আর কয়েক ঘণ্টার অপেক্ষা। বাংলাদেশ সময় রাত ১১টার পরে জানা যাবে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে কারা বাজিমাত করলেন। কারাই–বা ফিরবেন খালি হাতে। এ নিয়ে বিশ্বের গণমাধ্যমে জল্পনা–কল্পনার শেষ নেই। কারণ, সারা দুনিয়ার আর কোনো সিনেমার উৎসব এতটা জৌলুশ ছড়াতে পারে না। সেই উৎসবে কী ঘটতে যাচ্ছে, সেটা নিয়ে বিদেশি সব গণমাধ্যমের নানা পূর্বানুমান থাকা স্বাভাবিক। বিবিসি, ভ্যারাইটি, হলিউড রিপোর্টারসহ একাধিক গণমাধ্যমের সূত্রে জানা যায়, কানে এবার ‘অঘটন’ ঘটতে পারে। তেমন কিছু ঘটলে প্রধান জুরি রুবেন অস্টলান্ডের দল বাহবা পেতে পারে। কারণ, এখানেই থাকবে জুরিদের মুনশিয়ানার ছাপ।
এবার কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়ছে ২১টি সিনেমা। এসব সিনেমার মধ্যে একাধিক পরিচালক রয়েছেন, যাঁরা এর আগেও উৎসবের শ্রেষ্ঠ পুরস্কার পাম দর বা স্বর্ণপাম ঘরে তুলেছেন। তাদের ঘিরে এবার আলোচনা হচ্ছে। এই তালিকায় রয়েছেন নুরি বিলগে জিলান। তুরস্কের এই বিখ্যাত নির্মাতা এর আগে ২০১৪ সালে ‘উইন্টার স্লিপ’ দিয়ে স্বর্ণপাম জয় করেন। পরে ‘ওয়াইল্ড পেয়ার ট্রি’ দিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। এবার তিনি ‘অ্যাবাউট ড্রাই গ্রাসেস’ দিয়ে কানে ফিরেছেন। তুরস্কের প্রত্যন্ত অঞ্চলের এক শিক্ষকের মানবিক গল্পের সিনেমাটি তাঁকে স্বর্ণপাম এনে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এবার কানের প্রধান এই শাখায় একাধিক সিনেমার পরিচালকদের জন্য হিসাব আলাদা। কারণ, তাঁদের কেউ চারবার, কেউ পাঁচবার, আবার কেউ আটবারও স্বর্ণপামে মনোনয়ন পেয়ে হতাশ হয়েছেন। আবার এমন নির্মাতা রয়েছেন, যাঁরা প্রথমবার প্রথম সিনেমা দিয়ে কানের এই প্রধান শাখায় মনোনয়ন পেয়েছেন। তাই লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, সেটা অনুমান করা যাচ্ছে।
স্বর্ণপাম পুরস্কারের জন্য পাঁচবার মনোনয়ন পেয়েছেন ফিনল্যান্ডের দাপুটে নির্মাতা আকি কাউরিসমাকি। একসময় হোটেলে ধোয়ামোছার কাজ করা এই নির্মাতা এখন ফিনল্যান্ড নয়, বিশ্বের আলোচিত নির্মাতা। ফিনল্যান্ড চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে টেনে তোলা, তুমুলভাবে এগিয়ে নিলেও এবার তাঁর জন্য অগ্নিপরীক্ষা। তিনি প্রথমবার স্বর্ণপাম পুরস্কার ঘরে তুললে এটাকে কি অবাক করা বলা যাবে? সেই প্রশ্নের উত্তর শিগগিরই পাওয়া যাবে। তিনি এবারে বানিয়েছেন ‘ফলেন লিভস’।
এবার আসা যাক ৮৭ বছর বয়সী পরিচালক কেন লোচের কথায়। ২০১৬ সালে ‘আই, ডেনিয়েল ব্ল্যাক’ সিনেমা দিয়ে ৭৯ বছর বয়সে প্রথমবার স্বর্ণপাম জিতেছিলেন কেন। ১৯৭৯ সালে তিনি কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পাওয়া শুরু করেন। ১৯৮১ সাল থেকে টানা সাতবার স্বর্ণপামের লড়াইয়ে মনোনয়ন পান। প্রায় ২৫ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ২০০৬ সালে প্রথম তিনি ‘দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি’ দিয়ে স্বর্ণপামের দেখা পান। সর্বশেষ ২০১৬ সালে ‘আই, ডেনিয়েল ব্ল্যাক’ দিয়ে বাজিমাত করেন। এবার এই নির্মাতা শরীরের সব শক্তি দিয়ে বানিয়েছেন ‘দ্য ওল্ড ওক’। প্রিমিয়ারে সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটি কানের সমালোচকদের নজর কেড়েছে। এবার কি তিনি পুরস্কার জিততে পারবেন?
স্বর্ণপামের দৌড়ে আছেন ইতালির বিখ্যাত নির্মাতা নানি মোরেত্তিও। এখন পর্যন্ত আটবার তিনি স্বর্ণপাম দরে মনোনয়ন পেয়েছেন। সর্বশেষ ২০০১ সালে ‘দ্য সন’স রুম’ সিনেমার জন্য স্বর্ণপাম জিতেছিলেন। এবার ‘আ ব্রাইটার টুমরো’ সিনেমাটি দিয়ে বাজিমাত করতে পারেন এই নির্মাতা। ইতালিয়ান কমিউনিস্টদের ঘিরে একজন পরিচালকের সিনেমা বানানো, তার পরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনসহ নানা বিষয় এই গল্পে উঠে এসেছে। ইতিমধ্যে সিনেমাটি আইএমডিবিতে ৭৬২ ভোটও পেয়েছে। ইতালিতে স্বর্ণপাম গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
টড হায়েন্সের সিনেমায় প্রেম, বিচ্ছেদ ও সমসাময়িক বাস্তবতার নানা উপাদান শৈল্পিকভাবে ধরা দেয়। তিনি এবার ‘মে ডিসেম্বর’ সিনেমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সিনেমাটি স্বর্ণপাম জিতলে দীর্ঘ ক্যারিয়ারে এটাই হবে বড় সফলতা। এ ছাড়া ‘শপলিফটার্স’ সিনেমা দিয়ে স্বর্ণপাম জয়ী জাপানের নির্মাতা হিরোকাজু কোরে এদা রয়েছেন প্রতিযোগিতায়। এবারও খালি হাতে না ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর। বলা যায়, আটবার স্বর্ণপাম দরে মনোনয়ন ও হতাশ হওয়া নির্মাতা মার্কো বেলচ্চিয়োর কথা। এবার তিনি ‘কিডনাপড’ দিয়ে শেষ হাসি হাসতে পারেন।
অন্যদিকে জার্মান নির্মাতা ভিম ভেন্ডার্স প্রথম সেই ১৯৮৪ সালে ‘প্যারিস টেক্সাস’ সিনেমার জন্য স্বর্ণপাম জিতেছিলেন। পরে পাঁচবার মনোনয়ন পেয়েও খালি হাতে ফিরেছেন। সমালোচকেরা বলছেন, তিনি এবারও খালি হাতে ফিরতে পারেন। চীনের নির্মাতা অং বিং, ভিয়েতনামের পরিচালক আঙ হুঙ ট্রান কি এই প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করতে পারবেন? কী ঘটে, সেটা আজ রাতেই জানা যাবে।
৭৬তম কান উৎসবে বাঘা বাঘা নির্মাতাকে ছাপিয়ে তরুণ কেউ এই পুরস্কার পেলে সেটাকে বলা হবে অঘটন। এবার তেমন কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। এবার তরুণ নারী নির্মাতাদের মধ্যে প্রথমে আছেন রামাতা তোলায় সায়ের। তিনি ‘বানেল অ্যান্ড আদামা’ দিয়ে অফিশিয়াল শাখায় মনোনয়ন পেয়েছেন। সিনেমায় তুলে ধরেছেন সেনেগালের প্রত্যন্ত অঞ্চলের এক তরুণযুগলের সমাজের বিরুদ্ধে সংগ্রামের গল্প। এটি নির্মাতার প্রথম ছবি।
উৎসবে নারী নির্মাতাদের মধ্যে এবার আলোচনায় রয়েছেন এলিস রোহওয়াচার। ইতালির এই নারী নির্মাতা এর আগে দুবার কানের স্বর্ণপাম দরের জন্য মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু গ্র্যান্ড জুরি ও চিত্রনাট্যের জন্য পুরস্কার পেলেও পরিচালক স্বর্ণপাম ঘরে তুলতে পারেননি। এর আগে ২০১৯ সালে স্বর্ণপাম পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন জাস্টিন ত্রিয়েত। এবার তিনি ‘অ্যানাটমি অব আ ফল’ এর জন্য মনোনয়ন পেয়েছেন। তিনিও এই পুরস্কার পেলে এটাকে অঘটন বলা যেতে পারে। কারণ, কানে এবার যেমন বাঘা বাঘা নির্মাতা সিনেমা নিয়ে হাজির হয়েছেন, তেমনি সবার সিনেমাগুলো এবার সমালোচক ও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে।