কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে এবার জায়গা করে নিয়েছে জাপানের তিনটি সিনেমা
কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে এবার জায়গা করে নিয়েছে জাপানের তিনটি সিনেমা

কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় তিন জাপানি সিনেমা

কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে এবার জায়গা করে নিয়েছে জাপানের তিনটি সিনেমা। নতুন তিন ছবি নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে জাপানি নির্মাতা হিরোকাজু কোরে-এদার ‘শিপ ইন দ্য বক্স’ মানবসদৃশ রোবট ও মানুষের সম্পর্কের ভিন্ন এক দিক তুলে ধরায় এবারের কান উৎসবের অন্যতম আলোচিত সিনেমা হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে।

কান চলচ্চিত্র উৎসব বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আলোচিত চলচ্চিত্র আয়োজনগুলোর একটি। এই উৎসবে পুরস্কার পাওয়া মানেই আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বিশেষ স্বীকৃতি অর্জন। প্রতিবছরই তাই কানে নির্বাচিত ও পুরস্কৃত সিনেমাগুলোর দিকে শুধু সংবাদমাধ্যম নয়, চলচ্চিত্রপ্রেমী ও সমালোচকদেরও থাকে বাড়তি আগ্রহ। অনেক সময় এখান থেকেই বিশ্ব সিনেমায় নতুন ভাবনা, নির্মাণভঙ্গি কিংবা গল্প বলার ভিন্নধারার সূচনাও ঘটে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলেই মনে করছেন অনেকে।

বিশেষ করে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া ২২টি ছবির মধ্যে কোরে-এদার ‘শিপ ইন দ্য বক্স’ কাহিনি ও উপস্থাপনার দিক থেকে ভিন্নমাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‘শিপ ইন দ্য বক্স’ মানবসদৃশ রোবট ও মানুষের সম্পর্কের ভিন্ন এক দিক তুলে ধরায় এবারের কান উৎসবের অন্যতম আলোচিত সিনেমা হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে

মানবসদৃশ রোবটের অগ্রগতি নিয়ে আলোচনা এখন বিশ্বের অনেক দেশেই চলছে। বিশেষ করে ‘হিউমেনয়েড রোবট’ নামে পরিচিত যান্ত্রিক মানব নিয়ে গবেষণায় যেসব দেশ এগিয়ে, তাদের তালিকায় এখন শীর্ষের দিকে রয়েছে চীন। গত মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত এক ব্যতিক্রমী হাফ ম্যারাথন প্রতিযোগিতা সেই বাস্তবতাই সামনে নিয়ে এসেছে। সেখানে মানুষের পাশাপাশি আলাদা ট্র্যাকে অংশ নেয় কয়েকটি হিউমেনয়েড রোবটও। ‘লাইটনিং’ নামের একটি রোবট ২১ কিলোমিটার পথ অতিক্রম করে ৫০ মিনিট ২৬ সেকেন্ডে। একই দূরত্বে মানুষের বিশ্ব রেকর্ডের চেয়েও যা প্রায় সাত মিনিট কম। বেইজিংয়ের এই আয়োজন দেখিয়ে দিয়েছে, মানব আকৃতির রোবটপ্রযুক্তি কত দ্রুত এগিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী দিনে এসব রোবট আরও বিস্ময় নিয়ে হাজির হবে।

‘শিপ ইন দ্য বক্স’ এবারের কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়া কোরে-এদার অষ্টম সিনেমা

তবে বিজ্ঞান ও প্রযুক্তির আলোচনার বাইরে শিল্প, সাহিত্য কিংবা সংস্কৃতিতে মানবসদৃশ রোবটের উপস্থিতি এখনো খুব বেশি দেখা যায়নি। সেই জায়গাটিতেই যেন সিনেমার পর্দায় তুলে আনতে চেয়েছেন কোরে-এদা। তাঁর নতুন ছবি ‘শিপ ইন দ্য বক্স’ এবারের কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়া তাঁর অষ্টম সিনেমা। ছবিটির চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই।

সিনেমাটির গল্পে দেখা যাবে, স্বামী-স্ত্রীর ছোট একটি পরিবারকে। তাদের অকালপ্রয়াত সন্তানের আদলে তৈরি করা হয় একটি হিউমেনয়েড রোবট। যন্ত্রের সঙ্গে মানুষের আবেগ, সম্পর্ক ও শূন্যতার জটিল দিকগুলোই এই ছবিতে তুলে ধরতে চেয়েছেন নির্মাতা। বিষয়বস্তু ও নির্মাণভঙ্গির কারণে ছবিটিকে ইতিমধ্যেই ভিন্নধর্মী এক সিনেমা হিসেবে দেখা হচ্ছে। কোরে-এদা এর আগে ২০১৮ সালে ‘শপলিফটার্স’ ছবির জন্য কান উৎসবের সর্বোচ্চ সম্মান পাম দ’র জিতেছিলেন।

চলতি মাসের ১২ তারিখ থেকে শুরু হতে যাওয়া এবারের কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মোট ২২টি ছবি জায়গা পেয়েছে। এর মধ্যে ‘শিপ ইন দ্য বক্স’ ছাড়াও রয়েছে জাপানের আরও দুটি সিনেমা। ফলে এবারের উৎসবজুড়ে জাপানি সিনেমার উপস্থিতি বেশ জোরালোভাবেই অনুভূত হতে যাচ্ছে।

কোরে-এদা যে বছর পাম দ’র জিতেছিলেন, সেই বছর মূল প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হয়েছিল আরেক জাপানি নির্মাতা রিউসুকে হামাগুচির একটি সিনেমা। পরে তাঁর ‘ড্রাইভ মাই কার’ ২০২১ সালে কানের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়। এবারে হামাগুচিও ফিরছেন মূল প্রতিযোগিতায়। তাঁর নতুন ছবি ‘অল অব আ সাডেন’–এর গল্পে দেখা যাবে প্যারিসের একটি নার্সিং হোমে ক্যানসারে আক্রান্ত এক জাপানি নারী ও সেই প্রতিষ্ঠানের পরিচালক নারীর মধ্যে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প।

এবারের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া তৃতীয় জাপানি সিনেমাটি হলো কোজি ফুকাদার ‘নাগি নোটস’। দেশের শীর্ষ তিন পরিচালকের তিনটি সিনেমা একসঙ্গে মূল প্রতিযোগিতায় জায়গা পাওয়ায় জাপানের সংবাদমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। অনেকেই এখন থেকেই অপেক্ষা করছেন উৎসবের চূড়ান্ত ফলাফলের জন্য।

মূল প্রতিযোগিতা বিভাগের বাইরে জাপানের আরও একটি সিনেমা জায়গা পেয়েছে দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। সেটি হলো ইউকিকো সোদের ‘অল দ্য লাভার্স ইন দ্য নাইট’। এ ছাড়া বিশিষ্ট জাপানি নির্মাতা কিয়োশি কুরোসাওয়ার নতুন ছবি ‘কোকুরোজো’ প্রদর্শিত হবে কানের ‘প্রিমিয়ার’ বিভাগে। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান নির্মাতাদের সাম্প্রতিক কাজকে সম্মান জানাতেই এই বিভাগে সিনেমা প্রদর্শন করা হয়। জাপানের অতীত ইতিহাসভিত্তিক এই ছবির ইংরেজি নাম রাখা হয়েছে ‘সামুরাই অ্যান্ড দ্য প্রিজনার’।