
রবার্ট প্যাটিনসন, জর্জ ক্লুনি, পেনেলোপে ক্রুজ, হাভিয়ের বারদেম—পরিচিত মুখের অভাব নেই। কিন্তু এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের বড় আকর্ষণ সম্ভবত কোনো তারকা নন। আলোচনার কেন্দ্রে এবার যুদ্ধ, রাজনীতি, ক্ষমতা আর অস্থির পৃথিবীর গল্প। আজ থেকে শুরু হতে যাওয়া পৃথিবীর সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ এই চলচ্চিত্র আসরে এবার হলিউডের বড় স্টুডিও ও স্ট্রিমিং প্রতিষ্ঠানের উপস্থিতি তুলনামূলক কম। সেই শূন্যস্থান পূরণ করছে স্বাধীন চলচ্চিত্র, আর্টহাউস সিনেমা ও ভারী রাজনৈতিক বিষয় নিয়ে তৈরি তথ্যচিত্র। উৎসবের শিল্প পরিচালক আলবের্তো বারবেরা একে ভেনিসের সবচেয়ে রাজনৈতিক আসর হিসেবে বর্ণনা করেছেন। ভেনিস উৎসবে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
শুরুতেই রুপার্ট মারডকের গল্প
উৎসবের উদ্বোধনী ছবি ‘ইঙ্ক’। ছবিটি পরিচালনা করেছেন ব্রিটিশ নির্মাতা ড্যানি বয়েল। ছবির বিষয় প্রভাবশালী ডানপন্থী মিডিয়া মোগল রুপার্ট মারডক। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ৯৫ বছর বয়সী মারডকের গণমাধ্যম সাম্রাজ্যের উত্থানের শুরুটা তুলে ধরেছেন বয়েল। বিশেষ করে ১৯৬৯ সালে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে তাঁর প্রবেশ এবং ট্যাবলয়েড দ্য সান কেনার ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প। মারডক ও তাঁর পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক আলোচনায় এসেছে। তাঁর পরিবারকে ঘিরে নির্মিত কাল্পনিক সিরিজ সাকসেশনও পেয়েছিল বিপুল জনপ্রিয়তা।
চার ঘণ্টার ‘মাস্ক’
এবারের সবচেয়ে আলোচিত তথ্যচিত্রগুলোর একটি ‘মাস্ক’। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে নিয়ে প্রায় চার ঘণ্টার এই তথ্যচিত্র তৈরি করেছেন অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনি। সামরিক নির্যাতন ও দুর্নীতির মতো বিষয় নিয়ে কাজ করা গিবনি এবার ক্যামেরা ঘুরিয়েছেন প্রযুক্তি জগতের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বের দিকে। ছবিটি নিয়ে অবশ্য মুক্তির আগেই বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন মাস্ক। গত মাসে এক্সে তিনি লিখেছিলেন, নিশ্চিতভাবেই এটি ‘সুনাম নষ্ট করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে’।
গাজা নিয়ে সিনেমা
মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ‘নাজা। অস্কারজয়ী ইসরায়েলি-ফিলিস্তিনি প্রযোজনা ‘নো আদার ল্যান্ড’–এর দুই নির্মাতা ইউভাল আব্রাহাম ও র্যাচেল জোরের নতুন এই তথ্যচিত্রে উঠে এসেছে গাজায় ইসরায়েলের যুদ্ধ ও প্রযুক্তিনির্ভর সামরিক কর্মকাণ্ড। আরেক ছবি সিটিজেন ওসামায় তুলে ধরা হয়েছে গাজার এক ফটোসাংবাদিকের গল্প। অন্যদিকে ইসরায়েলি নির্মাতা আমোস গিতাইয়ের ‘রোড টু জেরিকো’তে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি চরমপন্থী বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।
ইউক্রেন, রাশিয়া ও দমন-পীড়নের গল্প
মার্কিন-রুশ নির্মাতা জুলিয়া লোকতেভের মাই আনডিজায়ারেবল ‘ফ্রেন্ডস: পার্ট ২—এক্সাইল’–এ রাশিয়ায় স্বাধীন সাংবাদিকতার ওপর দমন-পীড়নের গল্প উঠে এসেছে। বেলারুশের রাজনৈতিক নিপীড়ন নিয়ে নির্মিত লেটার্স ফ্রম দ্য সাইলেন্সড কান্ট্রিরও বিশ্ব প্রিমিয়ার হবে ভেনিসে। তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে দাও ছবিকে ঘিরে। রুশ বংশোদ্ভূত নির্মাতা ইলিয়া খ্রঝানোভস্কির ছবিটি মূল প্রতিযোগিতায় জায়গা পাওয়ায় আপত্তি জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রণালয়। ছবিটির রুশ সংযোগ নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। তবে উৎসব পরিচালক আলবের্তো বারবেরা সমালোচনার মুখেও সিদ্ধান্ত থেকে সরে আসেননি। তাঁর বক্তব্য, ছবিটি না দেখেই অনেকে অভিযোগ তুলছেন।
হলিউডের অনুপস্থিতি, ইন্ডির সুযোগ
২০২৫ সালে হলিউডের বড় স্টুডিও এবং নেটফ্লিক্স ও অ্যামাজনের মতো স্ট্রিমিং প্রতিষ্ঠানগুলো বিপুল আয়োজন নিয়ে ভেনিসে এসেছিল। তবে এবার তারা অনেকটাই অনুপস্থিত। ২০২৬ সালে ইউরোপের অন্য দুই বড় চলচ্চিত্র উৎসব—বার্লিন ও কানেও বড় স্টুডিও ও স্ট্রিমারদের একই ধরনের দূরত্ব বজায় রাখতে দেখা গেছে। ফলে ভেনিসে এবার স্বাধীন ও শৈল্পিক ঘরানার সিনেমাগুলোই বাড়তি মনোযোগ পাচ্ছে। এর মধ্যে রয়েছে আইরিশ নির্মাতা মার্টিন ম্যাকডোনার ‘ওয়াইল্ড হর্স নাইন’। ডার্ক কমেডি ঘরানার ছবিটিতে অভিনয় করেছেন জন মালকোভিচ ও স্যাম রকওয়েল। ক্যাসি অ্যাফ্লেকের কোম্পানি ও জার্মান নির্মাতা ভের্নার হার্ৎসগের ‘বাকিং ফাস্টার্ড’ও রয়েছে আলোচনায়। ছবিটিতে অভিনয় করেছেন বাস্তব জীবনের দুই বোন কেট মারা ও রুনি মারা। মূল প্রতিযোগিতায় এশিয়ার দুই গুরুত্বপূর্ণ নির্মাতাও রয়েছেন। জাপানের হিরোকাজু কোরেদা নিয়ে এসেছেন লুক ব্যাক আর দক্ষিণ কোরিয়ার লি চ্যাং-দংয়ের ছবি ‘পসিবল লাভ’।
রবার্ট প্যাটিনসন থেকে জর্জ ক্লুনি
হলিউডের ছবির উপস্থিতি কম হলেও তারকার অভাব নেই। এবার ভেনিসের সবচেয়ে বড় তারকা আকর্ষণগুলোর একজন রবার্ট প্যাটিনসন। ল্যান্স ওপেনহাইমের প্রাইমটাইম ছবিতে সময়ের আলোচিত এই তারকাকে দেখা যাবে। বাস্তব জীবনের মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘টু ক্যাচ আ প্রিডেটর’ থেকে অনুপ্রাণিত ছবিটিতে উপস্থাপক ক্রিস হ্যানসেনের চরিত্রে অভিনয় করেছেন প্যাটিনসন। অন্যদিকে আজীবন সম্মাননা নিতে আসছেন জর্জ ক্লুনি। তাঁর সঙ্গে কিংবদন্তি অভিনেত্রী এলেন বার্স্টিনও পাবেন সম্মানসূচক স্বর্ণ সিংহ। স্পেনের জনপ্রিয় তারকা দম্পতি পেনেলোপে ক্রুজ ও হাভিয়ের বারদেমের উপস্থিতিও এবারের উৎসবের বড় আকর্ষণ। ফরাসি নির্মাতা ফ্লোরিয়ান জেলারের নতুন ছবি বাংকার–এ বাস্তব জীবনের এই দম্পতিকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়।
নারী নির্মাতার সংখ্যা নিয়ে বিতর্ক
উৎসব শুরু হওয়ার আগেই নারী নির্মাতাদের প্রতিনিধিত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জুলাইয়ে মূল প্রতিযোগিতার ২০টি ছবি ঘোষণা করা হলে দেখা যায়, মাত্র একজন নারী নির্মাতার ছবি তালিকায় জায়গা পেয়েছে—মে এল-তুখির ওম্যান আননোন। এ নিয়ে চলচ্চিত্রশিল্পের বিভিন্ন সংগঠন ও অধিকারকর্মীরা প্রতিবাদ জানান। আলবের্তো বারবেরার যুক্তি ছিল, নারী নির্মাতাদের কাছ থেকে পাওয়া ছবির মান মূল প্রতিযোগিতায় জায়গা পাওয়ার মতো ছিল না। এই মন্তব্য নতুন বিতর্ক তৈরি করে। পরে নাজা যুক্ত হওয়ায় নারী নির্মাতার প্রতিনিধিত্ব সামান্য বেড়েছে। কারণ, ছবিটির সহপরিচালক একজন নারী।
পুনর্মিলনীর গল্প
সংগীতপ্রেমীদের জন্যও থাকছে বিশেষ আকর্ষণ। দীর্ঘদিনের দ্বন্দ্ব ভুলে আবার এক হওয়া ওয়েসিসের দুই ভাই নোয়েল ও লিয়াম গ্যালাঘার তাঁদের বহুল আলোচিত ‘কামব্যাক ট্যুর’ নিয়ে তৈরি তথ্যচিত্রের প্রিমিয়ারে আসতে পারেন। ডোন্ট লুক ব্যাক ইন অ্যাঙ্গার নামের তথ্যচিত্রটি পুনর্মিলনী সফরের নানা অজানা গল্প তুলে আনবে।
প্রথমবার বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক কোনো বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা। উৎসবের অরিজোন্তি বিভাগে মনোনয়ন পেয়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বিয়ে, মেকআপ ও একটি বিউটি পারলারের গল্প নিয়ে তৈরি মনস্তাত্ত্বিক হরর সিনেমাটিতে অভিনয় করেছেন জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার। এ উপলক্ষে সিনেমাটির নির্মাতা ও কলাকুশলীদের ৫ সেপ্টেম্বর ভেনিসে যাওয়ার কথা।
এএফপি অবলম্বনে