গতকাল শুক্রবার কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক স্বর্ণপাম পেয়েছেন হলিউড অভিনেতা জন ট্রাভোলটা। এএফপি
গতকাল শুক্রবার কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক স্বর্ণপাম পেয়েছেন হলিউড অভিনেতা জন ট্রাভোলটা। এএফপি

কানে হঠাৎ পাওয়া সম্মানে চমকে গেলেন অভিনেতা, বললেন ‘এটা অস্কারের চেয়েও বেশি’

গতকাল শুক্রবার কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক স্বর্ণপাম পেয়েছেন হলিউড অভিনেতা জন ট্রাভোলটা। সম্মাননা গ্রহণ করে কানের মঞ্চে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি। চোখ ভেজা, কণ্ঠ কাঁপা। আর সেই অবস্থাতেই বলছিলেন, ‘এটা অস্কারের চেয়েও বড়।’
কানে জন ট্রাভোলটা পুরস্কারটি পেয়েছেন পূর্বঘোষণা ছাড়াই। এটি মূলত কানের ‘আজীবন সম্মাননা’ পুরস্কার। কিন্তু এই সম্মান যে এতটা অপ্রত্যাশিতভাবে আসবে, তা নাকি কল্পনাও করেননি ট্রাভোলটা।

কানে জন ট্রাভোলটা হাজির হয়েছেন নিজের পরিচালিত প্রথম সিনেমা ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ নিয়ে। ২৯ মে অ্যাপল টিভি প্লাসে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির সহপ্রযোজকও তিনি। ছবিটি কান উৎসবে ক্যামেরা দ’অর বিভাগেও মনোনয়ন পেয়েছে। ১৯৯৭ সালে জন ট্রাভোলটার লেখা একই নামের উপন্যাস অবলম্বনে এটি তৈরি হয়েছে। এতে অভিনয় করেছেন ক্লার্ক শটওয়েল, কেলি এভিস্টন-কুইনেট, এলা ব্লেউ, ওলগা হফম্যান। এক মা ও সন্তানের সাধারণ এক ভ্রমণ কীভাবে অদ্ভুত এক অ্যাডভেঞ্চারে রূপ নেয়, তা নিয়েই সিনেমাটির গল্প।

গতকাল সন্ধ্যায় সিনেমারটির ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে গিয়েছিলেন জন ট্রাভোলটা। সেই সন্ধ্যায় তিনি ভেবেছিলেন, এটি শুধু তাঁর সিনেমার প্রদর্শনী। কিন্তু আয়োজকেরা লুকিয়ে রেখেছিলেন বড় এক চমক। মঞ্চে উঠে কানের পরিচালক থিয়েরি ফ্রেমো যখন তাঁর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন, তখন যেন বাক্‌রুদ্ধ হয়ে পড়েন ট্রাভোলটা। হতবাক অভিনেতা ফরাসি ভাষায় বলে ওঠেন, ‘পুরোপুরি বিস্ময়!’

গতকাল শুক্রবার কান চলচ্চিত্র উৎসবে হলিউড অভিনেতা জন ট্রাভোলটার হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো। এএফপি

চারপাশে তখন দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছেন দর্শক। কয়েক মিনিট ধরে চলছিল করতালি। আর সেই আবেগঘন মুহূর্তে ট্রাভোলটা বললেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। এটা আমার কল্পনারও বাইরে ছিল। এটা অস্কারের চেয়েও বড়।’
ট্রাভোলটা পরে মঞ্চেই কানের পরিচালক থিয়েরি ফ্রেমোকে উদ্দেশ করে বলেন, ‘তুমি বলেছিলে এটা একটা বিশেষ রাত হবে। কিন্তু আমি জানতাম না, এতটা বিশেষ হবে।’ ফ্রেমোর উত্তর ছিল ছোট্ট, কিন্তু মজার, ‘আমরা জানতাম!’ দর্শকের হাসির মধ্যেও ট্রাভোলটার চোখে তখন জল। তিনি বলেন, ‘এটা সত্যিই বিনয়ী করে দেওয়ার মতো একটা মুহূর্ত। হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।’

এই সিনেমাকে ট্রাভোলটা তাঁর জীবনের ‘সবচেয়ে ব্যক্তিগত’ কাজ বলে বর্ণনা করেছেন। ছবিতে অভিনয় করেছেন তাঁর মেয়ে এলা ব্লু ট্রাভোলটা। ফলে এটি শুধু একটি চলচ্চিত্র নয়, বরং ট্রাভোলটার পারিবারিক স্মৃতি, শৈশব আর আবেগেরও প্রতিফলন হয়ে উঠেছে।

ছবির প্রদর্শনীর পর আবার মঞ্চে ওঠেন ট্রাভোলটা। সেখানে নিজের পরিবারকে দেখিয়ে আবেগভরা কণ্ঠে বলেন, ‘এই সিনেমা কেন তৈরি হয়েছে, এমনকি আমি কেন শিল্পী হিসেবে অস্তিত্বশীল—তার কারণ ওই মানুষগুলো।’

তিনি জানান, তাঁর বড় বোন এলেন মূলত সিনেমার প্রধান চরিত্রের অনুপ্রেরণা। তবে চরিত্রটির মধ্যে তাঁর মা ও বোন—দুজনেরই ছায়া রয়েছে। ট্রাভোলটা আরও বলেন, ‘ওরা আমার স্বপ্ন, আশা আর কল্পনাকে জন্ম দিয়েছিল। ওরা দেখেছে, কীভাবে আমি সেগুলো বাস্তবে রূপ দিয়েছি।’ এই বক্তব্যের সময় হলজুড়ে একধরনের নীরব আবেগ ছড়িয়ে পড়ে।

প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’–এর প্রদর্শনীতে সিনেমার পরিচালক ও অভিনয়শিল্পীরা। এএফপি

জন ট্রাভোলটার উড়োজাহাজপ্রেম বহু পুরোনো। বাস্তব জীবনেও তিনি প্রশিক্ষিত পাইলট। তাঁর নিজের সংগ্রহে একাধিক উড়োজাহাজ রয়েছে। কানের মঞ্চে তিনি জানান, ছোটবেলা থেকেই আকাশ আর উড়োজাহাজ তাঁকে মুগ্ধ করত। সেই ব্যক্তিগত অনুভূতিই শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছে সিনেমায়। তিনি আরও বলেন, কানের পক্ষ থেকে পাঁচ মাস আগেই সিনেমাটি নির্বাচনের খবর জানানো হয়েছিল। তখনো ছবিটি অ্যাপল কিনে নিয়েছিল। তবু খবরটি শুনে তিনি ‘শিশুর মতো কেঁদেছিলেন।’
জন ট্রাভোলটার সঙ্গে কানের সম্পর্ক নতুন নয়। ১৯৯৪ সালে ‘পাল্প ফিকশন’-এর মাধ্যমে তিনি কানের মঞ্চ কাঁপিয়েছিলেন। কোয়েন্টিন ট্যারান্টিনো পরিচালিত সেই সিনেমা জিতে নেয় স্বর্ণপাম।

ভ্যারাইটি অবলম্বনে