‘দ্য সাইলেন্ট ইকো’ সিনেমার দৃশ্য
‘দ্য সাইলেন্ট ইকো’ সিনেমার দৃশ্য

নাউনেস এশিয়ায় ‘দ্য সাইলেন্ট ইকো’

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নাউনেস এশিয়ায় মুক্তি পেল ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান গুপি বাঘা প্রোডাকশনস লিমিটেডের সিনেমা ‘দ্য সাইলেন্ট ইকো’। বিনা মূল্যে সিনেমাটি দেখতে পারছেন দর্শকেরা।

বাংলাদেশ, ভারত, নেপাল ও ফ্রান্সের প্রযোজনায় নেপালি ভাষার স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্মাণ করেছেন ভারতীয় নির্মাতা সুমন সেন। নির্মাতার সঙ্গে যৌথভাবে সিনেমার গল্প লিখেছেন বিজন ইমতিয়াজ।

নেপালের নিভৃত একটি পাহাড়ি গ্রামের চার কিশোরকে ঘিরে সিনেমার গল্প আবর্তিত হয়েছে।

‘দ্য সাইলেন্ট ইকো’ সিনেমার দৃশ্য

গুপি বাঘা প্রোডাকশনস লিমিটেড জানিয়েছে, ২০২১ সালে নির্মিত সিনেমাটি ২০টির বেশি দেশে প্রদর্শিত হয়েছে, ৮০টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। ১৫টি পুরস্কার পেয়েছে।

সিনেমার গল্পে দেখা যাবে, নেপালের দুর্গম অঞ্চল মুস্তাংয়ের চার কিশোর একটি পরিত্যক্ত বাসকে রিহার্সাল রুমে পরিণত করে—তারা একটি ব্যান্ড প্রতিযোগিতায় অংশ নেয়। নানা বাধা অতিক্রম করে স্বপ্নের পথে ছুটতে থাকে তারা।

ছবির শিল্পীরা পেশাদার নয়; তারা মুস্তাংয়ের লো মান্থাংয়ে বড় হয়েছে। পোখারার আশপাশের শরণার্থীশিবির ও স্কুল থেকে প্রায় ১০০ জন শিশুর অডিশন নিয়ে তাদের বেছে নেয়।

পরিচালক সুমন সেন বলেন, ‘এই শিশুরাই ছবির প্রাণ। তারা নীরবতার মধ্য দিয়েই অনুভূতি প্রকাশ করে। আমাকে তাদের পরিচালনা করতে হয়নি; আমাদের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি হয়েছিল।’

বর্তমানে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একা’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুমন সেন। সিনেমাটি প্রযোজনা করছে ভারত-অস্ট্রেলিয়া-ফ্রান্স।