তি যত শক্তিশালী হচ্ছে, মানবিক সিদ্ধান্তের গুরুত্ব ততই নতুনভাবে সামনে আসছে। তীব্র অ্যাকশন ও টান টান নাটকীয়তায় ভরপুর এই চলচ্চিত্রটি সাম্প্রতিক সময়ে দর্শকদের মধ্যে বেশ আলোচনায় রয়েছে। সিনেমাটির আইএমডিবি রেটিং ৬.৪।
২. ‘মেড ইন কোরিয়া’
ভারতের এই সিনেমা তামিলনাড়ুর ছোট এক শহরের তরুণীর গল্পকে ঘিরে, যে দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন পূরণ করেই সে একসময় পাড়ি জমায় দেশটিতে। কিন্তু স্বপ্নের সেই জায়গায় গিয়ে শুরু হয় ভিন্ন এক বাস্তবতা—ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রার পার্থক্যের কারণে তাকে কঠিন সংগ্রামের মুখে পড়তে হয়। অপরিচিত পরিবেশে নিজের জায়গা তৈরি করা, নতুন সমাজে মানিয়ে নেওয়া এবং ব্যক্তিগত স্বপ্ন টিকিয়ে রাখার লড়াই নিয়েই এগিয়ে যায় এই গল্প। সিনেমাটির আইএমডিবি রেটিং ৬.১।
৩. ‘গ্লাডিয়েটর ২’
ঐতিহাসিক মহাকাব্যিক সিনেমা হিসেবে ধরা হয় ‘গ্লাডিয়েটর’ সিনেমাকে। সেই সিনেমার সিক্যুয়েল ‘গ্লাডিয়েটর ২’ নিয়ে এখনো দর্শকদের অনেক আগ্রহ। প্রাচীন রোম সাম্রাজ্যের ক্ষমতার লড়াই ও গ্ল্যাডিয়েটরদের জীবনসংগ্রামকে নতুন প্রজন্মের চরিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিশাল সেট, যুদ্ধের দৃশ্য এবং শক্তিশালী অভিনয়ের কারণে সিনেমাটি ব্যাপক আলোচনায় আসে। ইতিহাস, রাজনীতি ও প্রতিশোধের গল্প একসঙ্গে মিলিয়ে নির্মিত এই চলচ্চিত্র দর্শকদের নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিতি করেছে। সিনেমাটির আইএমডিবি রেটিং ৬.৫।
৪. ‘উইথ লাভ’
তামিল এই সিনেমা গত ফেব্রুয়ারিতে মুক্তি পায়। রোমান্টিক এই সিনেমার গল্প দুই তরুণ–তরুণীর প্রেমের গল্প নিয়ে। সিনেমাটি সম্পর্কে আইএমডিবিতে বলা হয়েছে, ‘সম্পর্ক, পরিবার ও ভালোবাসার সূক্ষ্ম অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত একটি আবেগঘন সিনেমা এটি। সিনেমায় চরিত্রগুলোর জীবন এক জায়গায় এসে মিলিত হয়, যেখানে ভালোবাসা কখনো আশ্রয়, কখনো আবার নতুন সংকটের কারণ হয়ে দাঁড়ায়। গল্পের ভেতরে রয়েছে পারিবারিক বন্ধন, ভুল–বোঝাবুঝি ও সম্পর্ক টিকিয়ে রাখার সংগ্রাম। সিনেমাটির আইএমডিবি রেটিং ৭.৭।
৫. ‘অ্যাকিউজড’
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কঙ্কণা সেন শর্মা (ডা. গীতিকা সেন)। লন্ডনের এক খ্যাতিমান চিকিৎসক গীতিকা সেনের বিরুদ্ধে হঠাৎই যৌন অসদাচরণের অভিযোগ ওঠে। সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই তার ব্যক্তিগত ও পেশাগত জীবন তীব্র সংকটে পড়ে। সমাজের দৃষ্টি, গণমাধ্যমের চাপ এবং আইনি লড়াইয়ের মধ্যে ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে তার গড়ে তোলা অবস্থান। সত্য, ক্ষমতা ও সামাজিক বিচার—এই জটিল প্রশ্নগুলোকে ঘিরেই এগিয়ে যায় গল্পটি। সিনেমাটি গত ২৭ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায়। সিনেমাটির আইএমডিবি রেটিং ৪.৫।