
আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী। প্রায় এক শতাব্দী ধরে তাঁর গল্প ও চরিত্র ভারতীয় উপমহাদেশের সিনেমাকে প্রভাবিত করেছে। নির্বাক সিনেমা থেকে ওটিটি—মুখ ও মাধ্যম বদলেছে, শরৎচন্দ্র থেকে গেছেন।
জন্মের দেড় শ বছর পরও তাঁর দেবদাস প্রেমে ব্যর্থ হন, পার্বতীকে হারান; শ্রীকান্ত পথে বেরিয়ে পড়েন, ললিতা আবার দাঁড়ান শেখরের সামনে। শুধু মুখগুলো বদলে যায়। দেবদাস কখনো প্রমথেশ বড়ুয়া, কখনো কুন্দনলাল সায়গল, দিলীপ কুমার, বুলবুল আহমেদ, শাহরুখ খান কিংবা একালের শাকিব খান।
আর পার্বতী? যুগে যুগে সেই চরিত্রে এসেছেন যমুনা বড়ুয়া, সুচিত্রা সেন, কবরী, ঐশ্বরিয়া রাই কিংবা অপু বিশ্বাস। ‘পরিণীতা’র ললিতাও বারবার বদলেছেন—মীনা কুমারী থেকে অঞ্জনা, বিদ্যা বালান। রাজলক্ষ্মী হয়েছেন সুচিত্রা সেন, ‘দত্তা’র বিজয়া হয়েছেন সুচিত্রা থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত।
সময় বদলেছে, দেশ বদলেছে, বদলেছে পর্দায় গল্প বলার ভাষা। নির্বাক পর্দা কথা বলতে শিখেছে, সাদা–কালো সিনেমা রঙিন হয়েছে; সিনেমা হলের পাশে এসেছে টেলিভিশন, তারপর ওটিটি। বদলেছেন দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী, ললিতা, রাজলক্ষ্মীরা। শুধু ফুরোয়নি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প।
আজ ১৫ সেপ্টেম্বর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মের ১৫০ বছর। ১৮৭৬ সালের এই দিনে হুগলির দেবানন্দপুরে জন্মেছিলেন তিনি। মানুষের প্রেম, বিরহ, সংসার, দারিদ্র্য, সামাজিক বৈষম্য, নারীর অবস্থান, ব্যক্তিস্বাধীনতার আকাঙ্ক্ষা—জটিল বিষয়গুলো তিনি বলেছেন সহজ গল্পে। আর সেই গল্পে আছে দৃশ্য, নাটকীয়তা, আবেগ ও মনে রাখার মতো চরিত্র। সম্ভবত সে কারণেই চলচ্চিত্রের গোড়ার যুগ থেকে নির্মাতারা বারবার তাঁর কাছে ফিরেছেন।
‘দেবদাস’, ‘পরিণীতা’, ‘শ্রীকান্ত’, ‘দত্তা’, ‘চরিত্রহীন’, ‘বড়দিদি’, ‘মেজদিদি’, ‘গৃহদাহ’, ‘দেনা–পাওনা’, ‘পল্লীসমাজ’, ‘পথের দাবী’, ‘পণ্ডিতমশাই’, ‘নিষ্কৃতি’, ‘বিন্দুর ছেলে’—একটির পর একটি রচনা পর্দায় এসেছে। কোনোটি একবার নয়, বারবার। বাংলা-হিন্দির গণ্ডিও পেরিয়েছে তাঁর গল্প।
সিনেমার প্রায় জন্মলগ্নেই শরৎচন্দ্র
পর্দায় শরৎচন্দ্রর যাত্রা শুরু হয়েছিল সবাক সিনেমারও আগে। ১৯২৮ সালে নরেশ মিত্র ‘দেবদাস’কে নির্বাক চলচ্চিত্রে রূপ দেন। বাংলা সবাক চলচ্চিত্রের গোড়ার যুগেই শরৎচন্দ্র হয়ে ওঠেন নির্মাতাদের অন্যতম সাহিত্যিক আশ্রয়।
১৯৩১ সালে প্রেমাঙ্কুর আতর্থীর পরিচালনায় তৈরি হয় ‘দেনা–পাওনা’। নিউ থিয়েটার্সের ছবিটিতে অভিনয় করেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, জহর গঙ্গোপাধ্যায়, অমর মল্লিকসহ অনেকে। চিত্রগ্রহণে ছিলেন নীতিন বসু, সংগীতে রাইচাঁদ বড়াল।
পরের বছর নিউ থিয়েটার্সের ব্যানারে শিশির ভাদুড়ীর পরিচালনায় আসে ‘পল্লীসমাজ’। এরপর ১৯৩৫ সালে এল সেই উপন্যাস, যেটি শরৎচন্দ্র ও ভারতীয় চলচ্চিত্রের সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে গেল—‘দেবদাস’।
‘দেবদাস’ মরে না
উপন্যাসে দেবদাসের মৃত্যু হয়েছে বহু আগেই, কিন্তু সিনেমার পর্দায় চরিত্রটির যেন মৃত্যু নেই। এক প্রজন্মের দেবদাস বিদায় নিয়েছেন, আরেক প্রজন্মে অন্য কোনো জনপ্রিয় অভিনেতা এসে তাঁর জায়গা নিয়েছেন। ১৯৩৫ সালে নিউ থিয়েটার্সের ব্যানারে প্রমথেশ বড়ুয়া বাংলায় নির্মাণ করেন ‘দেবদাস’। নামভূমিকায় ছিলেন নিজেই, পার্বতী যমুনা বড়ুয়া, চন্দ্রমুখী চন্দ্রাবতী দেবী। একই বছর হিন্দি সংস্করণও নির্মিত হয় প্রমথেশ বড়ুয়ার পরিচালনায়। সেখানে দেবদাস কুন্দনলাল সায়গল। এরপর বাংলা ও হিন্দির সীমানা পেরিয়ে তেলেগু, তামিল, মালয়ালমসহ বিভিন্ন ভাষায় পৌঁছে যায় গল্পটি।
কিন্তু এতবার কেন ফিরে আসে দেবদাস
এ প্রশ্নের একটি উত্তর পাওয়া যায় চলচ্চিত্র–গবেষক পীযূষ রায়ের লেখায়। এডিনবরার গবেষণা সাময়িকী ‘দ্য সাউথ এশিয়ানিস্ট’-এ প্রকাশিত তাঁর ‘ফিল্মিং আ মেটাফর’ প্রবন্ধে তিনি দেখিয়েছেন, অসংখ্য চলচ্চিত্ররূপের মধ্য দিয়ে দেবদাস আর শুধু শরৎচন্দ্রর উপন্যাসের একটি চরিত্রে আটকে থাকেনি। ভারতীয় সমাজে ব্যর্থ বা পরিণতিহীন প্রেমের পরিচিত প্রতীকে পরিণত হয়েছে চরিত্রটি।
উপন্যাসে দেবদাসের মৃত্যু হয়েছে বহু আগেই, কিন্তু সিনেমার পর্দায় চরিত্রটির যেন মৃত্যু নেই। এক প্রজন্মের দেবদাস বিদায় নিয়েছেন, আরেক প্রজন্মে অন্য কোনো জনপ্রিয় অভিনেতা এসে তাঁর জায়গা নিয়েছেন।
দেবদাসের এই দীর্ঘ পর্দাযাত্রা নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আইওয়ার চলচ্চিত্র–গবেষক কোরি কে ক্রিকমারও। বিশ্ববিদ্যালয়টির ভারতীয় সিনেমাবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত ‘দ্য দেবদাস ফেনোমেনন’ লেখায় ১৯৩৫ সালের প্রমথেশ বড়ুয়া, ১৯৫৫ সালের বিমল রায় ও ২০০২ সালের সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ পাশাপাশি রেখে বিশ্লেষণ করেছেন তিনি। তাঁর পর্যবেক্ষণেও বারবার চলচ্চিত্রায়ণের মধ্য দিয়ে গল্পটি ভারতীয় জনপ্রিয় সংস্কৃতির পরিচিত অংশ হয়ে ওঠার বিষয়টি এসেছে।
সিনেমার ইতিহাসের দিকে তাকালেও কথাটির প্রমাণ মেলে। পঞ্চাশের দশকের হিন্দি ছবির দর্শকের কাছে দেবদাসের মুখ দিলীপ কুমার। আশির দশকে বাংলাদেশের দর্শক চরিত্রটিকে দেখেছেন বুলবুল আহমেদের মুখে। নতুন শতাব্দীতে সঞ্জয় লীলা বানসালি দেবদাস করলেন শাহরুখ খানকে। অনুরাগ কশ্যপ ‘দেব.ডি’-তে অভয় দেওলকে দিয়ে চরিত্রটিকে নিয়ে গেলেন একেবারে নতুন সময়ের ভারতে। বাংলাদেশেও তিন দশকের ব্যবধানে চাষী নজরুল ইসলামের দ্বিতীয় দেবদাস হলেন শাকিব খান।
তাই ‘দেবদাস’-এর ইতিহাস শুধু একই উপন্যাস বারবার চলচ্চিত্রে রূপ দেওয়ার ইতিহাস নয়; একই গল্পকে একেক প্রজন্মের তারকা, নির্মাতা ও দর্শকের নতুন করে নিজের করে নেওয়ার ইতিহাসও।
দিলীপ কুমারের দেবদাস, সুচিত্রার পার্বতী
প্রমথেশ বড়ুয়ার ‘দেবদাস’ মুক্তির দুই দশক পর ১৯৫৫ সালে হিন্দি সিনেমায় আবার ফিরলেন শরৎচন্দ্রর সেই ট্র্যাজিক নায়ক। এবার পরিচালক বিমল রায়, দেবদাস দিলীপ কুমার, পার্বতী সুচিত্রা সেন, চন্দ্রমুখী বৈজয়ন্তীমালা। চুনিলালের চরিত্রে মতিলাল। তত দিনে ‘আন্দাজ’, ‘দাগ’, ‘আন’-এর মতো ছবিতে অভিনয় করে হিন্দি সিনেমার প্রথম সারির নায়ক দিলীপ কুমার। বিষণ্ন ও ট্র্যাজিক চরিত্রে অভিনয়ের জন্যও তাঁর আলাদা পরিচিতি তৈরি হয়েছিল। ‘দেবদাস’ যেন সেই অভিনয়-ইমেজের চূড়ান্ত এক পরীক্ষা। ভালোবাসার মানুষকে হারিয়ে ধীরে ধীরে মদ ও আত্মধ্বংসের দিকে এগিয়ে যাওয়া দেবদাসকে সংযত অভিনয়ে তুলে ধরেন তিনি। ছবিটির জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কারও পান দিলীপ কুমার।
ছবিটি সুচিত্রা সেনের জন্যও বিশেষ। বাংলা ছবিতে তখন তিনি প্রতিষ্ঠিত তারকা। ‘দেবদাস’ দিয়েই হিন্দি চলচ্চিত্রে তাঁর অভিষেক। অর্থাৎ বাংলা সিনেমার সুচিত্রাকে সর্বভারতীয় দর্শক প্রথম দেখলেন শরৎচন্দ্রর পার্বতী হিসেবে। দিলীপ কুমারের দেবদাসের পাশে তাঁর পার্বতীতেও ছিল অভিমান, ভালোবাসা ও আত্মমর্যাদার মিশেল।
চন্দ্রমুখীর চরিত্রে বৈজয়ন্তীমালা ছবিটির আরেক গুরুত্বপূর্ণ মুখ। চুনিলাল চরিত্রে মতিলালের অভিনয়ও স্বীকৃতি পায়; ফিল্মফেয়ারে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান তিনি।
বিমল রায়ের ‘দেবদাস’-এর বড় শক্তি ছিল এর সংযম। জমকালো আয়োজনের বদলে মুখের অভিব্যক্তি, আলোছায়া, নীরবতা ও বিষণ্ন আবহের মধ্য দিয়ে এগোয় গল্প। শচীন দেববর্মনের সংগীতও সেই আবহের গুরুত্বপূর্ণ অংশ।
প্রমথেশ বড়ুয়া-কুন্দনলাল সায়গলের পর নতুন প্রজন্মের দর্শকের কাছে দেবদাসের মুখ হয়ে উঠলেন দিলীপ কুমার; পার্বতী পেল সুচিত্রা সেনের মুখ, চন্দ্রমুখী বৈজয়ন্তীমালার। প্রায় অর্ধশতক পর একই গল্প যখন আবার হিন্দি সিনেমায় এল, তার চেহারাই গেল বদলে।
ঐশ্বরিয়ার পার্বতী, মাধুরীর চন্দ্রমুখী
২০০২ সালে সঞ্জয় লীলা বানসালি নির্মাণ করলেন ‘দেবদাস’। নামভূমিকায় শাহরুখ খান, পার্বতী ঐশ্বরিয়া রাই, চন্দ্রমুখী মাধুরী দীক্ষিত। চুনিলালের চরিত্রে জ্যাকি শ্রফ। তখন শাহরুখ বলিউডের শীর্ষ তারকাদের একজন, ঐশ্বরিয়া ও মাধুরীও জনপ্রিয়তার তুঙ্গে। শরৎচন্দ্রর বহু পুরোনো কাহিনি নতুন শতাব্দীতে পেল বলিউডের বড় তারকা-সমাবেশ। বিমল রায়ের সংযত বিষণ্নতার জায়গায় বানসালি বেছে নিলেন বিপুল জাঁকজমক। বিশাল সেট, ঝাড়বাতি, রঙের বাহার, অলংকার ও পোশাকের আয়োজন, সঙ্গে গান ও নাচ—শরৎচন্দ্রর ট্র্যাজেডি এখানে হয়ে উঠল চোখধাঁধানো দৃশ্যকাব্য।
‘সিলসিলা ইয়ে চাহত কা’, ‘মার ডালা’, ‘বৈরি পিয়া’ থেকে ‘ডোলা রে ডোলা’—গানগুলো ছবির বাইরেও জনপ্রিয়তা পায়। বিশেষ করে ঐশ্বরিয়া ও মাধুরীর ‘ডোলা রে ডোলা’ হিন্দি সিনেমার বহুল আলোচিত নৃত্যদৃশ্যগুলোর একটি হয়ে ওঠে।
এখানেই বানসালি মূল উপন্যাস থেকে বড় একটি স্বাধীনতা নেন। শরৎচন্দ্রর ‘দেবদাস’-এ পার্বতী ও চন্দ্রমুখীর দেখা হয় না। অথচ বানসালি শুধু তাঁদের মুখোমুখিই করেননি, ‘ডোলা রে ডোলা’য় দুজনকে একসঙ্গে নাচিয়েছেন। উপন্যাসে দেবদাসকে ঘিরে দুটি আলাদা জগতের বাসিন্দা দুই নারী সিনেমায় এসে দাঁড়ালেন একই ফ্রেমে।
ছবিটির আন্তর্জাতিক যাত্রাও উল্লেখযোগ্য। ২০০২ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হয় ‘দেবদাস’। পরে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রবেশিকা হিসেবেও পাঠানো হয় ছবিটি। দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ারেও একাধিক স্বীকৃতি পায়। কিন্তু বানসালি যখন শরৎচন্দ্রকে তাঁর সবচেয়ে জাঁকজমকপূর্ণ রূপগুলোর একটি দিলেন, মাত্র সাত বছর পর অনুরাগ কশ্যপ একই ‘দেবদাস’কে নিয়ে হাঁটলেন প্রায় উল্টো পথে।
২০০৯ সালে এল ‘দেব.ডি’। দেবদাস এখানে দেব, পার্বতী পারো, চন্দ্রমুখীর আধুনিক প্রতিরূপ চন্দা। দেবের চরিত্রে অভয় দেওল, পারো মাহি গিল, চন্দা কালকি কোয়েচলিন। শরৎচন্দ্রর দেবদাসকে অনুরাগ কশ্যপ নিয়ে এলেন সমকালীন দিল্লি ও পাঞ্জাবের পৃথিবীতে। পুরোনো সামাজিক পরিসরের বদলে এল মুঠোফোন, শহুরে জীবন, হোটেল, মাদক ও যৌনতার নতুন বাস্তবতা। কিন্তু দেবের ভেতরের আত্মধ্বংসের প্রবণতা থেকে গেল। বদলে গেল নারী চরিত্রও। কশ্যপের পারো অপেক্ষা করে থাকা অসহায় প্রেমিকা নন। দেবের প্রত্যাখ্যানের পর নিজের জীবন থামিয়ে রাখেন না তিনি। চন্দাও শরৎচন্দ্রর চন্দ্রমুখীর সরাসরি অনুলিপি নয়।
২০০২ সালে বানসালি একই গল্পকে তারকা, পোশাক, নাচ-গান আর বিশাল সেটে মহাকাব্যিক করে তুললেন; সাত বছর পর কশ্যপ সেই গল্পের কাঠামো ভেঙে তাকে সমকালীন তরুণদের প্রেম, যৌনতা, অপরাধবোধ ও আত্মধ্বংসের গল্প বানালেন। উৎস একই, কিন্তু সিনেমা দুটি যেন দুই মেরুর।
আমাদের দেবদাস
শরৎচন্দ্রর সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রের সম্পর্কও দীর্ঘ। স্বাধীনতার পর এ দেশের সাহিত্যনির্ভর চলচ্চিত্রের উল্লেখযোগ্য সংযোজন চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ছবিতে দেবদাসের চরিত্রে বুলবুল আহমেদ, পার্বতী কবরী এবং চন্দ্রমুখী আনোয়ারা। শরৎচন্দ্রর পরিচিত প্রেম-বিরহের গল্পকে বাংলাদেশের শিল্পীদের মুখে নতুন করে দেখেছিলেন দর্শক।
চাষী নজরুল ইসলামের জন্য ‘দেবদাস’ একবার চলচ্চিত্রায়িত করেই শেষ হয়ে যায়নি। ৩১ বছর পর তিনি আবার ফিরে গেলেন একই উপন্যাসে। তত দিনে বদলে গেছে বাংলাদেশের চলচ্চিত্রশিল্প, দর্শকের রুচি ও তারকাব্যবস্থা। দ্বিতীয় ‘দেবদাস’-এ নামভূমিকায় শাকিব খান, পার্বতী অপু বিশ্বাস, চন্দ্রমুখী মৌসুমী। ছবিটি মুক্তি পায় ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি। এ ছবির জন্য চন্দ্রমুখী চরিত্রে মৌসুমী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পান। একই ছবির গানের জন্য রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন যৌথভাবে সেরা নারী কণ্ঠশিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। মৌসুমী একই চরিত্রের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কারেও সেরা চলচ্চিত্র অভিনেত্রীর স্বীকৃতি পান।
বাংলাদেশের দুই ‘দেবদাস’ তাই শুধু একই উপন্যাসের দুটি চলচ্চিত্ররূপ নয়; দুই সময়ের ঢাকাই ছবিরও দলিল। একদিকে বুলবুল আহমেদ-কবরী-আনোয়ারার প্রজন্ম, অন্যদিকে শাকিব খান-অপু বিশ্বাস-মৌসুমীর প্রজন্ম। মাঝখানে তিন দশকের বেশি ব্যবধান, কিন্তু গল্প একই। একই পরিচালক নিজের চলচ্চিত্রজীবনের দুই ভিন্ন সময়ে একই উপন্যাসে ফিরেছেন—শরৎচন্দ্রর গল্পের দীর্ঘায়ু বোঝাতে বাংলাদেশের এ উদাহরণ তাই বিশেষ।
‘দেবদাস’ ছাড়াও হিন্দি সিনেমার শরৎচন্দ্র
হিন্দি চলচ্চিত্রে শরৎচন্দ্র মানেই শুধু ‘দেবদাস’ নয়। তাঁর বাঙালি চরিত্রগুলো বারবার সর্বভারতীয় সিনেমার চরিত্র হয়ে উঠেছে। ১৯৫৩ সালে বিমল রায় নির্মাণ করেন ‘পরিণীতা’। শেখর অশোক কুমার, ললিতা মীনা কুমারী। পরের বছর তাঁর পরিচালনায় আসে ‘বিরাজ বৌ’ অবলম্বনে ‘বিরাজ বহু’। বিরাজের চরিত্রে কামিনী কৌশল, নীলাম্বরের চরিত্রে অভি ভট্টাচার্য। অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান কামিনী কৌশল।
১৯৬৭ সালে হৃষিকেশ মুখোপাধ্যায় ‘মেজদিদি’ অবলম্বনে নির্মাণ করেন ‘মাঝলি দিদি’। অভিনয়ে মীনা কুমারী ও ধর্মেন্দ্র। ছবিটি ভারতের পক্ষ থেকে অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে পাঠানো হয়েছিল। চিত্রনাট্যের জন্য নবেন্দু ঘোষ পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার।
১৯৭৫ সালে শরৎচন্দ্রর ‘পণ্ডিতমশাই’ অবলম্বনে ‘খুশবু’ নির্মাণ করেন গুলজার। অভিনয়ে হেমা মালিনী ও জিতেন্দ্র। দুই বছর পর বাসু চট্টোপাধ্যায় নির্মাণ করেন ‘স্বামী’। অভিনয়ে শাবানা আজমি ও গিরিশ কারনাড। ছবিটির জন্য ১৯৭৮ সালে মরণোত্তর সেরা গল্পকারের ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া হয় শরৎচন্দ্রকে।
১৯৮০ সালে বাসু চট্টোপাধ্যায় আবার তাঁর কাছে ফিরলেন। এবার ‘নিষ্কৃতি’ অবলম্বনে ‘আপনে পরায়ে’। শাবানা আজমি, অমল পালেকার, উৎপল দত্ত ও গিরিশ কারনাড অভিনীত ছবিতে একান্নবর্তী পরিবারের সম্পর্ক ও টানাপোড়েন নতুন করে জায়গা পেল হিন্দি সিনেমায়। শরৎচন্দ্র তখন আর কেবল বাংলা চলচ্চিত্রের সাহিত্যিক নন, হিন্দি সিনেমার ইতিহাসেরও অংশ।
ললিতারও বারবার জন্ম
দেবদাসের মতো না হলেও ‘পরিণীতা’ও বারবার নতুন প্রজন্মের কাছে ফিরেছে। ১৯৪২ সালে বাংলায় ‘পরিণীতা’ নির্মাণ করেন পশুপতি চট্টোপাধ্যায়। ১৯৫৩ সালে বিমল রায়ের হিন্দি সংস্করণে ললিতা মীনা কুমারী, শেখর অশোক কুমার। ১৯৬৯ সালের বাংলা সংস্করণে শেখর সৌমিত্র চট্টোপাধ্যায়, ললিতা মৌসুমী চট্টোপাধ্যায়। বাংলাদেশেও ‘পরিণীতা’ নির্মিত হয়েছে। ১৯৮৬ সালে আলমগীর কবির পরিচালিত ছবিতে শেখর ইলিয়াস কাঞ্চন, ললিতা অঞ্জনা।
তারপর ২০০৫ সালে প্রদীপ সরকারের ‘পরিণীতা’। ললিতার চরিত্রে বিদ্যা বালান, শেখর সাইফ আলী খান, গিরিন সঞ্জয় দত্ত। এই ছবি দিয়ে হিন্দি চলচ্চিত্রে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হয় বিদ্যা বালানের। পুরোনো কলকাতার আবহে নতুন প্রজন্মের দর্শকের কাছে আবার ফিরল শরৎচন্দ্রর ললিতা। ললিতার বয়স যেন বাড়ে না; শুধু তাঁকে অভিনয় করা অভিনেত্রীরা বদলে যান।
কানন দেবীর শরৎচন্দ্র
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কানন দেবী শুধু অভিনেত্রী ও গায়িকা হিসেবেই নন, প্রযোজক হিসেবেও বারবার ফিরে গেছেন শরৎচন্দ্রর কাছে। তাঁর শ্রীমতী পিকচার্সের ব্যানারে ১৯৫০ সালে তৈরি হয় ‘মেজদিদি’। নামভূমিকায় কানন দেবী। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পরে আসে শরৎচন্দ্রর কাহিনিনির্ভর আরও ছবি।
১৯৫৮ সালে কানন দেবীর প্রযোজনাতেই তৈরি হয় ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। শরৎচন্দ্রর গল্পে একসঙ্গে এলেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি—উত্তমকুমার ও সুচিত্রা সেন। রাজলক্ষ্মী সুচিত্রা, শ্রীকান্ত উত্তম।
পরের বছর আসে ‘ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অন্নদাদিদি’; পরে ‘অভয়া ও শ্রীকান্ত’। একজন প্রযোজক বারবার একই সাহিত্যিকের কাছে ফিরে যাচ্ছেন—শরৎচন্দ্রর গল্পের পর্দা-আকর্ষণেরও প্রমাণ এটি।
উত্তম-সুচিত্রার শরৎচন্দ্র
বাংলা চলচ্চিত্রে উত্তমকুমার-সুচিত্রা সেন জুটিকে সাধারণত রোমান্টিক ছবির অনন্য প্রতীক হিসেবেই দেখা হয়। কিন্তু তাঁদের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশজুড়ে আছেন শরৎচন্দ্রও। ১৯৫৭ সালের ‘চন্দ্রনাথ’-এ নামভূমিকায় উত্তমকুমার, সরযূ সুচিত্রা সেন। পরের বছর আসে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। হরিদাস ভট্টাচার্য পরিচালিত, কানন দেবীর শ্রীমতী পিকচার্স প্রযোজিত ছবিতে শ্রীকান্ত উত্তম, রাজলক্ষ্মী সুচিত্রা। পরিচিত নায়ক-নায়িকা সত্তার বাইরে এখানে পাওয়া যায় বিষণ্ন, পরিণত এক সম্পর্ক।
প্রায় এক দশক পর আবার শরৎচন্দ্রর কাছে ফিরলেন দুজন। ১৯৬৭ সালের ‘গৃহদাহ’-তে মহিম উত্তমকুমার, অচলা সুচিত্রা সেন। মৃণালের চরিত্রে সাবিত্রী চট্টোপাধ্যায়, সুরেশ প্রদীপ কুমার। সম্পর্ক, আকর্ষণ, বিবাহ ও মানসিক দ্বন্দ্বের গল্পে উত্তম-সুচিত্রার পরিচিত রসায়ন এখানে পেল ভিন্ন মাত্রা। এরপর ১৯৬৯ সালে ‘কমললতা’। কমললতা সুচিত্রা, শ্রীকান্ত আবার উত্তম। ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র ১১ বছর পর শ্রীকান্ত হয়ে ফিরলেন উত্তম, তবে এবার তাঁর বিপরীতে রাজলক্ষ্মী নন, কমললতা। অর্থাৎ শরৎচন্দ্রর গল্পে উত্তম-সুচিত্রা একই ধরনের প্রেমিক-প্রেমিকা হয়ে আটকে থাকেননি। ‘চন্দ্রনাথ’-এ চন্দ্রনাথ-সরযূ, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’-তে শ্রীকান্ত-রাজলক্ষ্মী, ‘গৃহদাহ’-তে মহিম-অচলা, ‘কমললতা’য় শ্রীকান্ত-কমললতা—প্রতিটি সম্পর্কের আবেগ ও সংকট আলাদা।
উত্তমকুমারের শরৎচন্দ্র-যাত্রা অবশ্য সুচিত্রাতেই সীমাবদ্ধ ছিল না। ১৯৭২ সালে মনু সেন পরিচালিত ‘বিরাজ বৌ’-এ নীলাম্বরের চরিত্রে উত্তম, বিরাজ মাধবী মুখোপাধ্যায়।
আর ১৯৭৭ সালের ‘সব্যসাচী’ উত্তমের শরৎচন্দ্র-অভিনয়ে একেবারেই অন্য মাত্রা যোগ করে। পীযূষ বসু পরিচালিত ছবিটির উৎস শরৎচন্দ্রর রাজনৈতিক উপন্যাস ‘পথের দাবী’। নামভূমিকায় উত্তমকুমার। প্রেমিক নায়কের পরিচিত পরিসর থেকে বেরিয়ে এখানে তিনি বিপ্লবী সব্যসাচী।
অন্যদিকে উত্তমকে ছাড়াও শরৎচন্দ্রর অন্যতম স্মরণীয় নারী চরিত্র হয়েছেন সুচিত্রা। অজয় করের ১৯৭৬ সালের ‘দত্তা’য় বিজয়া তিনি, নরেন সৌমিত্র চট্টোপাধ্যায়, রাসবিহারী উৎপল দত্ত।
শরৎচন্দ্রর সঙ্গে উত্তম-সুচিত্রার সম্পর্ক তাই শুধু কয়েকটি সাহিত্যনির্ভর ছবিতে অভিনয়ের হিসাব নয়। একই সাহিত্যিকের গল্পে বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটিকে দর্শক বারবার পেয়েছেন, কিন্তু প্রতিবারই আলাদা চরিত্র ও আলাদা সম্পর্কের মধ্যে।
৭২ বছর পরও বিজয়া
‘দত্তা’র প্রথম বাংলা চলচ্চিত্ররূপ আসে ১৯৫১ সালে। সৌমেন মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে বিজয়ার চরিত্রে সুনন্দা দেবী, নরেন পূর্ণেন্দু মুখোপাধ্যায়। ১৯৭৬ সালে অজয় কর আবার উপন্যাসটি নিয়ে ছবি করেন। এবার বিজয়া সুচিত্রা সেন, নরেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরও প্রায় অর্ধশতাব্দী পরে, ২০২৩ সালে আবার ‘দত্তা’। নির্মল চক্রবর্তী পরিচালিত ছবিতে বিজয়ার চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত। ১৯৫১ থেকে ২০২৩—৭২ বছরের ব্যবধানে একই বিজয়া নতুন অভিনেত্রী, নতুন নির্মাতা ও নতুন দর্শকের সামনে ফিরে এসেছেন। শরৎচন্দ্রর গল্পের স্থায়িত্বের আরেকটি উদাহরণ।
শ্রীকান্তও পথচলা থামাননি
‘শ্রীকান্ত’ যেন শরৎচন্দ্রর সবচেয়ে ভ্রমণপিপাসু চরিত্র। উপন্যাসেই তাঁর জীবন এক জায়গায় থেমে থাকেনি; শৈশবের স্মৃতি, রাজলক্ষ্মী, অন্নদাদিদি, অভয়া, কমললতা—একেক পর্বে একেক মানুষ ও অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। সেই বিস্তৃত কাহিনির সুবিধাই নিয়েছেন চলচ্চিত্র নির্মাতারা। পুরো ‘শ্রীকান্ত’ এক ছবিতে ধরার বদলে কখনো রাজলক্ষ্মী, কখনো অন্নদাদিদি, কখনো অভয়া, কখনো কমললতাকে কেন্দ্র করে আলাদা আলাদা চলচ্চিত্র তৈরি হয়েছে।
১৯৫৮ সালে হরিদাস ভট্টাচার্য পরিচালিত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’-তে শ্রীকান্ত হন উত্তমকুমার, রাজলক্ষ্মী সুচিত্রা সেন। কানন দেবীর শ্রীমতী পিকচার্স প্রযোজিত ছবিটি শরৎচন্দ্রর ‘শ্রীকান্ত’ অবলম্বনে নির্মিত। পরের বছর একই প্রযোজনা প্রতিষ্ঠান ও একই পরিচালকের ‘ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অন্নদাদিদি’-তে উপন্যাসের অন্য অধ্যায় উঠে আসে পর্দায়। সেখানে অন্নদাদিদির চরিত্রে কানন দেবী, কিশোর শ্রীকান্ত সজল ঘোষ এবং ইন্দ্রনাথ পার্থপ্রতিম চৌধুরী।
এরপর ১৯৬৫ সালে হরিদাস ভট্টাচার্য নির্মাণ করেন ‘অভয়া ও শ্রীকান্ত’। এবার শ্রীকান্তর চরিত্রে বসন্ত চৌধুরী, অভয়া মালা সিনহা। অর্থাৎ সাত বছরের মধ্যে ‘শ্রীকান্ত’র তিনটি আলাদা পর্ব নিয়ে তিনটি চলচ্চিত্র তৈরি হলো; একই চরিত্র শ্রীকান্তও পেলেন আলাদা অভিনেতার মুখ।
১৯৬৯ সালে এল হরিসাধন দাশগুপ্ত পরিচালিত ‘কমললতা’। আবার শ্রীকান্ত হলেন উত্তমকুমার, কিন্তু এবার তাঁর সামনে রাজলক্ষ্মী নন, কমললতা। চরিত্রটিতে সুচিত্রা সেন। ১৯৫৮ সালের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র ১১ বছর পর একই উত্তম-সুচিত্রাকে দর্শক শরৎচন্দ্রর ‘শ্রীকান্ত’র জগতেই পেলেন, তবে সম্পর্ক ও চরিত্রের সমীকরণ সম্পূর্ণ আলাদা।
শ্রীকান্তর এই যাত্রায় বাংলাদেশেরও গুরুত্বপূর্ণ অংশ আছে। ১৯৮৭ সালে বুলবুল আহমেদ নির্মাণ করেন ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। শ্রীকান্তর চরিত্রে ছিলেন বুলবুল আহমেদ নিজেই, রাজলক্ষ্মী শাবানা। সঙ্গে ছিলেন রাজ্জাক, প্রবীর মিত্র, নূতনসহ অনেকে। শরৎচন্দ্রর ‘শ্রীকান্ত’ অবলম্বনে নির্মিত ছবিটির চিত্রনাট্যও করেন বুলবুল আহমেদ। অর্থাৎ ‘দেবদাস’-এর মতো ‘শ্রীকান্ত’ও বাংলাদেশের চলচ্চিত্রে পেয়েছে নিজস্ব পর্দারূপ।
টেলিভিশনেও শ্রীকান্তর পথচলা থামেনি। ১৯৮৭ সালে দূরদর্শনে প্রচারিত হিন্দি ধারাবাহিক ‘শ্রীকান্ত’-তে নামভূমিকায় ছিলেন ফারুক শেখ, রাজলক্ষ্মী সুজাতা মেহতা এবং অভয়া মৃণাল কুলকার্নি। ধারাবাহিকটির সঙ্গে জড়িয়ে আছে পরবর্তী সময়ের ভারতীয় সিনেমার আরেক বড় অভিনেতার নাম—ইরফান খান। তখন ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে থাকা ইরফান অভিনয় করেছিলেন অভয়ার স্বামীর চরিত্রে।
নতুন শতাব্দীতেও শ্রীকান্তকে ছাড়েনি সিনেমা। ২০০৪ সালে অঞ্জন দাস নির্মাণ করেন ‘ইতি শ্রীকান্ত’। এবার শ্রীকান্ত আদিল হুসেইন, রাজলক্ষ্মী রিমা সেন, কমললতা সোহা আলী খান। ছবিটি শরৎচন্দ্রর ‘শ্রীকান্ত’ অবলম্বনেই নির্মিত। আগের চলচ্চিত্রগুলো যেখানে উপন্যাসের নির্দিষ্ট পর্ব বা নারী চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে, অঞ্জন দাসের ছবিতে শ্রীকান্তর জীবনে রাজলক্ষ্মী ও কমললতার উপস্থিতি এবং তাঁর নিজের মানসিক টানাপোড়েনকে গুরুত্ব দেওয়া হয়।
ফলে ‘শ্রীকান্ত’র পর্দাযাত্রা এক অর্থে শরৎচন্দ্রর গল্পের অভিযোজনক্ষমতারও উদাহরণ। একই উপন্যাস থেকে কখনো ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’, কখনো ‘ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অন্নদাদিদি’, কখনো ‘অভয়া ও শ্রীকান্ত’, কখনো ‘কমললতা’, কখনো ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, আবার কখনো ‘ইতি শ্রীকান্ত’—একেক নির্মাতা বেছে নিয়েছেন একেক অধ্যায় ও সম্পর্ক।
তারপরও যাত্রা শেষ হয়নি। সিনেমা ও টেলিভিশন পেরিয়ে নতুন শতকে শ্রীকান্ত পৌঁছে গেছেন ওটিটিতে। সেখানে আবার বদলেছে তাঁর সময়, পেশা, জীবনযাপন ও সম্পর্কের ভাষা—শরৎচন্দ্রর ভবঘুরে শ্রীকান্ত হয়ে উঠেছেন একেবারে নতুন সময়ের মানুষ।
নতুন শতকের শরৎচন্দ্র: এবার ওটিটিতে
শরৎচন্দ্রর গল্পের পর্দাযাত্রা সিনেমা হল বা টেলিভিশনেই থেমে থাকেনি। ডিজিটাল প্ল্যাটফর্মের যুগেও নতুন প্রজন্মের নির্মাতারা ফিরে গেছেন তাঁর কাছে। তবে এবার অনেক ক্ষেত্রেই লক্ষ্য মূল উপন্যাসকে হুবহু পর্দায় তুলে আনা নয়; পরিচিত চরিত্র ও সম্পর্কের সূত্র রেখে গল্পকে নিয়ে যাওয়া হচ্ছে সমকালীন সমাজে। এর উল্লেখযোগ্য উদাহরণ ‘চরিত্রহীন’। শরৎচন্দ্রর এই উপন্যাস বাংলাদেশের চলচ্চিত্রেও এসেছে। ১৯৭৫ সালে বেবী ইসলাম একই নামে ছবি নির্মাণ করেন। অভিনয়ে ছিলেন মীনা খান, প্রবীর মিত্রসহ অনেকে। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সংগীত পরিচালনা ও চিত্রগ্রহণ বিভাগে স্বীকৃতি পায়।
চার দশকের বেশি সময় পর ‘চরিত্রহীন’–কে নতুনভাবে আবিষ্কার করে বাংলা ওটিটি। ২০১৮ সালে হইচইয়ে শুরু হয় একই নামের ওয়েব সিরিজ। পরিচালক দেবালয় ভট্টাচার্য। শরৎচন্দ্রর উপন্যাসের কিরণময়ী, সতীশ, সাবিত্রী, উপেন্দ্রদের সূত্র থাকলেও গল্পটিকে নিয়ে যাওয়া হয় সমকালীন পৃথিবীতে।
কিরণময়ীর চরিত্রে নয়না গাঙ্গুলি, সতীশ সৌরভ দাস। বিভিন্ন মৌসুমে যুক্ত হন স্বস্তিকা মুখোপাধ্যায়, মুমতাজ সরকারসহ আরও অনেকে। একটি শতবর্ষের বেশি পুরোনো উপন্যাসকে ঘিরে সিরিজটি গড়ায় তিন মৌসুম পর্যন্ত। পরের মৌসুমগুলোতে অবশ্য মূল উপন্যাস থেকে দূরত্ব বাড়িয়ে চরিত্র ও গল্পের নতুন শাখাও তৈরি হয়েছে। শরৎচন্দ্র এখানে তাই শুধু অভিযোজনের লেখক নন, নতুন গল্প তৈরিরও সূচনাবিন্দু।
এরপর ২০২২ সালে হইচইয়ে এল ‘শ্রীকান্ত’। সানি ঘোষ রায় পরিচালিত ৯ পর্বের সিরিজটিকে প্ল্যাটফর্মটি শরৎচন্দ্রর উপন্যাসের আধুনিক ‘মিউজিক্যাল রিটেইলিং’ হিসেবে পরিচয় করিয়েছে।
শ্রীকান্ত এখানে আর আগের শতকের ভবঘুরে যুবক নন; সমকালীন সময়ের একজন ডিজাইনার। চরিত্রটিতে ঋষভ বসু। রাজলক্ষ্মী সোহিনী সরকার, অভয়া মধুমিতা সরকার। শ্রীকান্ত-রাজলক্ষ্মীর পুরোনো সম্পর্কের সূত্র ধরে গল্পকে নিয়ে যাওয়া হয়েছে বর্তমান সময়ের প্রেম ও সম্পর্কের জগতে।
এখানেই ওটিটিতে শরৎচন্দ্রর ফিরে আসার তাৎপর্য। পুরোনো অনেক চলচ্চিত্ররূপে মূল কাহিনি ও সময়কাল ধরে রাখার চেষ্টা ছিল। ডিজিটাল যুগের নির্মাতারা বরং প্রশ্ন করছেন—শ্রীকান্ত, রাজলক্ষ্মী, অভয়া কিংবা কিরণময়ী যদি আজকের মানুষ হতেন, তাঁদের জীবন কেমন হতো? একসময় শরৎচন্দ্রর চরিত্রদের দেখতে দর্শককে সিনেমা হলে যেতে হতো। পরে তাঁরা এলেন টেলিভিশনে। এখন ‘চরিত্রহীন’ কিংবা ‘শ্রীকান্ত’ দেখা যায় মুঠোফোনে।
কেন ফুরোয় না শরৎচন্দ্র
প্রশ্নটা তাই আসেই—শরৎচন্দ্রর গল্প কেন এতবার পর্দায় ফেরে? একটি কারণ তাঁর গল্পের দৃশ্যমানতা। কাহিনিতে ঘটনা আছে, নাটকীয়তা আছে, শক্তিশালী চরিত্র আছে, দ্বন্দ্ব আছে, আবেগ আছে। পাঠক অনেক সময় পড়তে পড়তেই যেন দৃশ্য দেখতে পান।
আরও বড় কারণ তাঁর চরিত্র। শরৎচন্দ্র যে সমাজের কথা লিখেছিলেন, সেই সমাজ অনেকটাই বদলে গেছে। বদলেছে পরিবার ও সামাজিক কাঠামো। কিন্তু প্রেম, প্রত্যাখ্যান, শ্রেণি বিভাজন, নারীর সামাজিক অবস্থান, পরিবারের সঙ্গে ব্যক্তিস্বাধীনতার সংঘাত কিংবা আত্মমর্যাদার প্রশ্ন কি শেষ হয়ে গেছে?
দেবদাস পার্বতীকে ভালোবাসেন, কিন্তু সময়মতো সিদ্ধান্ত নিতে পারেন না। ললিতা ভালোবাসেন, কিন্তু তাঁর আত্মমর্যাদাও আছে। রাজলক্ষ্মীর প্রেমের সঙ্গে জড়িয়ে আছে নিজের পরিচয়ের লড়াই। বিজয়া, অচলা, মৃণাল কিংবা চন্দ্রমুখীরও আছে নিজস্ব অবস্থান। সময় বদলালেও তাই চরিত্রগুলোর আবেগ ও সংকট একেবারে অচেনা হয়ে যায় না।
এ জায়গাটিই ধরেছিলেন নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য। ২০১৯ সালে শরৎচন্দ্রর ‘শ্রীকান্ত’–কে সমকালীন সময়ে এনে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ নির্মাণ করেন তিনি। ‘স্ক্রল ডট ইন’–কে দেওয়া সাক্ষাৎকারে প্রদীপ্ত বলেন, উপন্যাসটি যেমন আছে, সেটিকে চলচ্চিত্রে হুবহু নকল করার অর্থ তিনি দেখেন না; তাঁর চলচ্চিত্র তাঁর নিজের কল্পনায় দেখা শ্রীকান্ত। চরিত্রগুলোকে নিজের মতো করে ভেঙেছেন তিনি। ছবির অনেক কিছুই এমনভাবে রাখতে চেয়েছেন, যেন ঘটনাগুলো যেকোনো শতকেই ঘটতে পারে। তাঁর আরও সরল ব্যাখ্যা—শ্রীকান্তর মতো ভবঘুরে মানুষ এখনো আছেন।
শরৎচন্দ্রর গল্পের এই সময় অতিক্রম করার ক্ষমতার কথা অন্যভাবে বলেছেন নির্মাতা অদিতি রায়ও। ২০২৪ সালে ‘পরিণীতা’–কে ওয়েব সিরিজে নিয়ে আসার সময় ‘দ্য টেলিগ্রাফ’–কে তিনি বলেন, এটি প্রেমের গল্প বলেই যেকোনো সময়ের জন্য প্রাসঙ্গিক। ভালোবাসার সঙ্গে রাগ, অভিমান ও সম্পর্কের টানাপোড়েন আগেও ছিল, এখনো আছে; হয়তো সম্পর্কের প্রকৃতি বদলেছে। শরৎচন্দ্রর নারী চরিত্রের মধ্যেও তিনি স্বাধীনতার বোধ খুঁজে পান। তাঁর চোখে ললিতা শুধু কষ্ট সহ্য করে যাওয়া নারী নন; প্রয়োজন হলে তিনি নিজের পথও তৈরি করে নেন।
সম্ভবত এ কারণেই একই চরিত্রকে একেক সময়ের নির্মাতা একেকভাবে দেখতে পারেন। বিমল রায়ের ‘দেবদাস’ সংযত ও বিষণ্ন। সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ রং, সংগীত ও বিশাল আয়োজনের আবেগময় প্রদর্শনী। অনুরাগ কশ্যপের ‘দেব.ডি’ একই গল্পের ভিত ব্যবহার করে একুশ শতকের প্রেম, যৌনতা ও আত্মধ্বংসের গল্প।
ওটিটির ‘শ্রীকান্ত’ কিংবা ‘চরিত্রহীন’ আবার দেখিয়ে দিয়েছে, চরিত্রের পোশাক, পেশা, জীবনযাপন, এমনকি চারপাশের পৃথিবী বদলে দিয়েও শরৎচন্দ্রকে নতুন প্রজন্মের কাছে নিয়ে যাওয়া যায়।
সম্ভবত এখানেই শরৎচন্দ্রর পর্দায় টিকে থাকার রহস্য। সময় বদলায়, চরিত্রের মুখ বদলায়, বদলে যায় গল্প বলার মাধ্যম। কিন্তু মানুষের প্রেম, অভিমান, আকাঙ্ক্ষা, আত্মমর্যাদা আর সম্পর্কের সংঘাত থেকে যায়। সেই চেনা অনুভূতিগুলোই নতুন সময়ের নির্মাতাদের শরৎচন্দ্রর কাছে বারবার ফিরিয়ে আনে।
মানুষের প্রেম, বিরহ, সংসার, দারিদ্র্য, সামাজিক বৈষম্য, নারীর অবস্থান, ব্যক্তিস্বাধীনতার আকাঙ্ক্ষা—জটিল বিষয়গুলো তিনি বলেছেন সহজ গল্পে। আর সেই গল্পে আছে দৃশ্য, নাটকীয়তা, আবেগ ও মনে রাখার মতো চরিত্র।
দেড় শ বছরেও পর্দা ছাড়েননি
শরৎচন্দ্রর জন্ম ১৮৭৬ সালে, মৃত্যু ১৯৩৮ সালে। অথচ তাঁর চরিত্ররা এখনো পর্দার মানুষ। ১৯২৮ সালের নির্বাক ‘দেবদাস’ থেকে ২০২৩ সালের ‘দত্তা’—তাঁর পর্দাযাত্রাও প্রায় এক শতাব্দীর। এর মধ্যে বদলে গেছে ভারতীয় উপমহাদেশ, বদলেছে সমাজ, বদলেছে সিনেমা।
অভিনেতাদের মুখ বদলেছে। নির্বাক পর্দা কথা বলতে শিখেছে। সাদা–কালো সিনেমা রঙিন হয়েছে। সিনেমা হলের পাশে এসেছে টেলিভিশন, কম্পিউটার, স্মার্টফোন ও ওটিটি। তবু দেবদাস আবার প্রেমে পড়েছেন, আবার হারিয়েছেন পার্বতীকে। ললিতা আবার দাঁড়িয়েছেন শেখরের সামনে। রাজলক্ষ্মীর সঙ্গে আবার দেখা হয়েছে শ্রীকান্তর। নতুন মুখ নিয়ে বিজয়া আবার ফিরেছেন পর্দায়।
সবচেয়ে বিস্ময়কর হলো, নতুন প্রজন্ম শুধু পুরোনো শরৎচন্দ্রকে পুনর্নির্মাণ করছে না, নিজেদের সময়ের মতো করে তাঁকে নতুন করে আবিষ্কার করছে। প্রমথেশ বড়ুয়া থেকে বিমল রায়, উত্তম-সুচিত্রা থেকে শাহরুখ-ঐশ্বরিয়া-মাধুরী, বুলবুল-কবরী থেকে শাকিব-অপু-মৌসুমী, সেখান থেকে ওটিটির ‘শ্রীকান্ত’—প্রজন্মের পর প্রজন্ম বদলে গেছে । শরৎচন্দ্র থেকে গেছেন। জন্মের ১৫০ বছর পূর্ণ হলো তাঁর। কিন্তু পর্দায় তাঁর গল্পের বয়স যেন এখনো বাড়েনি। দেড় শ বছরেও তাই পর্দা ছাড়েননি শরৎচন্দ্র।